স্টাফ রিপোর্টার।।
তিন মাস পর আগামী ১ সেপ্টেম্বর তুলে নেওয়া হচ্ছে সুন্দরবনে জেলেদের মাছ আহরণ ও পর্যটকদের ভ্রমণের ওপর দেওয়া নিষেধাজ্ঞা। ফলে আবারও জেলেরা সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে পারবেন। নৌকা ও লঞ্চে করে পর্যটন স্পটগুলোতে যেতে পারবেন দর্শনার্থীরা।
শনিবার খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জুন থেকে আগস্ট- তিন মাস সুন্দরবনের নদী-খালের মাছ এবং প্রাণীদের প্রজনন মৌসুম ধরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় ১ সেপ্টেম্বর থেকে আবারও জেলে ও পর্যটকরা সুন্দরবনে যেতে পারবেন।
এদিকে, সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, ট্যুর অপারেটর, নৌকা-লঞ্চ মালিক ও চালকরা প্রস্তুতি শুরু করেছেন। ট্যুর অপারেটররা জানান, ইতোমধ্যে পর্যটকরা বুকিং দেওয়া শুরু করেছেন। পদ্মা সেতু চালু হওয়ায় এবার সুন্দরবনে পর্যটকের ঢল নামবে।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর বলেন, নিষেধাজ্ঞায় সবচেয়ে উপকার হয়েছে বনজ সম্পদ ও বন্যপ্রাণীর। বনের নদী-খালে বিভিন্ন প্রজাতির মাছ এবং বন্যপ্রাণীর বংশবিস্তার হয়েছে।











































