স্পোর্টস ডেস্ক।।
দলের হারে ভক্তদের মন খারাপ হওয়া স্বাভাবিক। প্রিয় দলের হারে অনেক সময় মেজাজও হারান তারা, ঘটান নানা অঘটন। খেলোয়াড়দের গালিগালাজ এক্ষেত্রে সবচেয়ে পরিচিত বিষয়। তবে আর্জেন্টিনার প্রথম ডিভিশনের ক্লাব আলদোসিভির সমর্থকরা যা করলেন, তা সাম্প্রতিককালে দেখা যায়নি। দলের হারে, রাগে ফুটবলারদের গাড়ি জ্বালিয়ে দিলেন ভক্তরা।
ল্যাটিন আমেরিকার সংবাদমাধ্যম দ্য এলএ নিউজের খবরে বলা হয়, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্সে আয়ার্স থেকে ৪০০ কিলোমিটার দূরে মার দেল প্লাতা শহরে এই ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ গোদোয় ক্রুজের বিরুদ্ধে খেলতে নেমেছিল অবনমনের আওতায় থাকা আলদোসিভি। প্রথম ডিভিশনের পয়েন্ট তালিকায় ২৮ দলের মধ্যে ২৭ নম্বরে রয়েছে তারা। ১৩ রাউন্ড খেলা শেষে তাদের পয়েন্ট মাত্র আট।
পয়েন্ট তালিকায় ওপরে উঠতে গেলে জিততেই হতো আলদোসিভিকে। ক্রুজের কাছে ০-২ ব্যবধানে হেরে যায় তারা। এরপরেই ক্লাবের অনুশীলন মাঠে থাকা ফুটবলারদের গাড়ি জ্বালিয়ে দেন সমর্থকরা। গাড়ি রেখে স্থানীয় মেন্দোজাতে খেলতে গিয়েছিলেন ফুটবলাররা। তাই কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফুটবলার ছাড়াও দলের কোচিং স্টাফ লিয়ান্দ্রো সোমোজার গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে।
আলদোসিভিতে খেলা উরুগুয়ের ফুটবলার সান্তিয়াগো সিলভা বলেছেন, ‘কখনো এ রকম অভিজ্ঞতা হয়নি। আমরা এ ধরনের ঘটনার সঙ্গে পরিচিত নই।’











































