মোঃ রেজাউর রহমান তনু,কুষ্টিয়া।।
কুষ্টিয়া জেলার পুলিশ সুপার খাইরুল আলম এর দিক নির্দেশনা অনুযায়ী ভেড়ামারা থানা পুলিশ যাত্রী পরিবহনে চুরি, ডাকাতি, ছিনতাই রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চেকিং, টহল প্রভৃতি কার্যক্রম জোরদার করেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান এর নির্দেশে থানা পুলিশের অফিসার ও ফোর্স কুষ্টিয়া, দৌলতপুর ও ভেড়ামারা থেকে ঢাকা ও চট্রগ্রামগামী পরিবহনে চেকিং কার্যক্রম পরিচালনা করছেন। বৃহস্পতিবার গভীর রাতে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক ও ভেড়ামারা কোচ স্ট্যান্ডে পুলিশের এই জোর নিরাপত্তা তৎপরতা চোখে পড়ে। বাসের মধ্যে যাত্রী নিরাপত্তার স্বার্থে করা হচ্ছে ব্যাপক তল্লাশি। গতকাল কুষ্টিয়ার দৌলতপুর থেকে চট্রগ্রামগামী ঈগল পরিবহনের একটি কোচ বঙ্গবন্ধু সেতুর ওপার থেকে যাত্রীবেশী ডাকাতেরা নিয়ন্ত্রণ করে এবং টাঙ্গাইলের মধুপুরে ডাকাতি ও ধর্ষনের ঘটনা ঘটায়। এই ঘটনায় মধুপুর থানায় দায়েরকৃত মামলার সূত্রে টাঙ্গাইল ডিবি পুলিশের অভিযানে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। উক্ত ঘটনার পুনরাবৃত্তি রোধে কুষ্টিয়া জেলা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান এবিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, দূর-দূরান্ত অভিমুখী পরিবহনের গাড়িগুলোতে যাত্রীর ছদ্মবেশ ধারন করে যাতে কোন দুষ্কৃতিকারী অস্ত্র -সস্ত্র সাথে নিয়ে গাড়িতে ভ্রমণ করতে না পারে মূলত পুলিশ সুপার মহোদয় এর এই নির্দেশনা বাস্তবায়নের নিরিখেই সড়ক ও পরিবহনের দিকে বিশেষ দৃষ্টি রাখার উদ্যোগ নেয়া হয়েছে। গাড়িতে তল্লাশি ও যাত্রীদের গতিবিধি বুঝতে তল্লাশিকালে যাত্রীদের একটু অসুবিধা হতে পারে, হতে পারে কিছুটা সময় ক্ষেপন। কিন্তু যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে ও মহাসড়কে রাহাজানি রোধের বৃহত্তর স্বার্থে এসকল বিষয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য চালক-সুপার ভাইজার ও যাত্রী সাধারনের প্রতি আহ্বান জানান তিনি। ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান আরো বলেন, এখন থেকে ভেড়ামারার সড়ক- মহাসড়কে ও ভেড়ামারাস্থ ঢাকা কোচ স্ট্যান্ডে নৈশ কোচে নিয়মিতভাবে যাত্রী নিরাপত্তার বিষয়টি মনিটরিং করবে পুলিশ।










































