খুলনাঞ্চল রিপোর্ট।।
মার্কিন গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফোর্ডের একটি কারখানা কিনে নিচ্ছে ভারতের টাটা মোটরস। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিজেদের গাড়ির উৎপাদন বাড়াতেই ভারতের গুজরাটে ফোর্ড কোম্পানির কারখানাটি ৮৭১ কোটি ২০ লাখ টাকায় (৭২৬ কোটি রুপি) কিনে নিচ্ছে টাটা। ফোর্ডের কাছ থেকে কারখানাটি বুঝে নেওয়ার পর সেখানে নিজেদের নতুন প্রকল্পের (বৈদ্যুতিক গাড়ি নির্মাণ) কাজ শুরু করবে তারা।
এছাড়া দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি অনুযায়ী, ভারতে ফোর্ডের কারখানাটির জমি, যন্ত্রপাতি ও যোগ্য কর্মীদের অধিগ্রহণ করবে টাটা। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘এই চুক্তি সময়োপযোগী। এখানে সব পক্ষই লাভবান হবে।’
গত ২০ বছরের বেশি সময় ধরে ভারতে মুনাফা না করতে পারছে না ফোর্ড। ফলে উৎপাদন বন্ধ রেখেছে তারা। জানা গেছে, গত এক দশকে ভারতে প্রায় ২০০ কোটি ডলার লোকসান করেছে ফোর্ড। গত সেপ্টেম্বরে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা ভারতে গাড়ি উৎপাদন বন্ধ করতে যাচ্ছে এবং তাদের এই সিদ্ধান্তে ৪ হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে।
ভারতে বিদেশি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো কঠিন সময় পার করছে। মার্কিন প্রতিষ্ঠান জেনারেল মোটরস, জার্মানির ভক্সওয়াগনের ম্যান ট্রাকস ও বিশ্ববিখ্যাত মোটরসাইকেল নির্মাতা হার্লি ডেভিডসন সম্প্রতি ভারতে উৎপাদন বন্ধ করেছে। চাহিদা না থাকায় চলতি বছরের শুরুতে জাপানের অন্যতম শীর্ষ অটোমোবাইল প্রতিষ্ঠান নিশান তাদের ‘দাতসুন’ ব্র্যান্ডের গাড়ি ভারতের বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দেয়। সেই তালিকায় এখন যুক্ত হলো ফোর্ডের নাম। এর আগে ২০০৮ সালে যুক্তরাজ্যে ফোর্ডের কাছ থেকে জাগুয়ার ও ল্যান্ড রোভারের প্ল্যান্ট কিনে নিয়েছিল টাটা।











































