Home খেলাধুলা ‘আফগানিস্তান থেকে বাংলাদেশ ম্যাচ অনেক বেশি সহজ হবে’

‘আফগানিস্তান থেকে বাংলাদেশ ম্যাচ অনেক বেশি সহজ হবে’

6

স্পোর্টস ডেস্ক।।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে শ্রীলংকা। ৮ উইকেটের জয়ে পরের রাউন্ডের জন্য এগিয়ে থাকল আফগানরা। তবে লংকানদেরও সুযোগ থাকছে। বাংলাদেশের বিপক্ষে জয় পেলে তারাও সুবিধে করতে পারবে। কিন্তু আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক বেশি সহজ হবে বলে মনে করেন শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা।

শনিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে প্রথমে ব্যাট করা লংকানরা মাত্র ১০৫ রানে অলআউট হয়। জবাবে ২ উইকেট হারিয়ে ও ৫৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় আফগানরা।

আগামী মঙ্গলবার শারজাহর ম্যাচে আফগানদের কাছে বাংলাদেশ হেরে গেলে রান রেট নিয়ে আর ভাবতে হবে না শানাকাদের। তখন স্রেফ পরের ম্যাচ জিতলেই কাজ হয়ে যাবে। তবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতে গেলে লংকানদের কাজটা হতে পারে কঠিন। আগামী বৃহস্পতিবার দুবাইয়ে তারা বাংলাদেশের মুখোমুখি হবে।

ম্যাচ শেষে শানাকা সংবাদ সম্মেলনে বলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। অন্য দিকে বাংলাদেশের বোলিং আক্রমণে, আমরা জানি যে, (মোস্তাফিজুর রহমান) ফিজ খুব ভালো একজন বোলার। সাকিব (আল হাসান) বিশ্বমানের। এর বাইরে তাদের দলে বিশ্বমানের কোনো বোলার নেই। আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ ম্যাচ অনেক বেশি সহজ হবে।’