খুলনাঞ্চল রিপোর্ট।।
ভারতীয় সীমান্তে গরু চোর সন্দেহে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৪ আগস্ট) দিনগত রাতে ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি বড়ুয়া পাড়া সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
এদিকে ওই গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে গিয়ে মারা গেছে এমন খবর নিশ্চিত হলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। বাংলাদেশি ওই গরু ব্যবসায়ীর নাম আব্দুস সালাম (৩০)। তার বাড়ি পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের কাহারপাড়া গ্রামে। তিনি ওই এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে। তিনি গরু চোরাচালানের সাথে জড়িত ছিলেন বলে জানায় স্থানীয়রা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাতে সালামসহ তিন জন গরু ব্যবসায়ী পঞ্চগড়ের অমরখানা ও ভারতের বড়ুয়া পাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে গরু আনতে যায়। তারা তিনটি গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্ত এলাকার স্থানীয় মানুষজন টের পায়। পরে সালাম ও তার সহযোগীদের চারিদিক ঘিরে ফেলে ভারতীয়রা। এসময় অন্য দুই সহযোগী পালিয়ে বাংলাদেশে ফিরে এলেও সালাম ভারতীয়দের হাতে ধরা পড়ে যায়। পরে গরু চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে তারা।
পরে সেখান থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই বাংলাদেশি গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে বলে জানা গেছে।
নিহত গরু ব্যবসায়ী সালামের বড় ভাই আলিম হোসেন বলেন, স্থানীয় দুইজন গরু চোরাকারবারীর সাথে আমার ভাই ভারতে গরু আনতে যায়। পরে তারা ফিরে এলেও আমার ভাই ফিরে না এলে আমি তাদের এ বিষয়ে জিজ্ঞাসা করি। তারা খোঁজ না জানাতে পারায় আমি আমার ভাইয়ের মুঠোফোনে কল দিলে ভারতীয় মানুষজন কল রিসিভ করেছে বলে নিশ্চিত হই। পরে জানতে পারি সেখানে গরু চোর সন্দেহে আমার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যেমে বিষয়টি বিজিবিকে জানিয়েছি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ তারা যেন আমার ভাইয়ের লাশটি দ্রুত আমাদের কাছে হস্তান্তর করেন। আমরা যেন তার লাশ দাফন করতে পারি।
পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, ভারতে গরু আনতে গিয়ে স্থানীয় সালাম নামে একজন মারা গেছে এমন বিষয় নিশ্চিত হওয়ার পরে আমি পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার চেয়ারম্যান সহ বিজিবিকে বিষয়টি জানিয়েছি। বিজিবি বিএসএফের সাথে পতাকা বৈঠকের চেষ্টা করছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম জানান, এখনো এ ব্যাপারে বিএসএফ কিছু জানায়নি। তবে আমরা খোঁজ খবর রাখছি।











































