Home আঞ্চলিক মুক্ত জীবনে ডানা মেলল ১২ টিয়া

মুক্ত জীবনে ডানা মেলল ১২ টিয়া

16

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি।।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মহারাজপুর গ্রাম থেকে বন্দি ১২টি টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীনেশ সরকার উপজেলা পরিষদ চত্বরে পাখিগুলো ছেড়ে দেন।

জানা যায়, ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মহারাজপুর গ্রাম থেকে পাখিগুলো ‘দি অ্যানিম্যাল রেসকিউ টিম’র সাতজন সদস্যের সহযোগিতায় ১২টি পাখি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বিলুপ্ত প্রজাতির চন্দনা টিয়া পাখি ছিল। মহারাজপুর গ্রামের পাখি শিকারি শান্ত ও জয় দীর্ঘদিন ধরে পাখি শিকার করতেন। তারা আর কোনোদিন পাখি শিকার করবেন না বলে মুচলেকা দিয়েছেন।

ইউএনও দীনেশ সরকার বলেন, ‘পরিবেশের জন্যই বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণ করা দরকার। অবৈধভাবে পাখি শিকার ও কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। তাই পাখি শিকারিদের সচেতন করতে হবে।’

উল্লেখ্য, ভেড়ামারার ইউএনও দীনেশ সরকারের সার্বিক সহযোগিতায় উপজেলার রেসকিউ টিমের সদস্যরা গত এক বছরে মোট ১৮৭টি পাখি অবমুক্ত করেন। এই সংগঠনটি বন্য ও পোষা প্রাণীদের প্রতি সহিংসতা বন্ধ, মালিকানাহীন প্রাণীদের চিকিৎসা, খাদ্য ও নিরাপদ আশ্রয় নিশ্চিত এবং জনসাধারণের মাঝে প্রাণী জীবন রক্ষার্থে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন।