কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মাদ্রাসার তিন শিক্ষকসহ পাঁচজনকে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ১১টা থেকে ১টার মধ্যে উপজেলার যদুবয়রা, পান্টি, বাগুলাট ও জগন্নাথপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাঁদের তুলে নেওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এ বিষয়ে বৃহস্পতিবার সকালে দুটি পরিবারের সদস্যরা কুমারখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পায়নি পরিবার।
নিখোঁজ তিন শিক্ষক হলেন- উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে ও বাঁশগ্রাম কামিল মাদ্রাসার শিক্ষক আইয়ুব আলী (৩৫), পান্টি ইউনিয়নের ওয়াসী গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে ও শহীদ নগর শৈলকুপা মাদ্রাসার কম্পিউটার শিক্ষক মোস্তফা রাশেদ পান্না (৪৭), যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও লক্ষ্মীপুর মসজিদে ইসলামিক ফাউন্ডেশনে মসজিদভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের শিক্ষক হাফিজুল রহমান (২৬)। নিখোঁজ অন্য দু’জন হলেন- জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের আবদুল জলিলের ছেলে হাসান আলী (৩৫) ও মহেন্দ্রপুর গ্রামের মৃত আমজেদ আলীর ছেলে মো. হান্নান (৩০)।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম বলেন, দুটি জিডির বিষয়ে সংশ্নিষ্ট ওসি আমাকে জানিয়েছেন। তবে বুধবার রাতে ডিবি কোনো অভিযানে যায়নি। জিডির সূত্র ধরে পুলিশ নিখোঁজদের সন্ধান চালাচ্ছে।
জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী বলেন, ভোরে হাসানের বাবা ও হান্নানের বড় ভাই আমার বাড়ি এসে দু’জনকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
স্থানীয়রা জানান, নিখোঁজ ব্যক্তিরা সবাই এসবিএসএল নামে একটি অনলাইন ব্যবসার সঙ্গে জড়িত। এই ব্যবসায়ে তাঁদের জ্যেষ্ঠ কর্মকর্তা উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের তফসের হোসেনের ছেলে ইমরান হোসেন (তুষার)। তুষারের কার্যালয় পান্টি বাজার এলাকার নৌশের মোড়ে। প্রায় ছয় মাস আগে এসবিএসএল গ্রাহকের টাকা নিয়ে হওয়া হয়ে যায়। এরপর থেকে তুষার পলাতক।
নিখোঁজ হাফিজুলের চাচা তোফাজ্জেল হোসেন বলেসমন, বুধবার রাত ১১টার দিকে ১০-১২ জন বাড়িতে এসে হাফিজকে ডাক দেয়। হাফিজ বাইরে এলে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁরা তাকে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে জিডি করেছি। সন্ধ্যা পর্যন্ত ভাতিজার সন্ধান পাইনি।
মোস্তফা রাশেদের শ্যালক আমিরুল ইসলাম বলেন, বুধবার রাতে বাড়ি থেকে প্রশাসন পরিচয়ে মোস্তফাকে তুলে নিয়ে যায়। থানায় গিয়ে তাঁর কোনো খোঁজ মেলেনি। জিডি করা হয়েছে।
আইয়ুব আলীর স্বজন ও বাগুলাট ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য তারেক আজিজ জানান, কুমারখালী থানায় খোঁজ নিয়েও আইয়ুবের বিষয়ে কিছুই জানতে পারেননি তাঁরা। থানায় জিডি প্রক্রিয়াধীন।











































