স্পোর্টস ডেস্ক।।
উইকেটে শেন ওয়ার্ন কতটা ভয়ংকর ছিলেন, তা প্রতিপক্ষের ব্যাটাররাই ভালো জানতেন। তিনি শুধু অস্ট্রেলিয়াতেই নয়, পুরো বিশ্ব ক্রিকেটেই ছাপ রেখে গেছেন। তবে ব্যক্তিগত বেশ কিছু ঘটনায় বিতর্কিত ছিলেন প্রয়াত এই ডানহাতি স্পিনার।
ওয়ার্নের একাধিক বান্ধবীর কথা প্রায়ই সংবাদমাধ্যমে উঠে আসতো। এবার তার মৃত্যুর পরে সামনে এলো আরও এক বান্ধবীর পরিচয়। জীবিত থাকা অবস্থায় ওয়ার্ন তার সঙ্গে গোপন সম্পর্কে ছিলেন এমনটিই দাবি করেন ‘ওয়ার্ল্ডস হটেস্ট গ্র্যান্ডমা’ নামে পরিচিত জিনা স্টুয়ার্ট।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্নের সঙ্গে ৫১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান নারী কী কর্থাবার্তা হতো, তাও প্রকাশ করেছেন তিনি। তার মতে, কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। ওয়ার্নের মৃত্যুর পরে গত কয়েক মাস ধরে তিনি মানসিকভাবে বিধ্বস্ত বলে জানিয়েছেন স্টুয়ার্ট।
এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট বলেন, ‘গত কয়েকমাস ধরে আমি বিধ্বস্ত। সারা বিশ্ব একজন কিংবদন্তিকে হারিয়েছে। আমি হারিয়েছি একজন বন্ধু ও বিশ্বস্তকে। অভাবনীয় বিষয়। আমি ওয়ার্নের সঙ্গে ডেটে যেতাম, তবে সেটা সবার জানা ছিল না। কারণ ওয়ার্ন চেয়েছিল বিষয়টা ব্যক্তিগত থাকুক।’
স্টুয়ার্ট ওয়ার্নের সঙ্গে প্রথমবার দেখা করেন ২০১৮ সালে গোল্ড কোস্টে। তার আগে বেশ কয়েকমাস তারা অনলাইন চ্যাটে কথাবার্তা বলতেন। তিনি আরও বলেন, ‘ওয়ার্ন গোল্ড কোস্টে আসে এবং একটা ক্রিকেট ম্যাচের পরে আমরা দেখা করি। সারা রাত একসঙ্গে কাটিয়ে কথা বলে একে অপকে জানার চেষ্টা করেছিলাম। আমার তাকে খুবই ভালো লাগে এবং তার জীবনের কথা শুনতে ভালো লাগত। আমরা একে অপরের অত্যন্ত কাছাকাছি চলে আসি এবং তাকে কথা দিই যে, আমাদের সম্পর্ক লোকচক্ষুর আড়ালে রাখব।’
এর আগে গত ৪ মার্চ থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়ার্ন।











































