সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে পাম্পে তেল কম দেওয়ার অভিযোগে মোচিক সমবায় ফুয়েল সার্ভিসকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ঝিনাইদহ র্যাব-৬ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় পাম্পটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক ও ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার শরিফুল আহসানসহ প্রশাসনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক জানান, মোচিক সমবায় ফুয়েল সার্ভিসে ডিজেল ও পেট্রোল ডিসপেন্সার মেশিনে প্রতি ৫ লিটারে ৩০০ মিলি লিটার তেল কম দেওয়ার অপরাধে পাম্পটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেশিনে যে সমস্যা ছিল সেটি ঠিক করা হয়েছে। এছাড়াও একই দিন তেল কম দেওয়ায় ঝিনাইদহ সদরের ইউসুফ ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে সাধারন তেল ক্রেতাদের ভাষ্য, সম্প্রতি সময়ে তেলের মুল্য বৃদ্ধিতে তারা বেকায়দায় পড়েছেন। এরমধ্যে আবার পাম্পে ওজনে ফাঁকি দেয়া হচ্ছে। এ যেন প্রচন্ড গরমের মধ্যে মশার কামড় বৃদ্ধির মত।











































