পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ১৫০ জন জেলেসহ ১০টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৩৪ জন জেলে। গত বৃহস্পতিবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এসব ট্রলারডুবির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা ও মহিপুর আড়ৎ মালিক সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা।
জেলেরা বলেন, অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ১১৬ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে সাগর উত্তাল থাকায় এখনও নিখোঁজ রয়েছে ৩৪ জন জেলে। উদ্ধার হওয়া জেলেরা কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মহিপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সেলিম মন্ডল বলেন, সাগরে ট্রলারডুবির খবর পেয়েছি। আমাদের টহল টিম সাগরে রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত আছে। এদিকে প্রতিকূল আবহাওয়ার বিরাজ করায় সহস্রাধিক ট্রলার শিববাড়িয়া প্রতাশ্রয়ে অবস্থান করছে।








































