Home আঞ্চলিক খুলনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার স্বামীসহ আটক ২

খুলনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার স্বামীসহ আটক ২

5

স্টাফ রিপোর্টার।।

খুলনায় চান্দা বিশ্বাস (৫০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর খালিশপুর লাল হাসপাতালের পাশের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ১০ বছর আগে চান্দার প্রথম স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তিন বছর পর চার্চ বিশ্বাস নামে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। চার্চ ঢাকায় একটি জুস কোম্পানিতে চাকরি করতেন। বিয়ের পর থেকে আর ঢাকায় ফিরে যাননি তিনি। বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায় কলহ-বিবাদ লেগে থাকত। সামান্য ঘটনাতেই চার্চ স্ত্রী চান্দা বিশ্বাসকে মারধর করত। গত বুধবার রাতে তাদের মধ্যে আবারো ঝগড়া হয়। পরে তারা ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে উঠে সংবাদ না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে দেখেন ফ্যানের সঙ্গে চান্দার নিথর দেহ ঝুলে আছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেশীরা বলছেন, বুধবার রাতে স্বামী চার্চ বিশ্বাস চন্দাকে মারধর করেছে। মারের কারণে তার মৃত্যু হয়েছে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে লাশ ঝুলিয়ে রাখার নাটক সাজানো হয়েছে।

চান্দার মৃত্যু সম্পর্কে তার আগের ঘরের বড় ছেলে রাব্বি বলেন, বুধবার রাতে যখন তার মাকে চার্চ বিশ্বাস মারধর করছিল তখন ছোট ভাই নয়ন খালিশপুর থানায় সাধারণ ডায়েরি করতে গেলে মাশিউর নামে একজন অফিসার সেটি গ্রহণ করেন। পদক্ষেপ নেওয়ার জন্য বললে তাকে থানা থেকে বের করে দেওয়া হয়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, চান্দার মৃত্যুর খবর জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতের ঝুলন্ত লাশ নামিয়ে সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
তিনি দাবি করেন, থানায় মৃতের কোন সন্তানকে মারধরের ঘটনা ঘটেনি বা থানা থেকে কাউকে জোর করে বের করে দেওয়ার ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে মৃতের স্বামী ও তার ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সেটা পরীক্ষা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।