Home জাতীয় পদ্মা সেতুর পাশ থেকে বালু উত্তোলন, ১৫ জনের কারাদণ্ড

পদ্মা সেতুর পাশ থেকে বালু উত্তোলন, ১৫ জনের কারাদণ্ড

13

ঢাকা অফিস।।
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর পাশ থেকে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জাজিরা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পদ্মা সেতুর পাশে জাজিরা ও নাওডোবা পাইনপাড়া এলাকায় পদ্মা নদী থেকে রাতে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল। এতে চারটি গ্রাম নদী ভাঙনের মুখে পড়ে। পরে অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়।

এক সপ্তাহ ধরে আবার চক্রটি দিনে পদ্মা সেতুর ৫০০ মিটার দূর থেকে ২৫টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। আর রাতে সেতুর ২০০ মিটার দূর থেকে বালু উত্তোলন করছিল।

এ নিয়ে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে শনিবার পদ্মা সেতু এলাকায় অভিযান চালায় জাজিরা উপজেলা প্রশাসন ও নৌপুলিশ।

এ সময় বালু উত্তোলনের অভিযোগে ড্রেজারের শ্রমিক মহসিন হাওলাদার, জুয়েল মিয়া, আশরাফুল সিকদার, আব্দুর রহমান, মো. রাজু, সাইদুল ইসলাম, মো. কামাল হোসেন, নুর আলী, আক্তার বারি, লিটন মিয়া, মো. বারেক, তকদির হোসেন, খোকন হোসেন, স্বপন ঢালী ও বাবুল মুন্সিকে আটক করা হয়।

পরে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল আটক ১৫ জনকে সাত দিন করে কারাদণ্ড দেন।

এ বিষয়ে ইউএনও কামরুল হাসান সোহেল বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে ১৫ জনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযান চলমান থাকবে।