Home আঞ্চলিক গোসলে গেলেন তিন বন্ধু, দুজন ফিরলেন লাশ হয়ে

গোসলে গেলেন তিন বন্ধু, দুজন ফিরলেন লাশ হয়ে

9

গোপালগঞ্জ প্রতিনিধি।।

 

গোপালগঞ্জ শহরের গেটপাড়া খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এরা শহরের বেদগ্রামের রংধনু স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে গেটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলো-গেটপাড়ার বাসিন্দা সেলিম খন্দকারের ছেলে নাবিল খোন্দকার আরমান (১২) ও একই এলাকার মফিজুর রহমান মীরের ছেলে হৃদয় মীর (১২)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল কালাম আজাদ জানান, দুপুরের দিকে তিন বন্ধু গেটপাড়া খালে গোসল করতে নামে। এর মধ্যে সাঁতার না জানায় আরমান ও হৃদয় পানি ডুবে যায়। এ সময় তাদের অপর বন্ধু আপন (১১) ও পানিতে ডুবে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে আসে এবং আপনকে উদ্ধার করে।

পরে স্থানীয়দের সতায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরমান ও হৃদয়কে মৃত ঘোষণা করেন। অসুস্থ আপনকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।