Home আঞ্চলিক খুলনায় কন্যাশিশুকে ছুড়ে ফেলে হত্যার অভিযোগে বাবা আটক

খুলনায় কন্যাশিশুকে ছুড়ে ফেলে হত্যার অভিযোগে বাবা আটক

14

 

স্টাফ রিপোর্টার।।

পারিবারিক কলহের জেরে খুলনায় আড়াই মাস বয়সী শিশু কন্যাকে নিজের কোল থেকে ছুড়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এই ঘটনায় মো. উজ্জ্বল সরদার (২৫) নামে ওই বাবাকে আটক করেছে পুলিশ।

বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম তামিমা।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান, বুধবার রাতে উজ্জ্বলের সঙ্গে পরিবারের সদস্যদের বাগবিতণ্ডা হয়। এ সময় তামিমা বাবার কোলেই ছিল। কথা কাটাকাটির একপর্যায়ে উজ্জ্বল তার কোল থেকে তামিমাকে ছুড়ে ফেলে দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অবস্থার অবনতি হলে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই শিশুটির বাবাকে আটক করা হয়। তবে এ ঘটনায় থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।