Home আঞ্চলিক  ডাক্তার না ডায়াগনষ্টিক সেন্টার; দায় নেবে কে ?

 ডাক্তার না ডায়াগনষ্টিক সেন্টার; দায় নেবে কে ?

6

 

 

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

প্রচন্ড পেটের ব্যথা নিয়ে কালীগঞ্জ শহরের হাসনা ক্লিনিকে ভর্তি হন গৃহবধু রহিমা বেগম (৩৮)। এরপর প্রাথমিক পরিক্ষা নিরিক্ষায় ডাক্তাররা বলেন, রোগীর পেটের মধ্যে নাড়ি পেঁচানো রয়েছে। তাকে দ্রুত অপারেশন করা প্রয়োজন। এরপর আর্থিক চুক্তি সম্পন্ন করেই ১১ আগস্ট রাতে ক্লিনিকের ডাঃ আসলাম হোসেন ও ডাঃ প্রবীর কুমার বিশ্বাস রোগীকে অপারেশন টেবিলে নিয়ে শুরু করেন অস্ত্রোপচার। কিন্তু রোগীর পেট চেরার পর ডাক্তার বললেন অস্ত্রোপচার করা সম্ভব নয়। এরপর ডাক্তাররা তার কাটা পেট সেলাই করে পূনরায় বেডে স্থানান্তর করেন। সেই থেকেই ক্লিনিকের বেডে শুয়ে ব্যাথায় কাতরাচ্ছেন রহিমা বেগম। এখন রোগীর স্বামী কালীগঞ্জ উপজেলার আনন্দবাগ গ্রামের জহুরুল ইসলামের প্রশ্ন এর জন্য দায়ি কে অপারেশনের ডাক্তার না ডায়াগনষ্টিক সেন্টারের রিপোর্ট।

জহুরুল ইসলাম জানান, তার অসুস্থ স্ত্রীকে গত ৬ আগস্ট হাসনা ক্লিনিকে ভর্তি করেন। নানান পরীক্ষা-নিরীক্ষার পর ২০ হাজার টাকায় চুক্তিতে ১১ আগষ্ট রাতে ক্লিনিকের দুই ডাক্তার রোগীকে অপারেশন টেবিলে নিয়ে যান। এরপর রোগীর পেট কাটার পর অপারেশন সম্পন্ন না করেই সেলাই দিয়ে বেডে স্থানান্তর করেন। ডাক্তাররা বলেছেন, রোগীর নাড়িতে টিউমার রয়েছে। ওই অপারেশন করতে একসাথে ৬/৭ জন ডাক্তার লাগে। তাকে যে কোন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অপারেশন করতে হবে। রোগী এখনও ওই ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

রোগীর স্বামী অভিযোগের সুরে আরো বলেন, যদি অপারেশন করে রোগীকে ভালো করা না যায়, তবে কেন তারা অপারেশন করল ? এখন তার স্ত্রীর জীবন সংকটাপন্ন। তিনি এই অপচিকিৎসার জন্য ডাক্তার ও ক্লিনিক মালিকের বিচার চান।

সংশ্লিষ্ট ডাঃ প্রবীর কুমার মন্ডল জানান, রোগীর পেট কাটার পর নাড়ীতে টিউমার দেখতে পান। কন্ডিশনও বেশ জটিল থাকায় তারা অপারেশন সম্পন্ন না করেই সেলাই দিয়ে বেডে পাঠান। ডাক্তার বলেন, এমন রোগীকে যে কোন মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করাতে হবে।

অপরদিকে পেট কাটার পর অপারেশন সম্পন্ন না করার বিষয়ে হাসনা ক্লিনিকের মালিক আব্দুর রহমান জানান, বিষয়টি ডাক্তাররাই ভাল বলতে পারবেন। তবে, অর্থের লোভে অপারেশন করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে বিষয়টি তিনি এড়িয়ে যান।

এ ধরনের অপচিকিৎসার বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজহারুল ইসলাম জানান, কেউ অপচিকিৎসার স্বীকার হলে লিখিত অভিযোগ দিতে পারেন। আর অভিযোগ পেলে অবশ্যই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।