Home আঞ্চলিক খুবিতে ‘সি’ ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা শনিবার, আসন সংখ্যা ২১৯৯

খুবিতে ‘সি’ ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা শনিবার, আসন সংখ্যা ২১৯৯

5

খবর বিজ্ঞপ্তি।।
গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা আগামীকাল ২০ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
‘সি’ ইউনিটে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (খুবি) রোল নং ৫২০৮৩৩ থেকে ৫২৩০৩১ পর্যন্ত মোট ২ হাজার ১৯৯ জন শিক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্রে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার দিন সকাল ১০টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গল্লামারী-জিরোপয়েন্ট পর্যন্ত সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

খুবিতে শুভ জন্মাষ্টমী উদযাপন
আজ ১৯ আগস্ট (শুক্রবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়। এ উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যলয়ের হাদী চত্বর হয়ে কটকা পৌঁছে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার অমিত রায় চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেয়। এর আগে সকাল ৯টায় মন্দিরে পূজা, ভজন ও সংকীর্তন অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে মন্দির কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে শ্রীকৃষ্ণের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার অমিত রায় চৌধুরী, প্রফেসর ড. তুহিন রায়, মন্দির কমিটির অর্থ সম্পাদক ড. শিমুল দাশ, কর্মকর্তাদের মধ্যে রমা দাশ ও শিক্ষার্থীদের মধ্যে অমৃত বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল। এ সময় বিশ্ববিদ্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।