মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়ানোর কাজে দায়িত্ব পালনকালে মহিরউদ্দিন গাজী ও সাহেব আলী নামে দুই আনসার-ভিডিপি সদস্য লাঞ্ছিত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার গোপালপুর বাজারে চা দোকান থেকে লোকজন সরাতে গিয়ে তারা তিন যুবকের হাতে লাঞ্ছিত হন।

বিষয়টি জানতে পেরে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার সেনা ও আনসার-ভিডিপি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত তিন যুবককে ১৪ হাজার টাকা জরিমানা করেন তিনি।
দন্ডপ্রাপ্ত তিন যুবক হলেন, গোপালপুর গ্রামের রাকিব হাসান পাঁচ হাজার, রায়হান হোসেন পাঁচ হাজার ও কামরুল ইসলাম চার হাজার।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চসহকারী সার্ভেয়ার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
আনসার-ভিডিপির ওয়ার্ড লিডার সুমন হোসেন বলেন, মোহনপুর-কালিবাড়ি সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় ওই এলাকায় প্রশাসনের আনাগোনা কম। সুযোগটি কাজে লাগিয়ে ওই এলাকার দোকানিরা সবসময় দোকানপাট খোলা রাখেন। দোকানগুলোতে লোকসমাগমও থাকে বেশি। আমাদের স্থানীয় সদস্যরা লোকসমাগম কমাতে কাজ করেন। এলাকার হওয়ায় লোকজন তাদের মানতে চাননা। ফলে মঙ্গলবার বিকেলে গোপালপুর বাজারে দায়িত্ব পালনকালে আমাদের দুই সদস্যকে লাঞ্ছিত করে কয়েক যুবক। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র স্যারকে জানানোর পর তিনি অভিযান পরিচালনা করেন।











































