সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
অফিস সহায়কের পর এবার ছাত্রলীগের এক কর্মিকে মারপিট ও পানজাবি ছিড়ে দেবার অভিযোগ উঠেছে ঝিনাইদহ কালীগঞ্জের সরকারী মাহতাব উদ্দীন কলেজের প্রভাষক আব্দুল লতিফের বিরুদ্ধে। তিনি ওই কলেজের কম্পিউটার অপারেশন শাখার প্রভাষক। বুধবার বেলা ১১ টার দিকে কলেজে শান্তিপূর্ণ মিছিলে অংশ গ্রহনকারী অনার্স ২য় বর্ষের ছাত্র ছাত্রলীগকর্মি শেখ হাসিবুল ইসলামকে প্রভাষক আব্দুল লতিফ মারপিট করেছেন বলে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই শিক্ষার্থী ছেড়া পাঞ্জাবী পরিহিত ছবি ভেসে বেড়াচ্ছে।
লিখিত অভিযোগে ছাত্রলীগ কর্মি শেখ হাসিবুল ইসলাম জানায়, তারা গতকাল ক্যাম্পাসে শান্তিপূর্ণ মিছিল বের করলে কলেজের কম্পিউটার অপারেশন শাখার প্রভাষক আব্দুল লতিফ সেখানে এসে উত্তেজিত হয়ে ছাত্রদের মিছিল ও স্লোগান বন্ধ করতে বলে। এক পর্ষায়ে শিক্ষক আব্দুল লতিফ মিছিলে ঢুকে তাকে মারধর করে পানজাবী ছিড়ে দেন। এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অবশ্য এব্যাপারে প্রভাষক আব্দুল লতিফ সাংবাদিকদের জানান, কলেজ ক্যাম্পাসে ওই ছাত্রের সাথে তার দেখা বা কোন কথাও হয়নি। ঘটনাটি একেবারেই মিথ্যা এবং সাজানো।
এদিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেন মুঠো ফোনে জানান, বেলা ১১ টার দিকে তিনি কলেজের অফিস রুমেই ছিলেন। ছাত্র শিক্ষকের মধ্যে কোন ঘটনা ঘটেছে কি না তা তিনি দেখেননি। অথবা তাকে কেউ কিছু জানায়নি।
কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, কলেজ ক্যাম্পাসে শিক্ষক ছাত্রের মধ্যে কিছু হয়েছে কিনা তা তিনি জানেন না। কোন শিক্ষক বা ছাত্র তার কাছে এমন কোন অভিযোগও করেননি। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, কলেজের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
অবশ্য এর আগে ওই শিক্ষক আব্দুল লতিফ গত ৩’রা জুলাই তুচ্ছ ঘটনায় একই কলেজের অফিস সহায়ক তাপস সাধু খাঁকে পিটিয়ে আহত করেছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি নানা অনিয়মের জন্য গত ২৪/১২/১৪ তারিখে তিনি সাময়িক বহিস্কার হয়েছিলেন। এদিকে অভিভাবকদের প্রশ্ন কলেজটিতে দিনের পর দিন একি হচ্ছে ? শিক্ষার পরিবেশ আছে কি?।











































