ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা।।
পিরোজপুরের ইন্দুরকানীতে রেখাখালী সুতারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন সেল্টারটির ছাদ রাতে ঢালাই দেওয়ায় অনিয়মের অভিযোগ। স্থানীয় সরকার প্রকৌশলীর অধিদপ্তরের বহুমুখী দুর্যোগ আশ্রায়ন প্রকল্পের উপ-প্রকল্প বাস্তবায়নকালীন সামাজিক ও পরিবেশগত গ্রহনীয় পদক্ষেপ সমূহের আওতায় এ সাইক্লোন সেল্টারটি নির্মান করা হচ্ছে। ২ বছর আগে এই সাইক্লোন সেল্টারটির কাজের উদ্বোধন করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু। ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন মেসার্স এম. আর- কে. ই-কে. এস. এ (জে.ভি) যাহার নির্মান ব্যায় প্রক্কলিত মূল্য-৪৯৩০০৮৯৫.৮৬ টাকা।
সরে জমিনে গেলে দেখা যায় শনিবার রাত ৭টা ৩০মিনিটে ছাদ ঢালাইয়ের কাজ চলছে। জানতে চাইলে ঢালাইয়ের কাজে নিয়োজিত লেবার জাকির জানায়, দিনে কাজ শেষ করতে না পারায় রাতে ফিনিশিং এর কাজ করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা শুখরঞ্জন, শংকর, হরিতোশ জানায়, দুপুরের পরে প্রচন্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ঢালাইয়ের কাজ না করার জন্য অনুরোধ করছিলাম। কিন্তু আমাদেরকে তোয়াক্কা না করে ঢালাইয়ের কাজ চালিয়ে যায় তারা। বৃষ্টির পানিতে সিমেন্ট ধুইয়ে যাচ্ছে। পাথরের পরিমান কম দিয়ে বালু বেশী দেওয়া হয়েছে। সন্ধ্যায় ঢালাইয়ের কাজের মান দেখতে চাইলে আমাদেরকে ছাদ থেকে নামিয়ে দেয়।
বিধান জানায়, ঢালাইয়ের সময় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক কাউকেই দেখি নাই। এলজিইডি অফিস থেকে সকালে লোকজন জন এসেছিল পরে তাদেরকেও দেখি নাই। সঠিক তদরকি না থাকার কারণে এমন হচ্ছে।
প্রতিষ্ঠানের সভাপতি গৌতম জানায়, ঢালাই কাজের শুরুতে আমি কিছু সময় ছিলাম। পরে আমি জরুরী কাজে চলে যাই।
উপজেলা প্রকৌশলী লায়লা মিথুনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি ট্রেনিংএ আছি। ঢালাইয়ের সময় আমাদের লোক ছিল। যদি অনিয়ম হয়ে থাকে তা হলে আমরা ব্যবস্থা নিব।
উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম জানান, সাংবাদিক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি বিষয়টি জানতে পারি। তাৎক্ষনিক উপজেলা প্রকৌশলীর কাছে জানাতে চাইলে তিনি সরে জমিন তদন্ত করে জানানোর কথা বলছেন। পরবর্তীতে আমিও পরিদর্শন করব।











































