Home জাতীয় করোনা টিকার প্রযুক্তি নকল: ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

করোনা টিকার প্রযুক্তি নকল: ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

4

খুলনাঞ্চল ডেস্ক।।

করোনাভাইরাসের টিকা নিয়ে ফাইজার-বায়োএনটেক কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে মার্কিন কোম্পানি মডার্না। কোভিড টিকা উদ্ভাবনে ফাইজার প্যাটেন্ট লঙ্ঘন করেছে বলে মডার্নার অভিযোগ। কোম্পানিটির দাবি, মহামারির কয়েক বছর আগে মডার্না যে প্রযুক্তি উদ্ভাবন করেছিল সেই প্রযুক্তি ‘কপি’ করেছে ফাইজার-বায়োএনটেক।

শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে মডার্না জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি ডিস্ট্রিক্ট কোর্ট এবং জার্মানির ডাসেলডর্ফের একটি আঞ্চলিক আদালতে মামলা দায়ের করা হয়েছে। এতে আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

বিবৃতিতে মডার্নার প্রধান নির্বাহী স্টেফানে ব্যানসেল বলেন, আমরা এই মামলা দায়ের করছি যে উদ্ভাবনী এমআরএনএ প্রযুক্তিতে আমরা পথিকৃত, যা তৈরিতে বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এবং কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার দশক আগে প্যাটেন্ট করা হয়েছে–সেই প্রযুক্তি রক্ষার জন্য।

উল্লেখ্য, করোনাভাইরাসের টিকা উদ্ভাবনকারী প্রথম কয়েকটি কোম্পানির মধ্যে ছিল মডার্না ও ফাইজার-বায়োএনটেক। মডার্নার দাবি, অনুমতি ছাড়াই ফাইজার-বায়োএনটেক তাদের এমআরএনএ প্রযুক্তি কপি করেছে। যা ২০২০ থেকে ২০১৬ সালের মধ্যে প্যাটেন্ট করেছে মডার্না।

মহামারির শুরুতে মডার্না জানিয়েছিল, অন্যরা যাতে নিজেদের কোভিড টিকা উদ্ভাবন করতে পারে সেজন্য তারা নিজেদের কোভিড-১৯ টিকার প্যাটেন্ট প্রয়োগ করবে না। বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর ওপর। কিন্তু ২০২২ সালের মার্চ মাসে মডার্না জানায়, তাদের প্রত্যাশা ফাইজার ও বায়োএনটেকের মতো কোম্পানিগুলো মেধাস্বত্ব অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হবে। কোম্পানিটি আরও বলেছিল, ২০২২ সালের ৮ মার্চের আগে তারা কোনও ক্ষতিপূরণ চাইবে না।

ফাইজার-বায়োএনটেকের বিরুদ্ধে ইতোমধ্যে বেশ কয়েকটি কোম্পানি একাধিক মামলা করেছে। যাদের দাবি, অংশীদারিত্বে উদ্ভাবিত টিকাটি তাদের প্যাটেন্ট লঙ্ঘন করেছে। ফাইজার-বায়োএনটেক জানিয়েছে, তারা তাদের প্যাটেন্ট দৃঢ়ভাবে রক্ষা করবে।

ফাইজার জানিয়েছে, তারা এখনও মামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না, তাই এই মুহূর্তে কোনও মন্তব্য করতে পারছে না। সূত্র: রয়টার্স