স্টাফ রিপোর্টার, অভয়নগর ।।
যশোরের অভয়নগরে পৈশাচিকতায় প্রাণ দিতে হল ৭ বছরের নাইমার। সে যশোরের অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোঃ মনিরুল ইসলামের কন্যা। পরিবার ও এলাকাবাসীর ধারণা তাকে ধর্ষন করে হত্যা করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, এই ন্যাক্কার জনক হৃদয় বিদারক ঘটনার খবর পেয়ে এলাকার হাজার হাজার মানুষ মৃতের বাড়িতে ভিড় করে একনজর দেখতে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু কন্যা নাইমার সাথে পাশ্ববর্তী আমজাদ নামের একজনের সাথে দোস্ত-বন্ধুর সম্পর্ক ছিলো, সে জন্য ৭ আগষ্ট রবিবার বিকেলে মা’কে বলে দোস্তকে পিয়ারা দিয়ে আসি বলে মেয়েটি চলে যায়, আর ফিরে আসেনি। পরে সন্ধ্যার সময় নাইমাকে আর খুঁজে পাওয়া যায়না। পরিবারের সদস্যরা আমজাদের কাছে গেলেও সে বলে আমি জানিনা। তার পর পরিবারের সকলে ও গ্রামবাসী মিলে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। মেয়েটির বড় চাচা রফিক এলাকার লুৎফরের পরিত্যক্ত ঘেরের কচুরীপানার মধ্যে মেয়েটির একটি হাতের অংশ দেখে চিৎকার দিলে এলাকাবাসী শিশু মেয়ে নাইমার মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়। অভয়নগর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে একই এলাকার কোরেশ মোল্লার ছেলে আমজাদ মোল্লা(৩৮)কে আটক করেছে।
ঘটনা তদন্তে ইতিমধ্যে যশোর পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) কাজ শুরু করেছে।
মৃত নাইমা খাতুনের বড় ভাই নাঈম হোসেন জানান, তার বোনকে ধর্ষণ করে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছে। তিনি আরো বলেন, আমার বোনের হত্যাকারীর শাস্তি মৃত্যুদন্ড চাই।
অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, শিশু মেয়েটির লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ময়নাতদন্তের আগে কোন কিছু বলা সম্ভব নয়, সে ধর্ষিত হয়েছিল কি না, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে বলা যাবে হত্যার প্রকৃত কারণ। সমগ্র বিষয়টি মনিটরিং করার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভয়নগর থানায় অবস্থান করছেন।











































