রেজাউর রহমান তনু, কুষ্টিয়া ।।
ভেড়ামারায় আলোচিত রক্সি পেইন্টের এরিয়া ম্যানেজার লোকমান হত্যা মামলার এজাহার নামীয় আসামী দর্পন ও সোহানকে গ্রেপ্তার করেছে র্যাব -১২ সিপিসি-১ কুষ্টিয়া। এব্যাপারে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান আজ সোমবার সকাল ১০ ঘটিকায় কুষ্টিয়া র্যাব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে গ্রেপ্তার, আলামত উদ্ধার ও ঘটনার বর্ণনা দেন। তিনি আসামীদ্বয় স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন মর্মে সাংবাদিকদেরকে অবহিত করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত ৩ আগস্ট সকাল আনুমানিক ৯ঃ৩০ ঘটিকার সময় ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন গলির পাশে লোকমান হোসেন নামের এক ব্যক্তির লাশ পাওয়া যায়। নিহত ব্যাক্তির স্ত্রী বাদী হয়ে গত ০৩ আগস্ট তারিখে ভেড়ামারা থানায় মামলা করেন। মামলা নম্বর ৬, তারিখ ০৩/০৮/২০২২ ইং, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড। এর পরিপ্রেক্ষিতে সিপিসি ১ কুষ্টিয়া ক্যাম্প, র্যাব ১২ এর একটি দল ৭ আগস্ট ২০২২ তারিখ বিকাল ৬ঃ৩০ ঘটিকায় ঢাকা জেলার সাভার এলাকা হতে উক্ত মামলার এজহার নামীয় আসামি ১। সোহানুর রহমান সোহান (২২) ও ২। মোঃ দর্পন আলী (৬১) কে গ্রেপ্তার করে।
উভয়ই ভেড়ামারা দক্ষিণ রেলগেট এলাকার বাসিন্দা। সোহানের দেখানো মতে হত্যাকান্ডের ঘটনাস্থল ভেড়ামারা দর্পণ হার্ডওয়ার এর গোডাউন হতে হত্যাকারীদের রক্তমাখা পোশাক আলামত হিসেবে জব্দ করে।
গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে লোকমান হত্যা মামলার এজাহার নামীয় আসামী সোহানুর রহমান সোহান আলোচ্য হত্যাকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কথা স্বীকার করেছে।
নিহত লোকমান হোসেন ১ আগষ্ট তারিখে দর্পণ হার্ডওয়ার এর নিকট প্রদত্ত বকেয়া টাকা আদায়ের উদ্দেশ্যে গেলে দোকানের মালিক মোহাম্মদ দর্পণ আলীর ছেলে মোঃ আব্দুল আউয়াল রেভেন তার বাবা কর্তৃক প্রদেয় বকেয়া টাকা কুক্ষিগত করার উদ্দেশ্যে লোকমান হোসেনকে হত্যার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা মতে রেভেন এর ছোট ভাই সোহান ভিকটিমকে তাদের ভাড়াকৃত গোডাউনে হত্যার উদ্দেশ্যে নিয়ে যায়। প্রান্ত ইসলাম সাব্বির পিতা মোঃ সিরাজুল ইসলাম ও আসামী মোহাম্মদ শুভ পিতা তাহাজ উভয়ের সহযোগিতায় ভিকটিমকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যা কান্ড সম্পন্ন করে। হত্যাকাণ্ডের পরের দিন সকালে সোহান তার বাবা দর্পন কে বিষয়টি জানায়। দর্পন মৃতদেহটি গুম করে ফেলার নির্দেশ দেয়। একই দিন গভীর রাতে রেভেনের বন্ধু জীবন ও দর্পণ হার্ডওয়ারের কর্মচারী তুহিনের পাহারায় ভিকটিম এর মৃতদেহ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পাশের গলিতে ফেলে রাখে। ৩ আগস্ট ২০২২ তারিখ সকালে পুলিশের গ্রেপ্তার এড়াতে দর্পণ আলী তার ছোট ছেলে সোহানকে নিয়ে বাড়ি থেকে আত্মগোপনে চলে যায়।
গ্রেপ্তারকৃত আসামী দর্পন ও সোহান সম্পর্কে পিতা-পুত্র। তাদেরকে ভেড়ামারা থানা পুলিশের নিকট সোপর্দ করেছে র্যাব। রেভেনসহ উক্ত হত্যা মামলার অন্যান্য আসামীদেরকে গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।











































