নাটোর প্রতিনিধি।।
নাটোর পৌরসভার মল্লিকহাটি মহল্লায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বন্ধু হাসুয়ার কোপে বন্ধু নিহত হয়েছে। নিহত শাওন মল্লিকহাটি পশ্চিমপাড়া এলাকার দেলু প্রাং এর ছেলে। আর অভিযুক্ত আলিফ একই এলাকার বাবুর ছেলে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালের এঘটনায় দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে আলিফ হোসেন পলাতক রয়েছে। খবর পেয়ে নাটোর পুলিশ সুপার সাইফুর রহমান সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, প্রতিদিনের মতো শাওন আজও প্রতিবেশি সালাউদ্দিনের বাসায় কাজ শেষে বন্ধু আলিফের রিকশায় চড়ে মহল্লার মোড়ের চায়ের দোকানে চা খেতে যায়। সেখানে পাওনা টাকা নিয়ে আলিফ ও শাওনের বাকবিতণ্ডা শুরু হয়। পরে আলিফ হাতের কাছে থাকা হাসুয়া দিয়ে শাওনের বাম পায়ের উরুতে কোপ মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে শাওনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।
এ ঘটনায় আলিফকে ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।











































