Home আঞ্চলিক ৬ লেন হবে খুলনা সিটি বাইপাস

৬ লেন হবে খুলনা সিটি বাইপাস

11
প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার।।

খুলনা সিটি বাইপাস সড়কটি ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এই সড়কের জিরো পয়েন্ট থেকে আফিল গেট হয়ে রাজঘাট পর্যন্ত মোট ২৭ কিলোমিটারের উন্নয়ন করা হবে। রাস্তার দু’পাশের ২৩৪ একর জমি অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণের আর্থিক মূল্য জানতে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে সড়ক বিভাগ। কাজও শুরু করেছে জেলা প্রশাসন। এ তথ্য নিশ্চিত করেছেন সড়ক বিভাগ-খুলনার নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ।

খুলনার নাগরিক সমাজের নেতারা বলছেন, পদ্মা সেতু চালুর পর মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। সড়কটি দুই লেন হওয়ায় ঝুঁকিও বেড়েছে। পদ্মা সেতু দিয়ে এ অঞ্চলের পণ্য ও যাত্রী পরিবহন এবং মোংলা বন্দরের পণ্য আনা-নেওয়ার জন্য সড়কটি ছয় লেন করা খুবই জরুরি।

২০০২-০৪ সালে রূপসা (খানজাহান আলী) সেতুর সংযোগ সড়ক হিসেবে আফিল গেট থেকে রূপসার কুদির বটতলা পর্যন্ত ২৬ দশমিক ৫৪ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। সড়ক বিভাগের কাগজে এটি জাতীয় মহাসড়ক ৭০৯ বা খুলনা সিটি বাইপাস হিসেবে চিহ্নিত। তবে স্থানীয়দের কাছে এটি পরিচিত রূপসা সেতু বাইপাস হিসেবে। ২০০৫ সালের ২১ মে রূপসা সেতুর সঙ্গে সড়কটিও উন্মুক্ত করে দেওয়া হয়।

সড়কের জিরো পয়েন্ট থেকে রূপসা সেতু হয়ে কুদির বটতলা পর্যন্ত ১০ কিলোমিটার অংশ চার লেন। অন্যদিকে জিরো পয়েন্ট থেকে আফিল গেট পর্যন্ত সাড়ে ১৬ কিলোমিটার অংশ দুই লেন। মোংলা বন্দরে পণ্য আনা-নেওয়ার জন্য সড়কে সব সময় যানবাহনের চাপ থাকে। পদ্মা সেতু চালুর পর পরিস্থিতি আরও প্রকট হয়েছে।