Home জাতীয় ইডেনে ছাত্রলীগ নেত্রীর মগের মুল্লুক !

ইডেনে ছাত্রলীগ নেত্রীর মগের মুল্লুক !

14

ঢাকা অফিস।।

গত ১৩ মে রাজধানীর ইডেন সরকারী মহিলা কলেজ শাখা ছাত্রলীগ সভাপতির দায়িত্ব পান তামান্না জেসমিন রিভা। এর পর থেকেই দফায় দফায় কলেজছাত্রী ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর নির্যাতনসহ নানা অপকর্মের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে।

হল পরিচালনায় যে দায়িত্ব কর্তৃপক্ষের পালন করার কথা, তাদের চেয়েও বেশি ক্ষমতাধর হয়ে উঠেছেন তিনি। তবে বেপরোয়া আচরণ ও এত অভিযোগের পরেও নিশ্চুপ কেন্দ্রীয় ছাত্রলীগ। এদিকে রিভার ‘দমন-নিপীড়ন’ কাজে বাধা দেয়া ছাত্রীদেরই কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

>>>>>>  শুরু হচ্ছে এশিয়া কাপ, কঠিন চ্যালেঞ্জে সাকিবরা

গত ১৯ আগস্ট ছাত্রলীগের কর্মসূচীতে না যাওয়ায় কলেজের রাজিয়া বেগম ছাত্রীনিবাসের ২০২ নম্বর কক্ষে চার ছাত্রীকে বাজে ভাষায় গালি ও হল থেকে বের করে দেয়ার হুমকি দেন রিভা। পরদিনেই হল ছেড়ে চলে যান দুই ছাত্রী। এদিকে গালাগালের অডিও রেকর্ড গণমাধ্যম ও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় অনেক সমালোচনা হলে তিনি ফেসবুকে সকলের কাছে ক্ষমা চান। কিন্তু তার কথা কে রেকর্ড করেছে তা জানতে বাকি দুই ছাত্রীকে টানা ছয় ঘণ্টা আটকে রেখে মানসিকভাবে নির্যাতন করেন রিভা।

নির্যাতিত ছাত্রীরা গণমাধ্যমে জানান, গত মঙ্গলবার বেলা ১১টায় কলেজ ছাত্রলীগ সভাপতি রিভা তার কক্ষে ডাকেন। অডিও রেকর্ড কে করেছে তা জানতে তাদের দফায় দফায় গালিগালাজ করেন। এমনকি তথ্য না দিলে তাদের নগ্ন করার পর ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন বলেও ওই ছাত্রীরা অভিযোগ করেছেন। বাধ্য হয়ে মিথ্যা স্বীকারোক্তি দিতেও বাধ্য হন তারা। আটকে রাখার খবর জানতে পেরে কলেজ অধ্যক্ষ ও হল প্রাধ্যক্ষ ওই ছাত্রীদের হল অফিসে নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাদের বাড়িয়ে পাঠিয়ে দেন অধ্যক্ষ।

এত অভিযোগের পরেও কলেজ শাখা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি কর্তৃপক্ষ। উল্টো হল অফিসে নির্যাতিত ছাত্রীদের জিজ্ঞাসাবাদের ভিডিও ধারণ করে গণমাধ্যমে দেয়ার অভিযোগে কয়েকজন ছাত্রীকে কারণ দর্শানোর নোটিস দেন হল প্রাধ্যক্ষ। নোটিসে বলা হয়, ‘গত মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় হোস্টেলের তত্ত্বাবধায়কের কক্ষে তোমার আকস্মিক প্রবেশ এবং অফিসিয়াল কথাবার্তা রেকর্ড করে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করেছ, যেটা ডিজিটাল নিরাপত্তা আইনের লঙ্ঘন।’ তাদের বিরুদ্ধে কেন আইনী ব্যবস্থা নেয়া হবে না তা বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়।

কলেজ অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, ‘হল কর্তৃপক্ষ ছাত্রীদের আচরণ নিয়ে কথা বলতে পারে। কিন্তু তা ভিডিও করে যদি কেউ মিডিয়াতে দেয় তাহলে অবশ্যই তাকে কারণ দর্শানোর নোটিস দিতে পারে।’ এছাড়া ছাত্রলীগ সভাপতি কর্তৃক ছাত্রীদের মানসিক নির্যাতন ও হুমকি দেয়ার ঘটনাকে অপপ্রচার বলে দাবি করে তিনি বলেন, ‘নির্যাতনের ঘটনা সত্য নয়। দুটি ভিডিও একসঙ্গে জোড়া দিয়ে প্রচার করা হচ্ছে। এটা আমাদের জন্য বিব্রতকর।’

শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে তামান্না জেসমিন রিভা বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি-জামায়াত চক্র তাদের ছাত্রী সংগঠনের অনুসারীদের দিয়ে এই চক্রান্ত করছে। ইডেন কলেজের দখল নিতে আমার ও ছাত্রলীগের বিরুদ্ধে ডিজিটাল নাটক তৈরি করছে। ছাত্রীদের আটকে রেখে জবানবন্দী নেয়ার বিষয়ে তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। সব ডিজিটাল কারসাজি।’

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার বিরুদ্ধে এত অভিযোগের পরেও এ পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় ছাত্রলীগ। এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘ছাত্রলীগ শিক্ষার্থীদের জন্য কাজ করে। এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ছাত্রলীগ প্রশ্রয় দেয় না। ইডেন কলেজের দায়িত্বপ্রাপ্ত নেতাদের বলছি এ ঘটনার খোঁজ নিয়ে তদন্ত করতে। তদন্তে দোষী সাব্যস্ত হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’