স্টাফ রিপোর্টার।।
খুলনা থানার তথ্য প্রযুক্তি আইনের মামলায় এক আসামীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বুধবার (২৭ জুলাই) দুপুরে সাইবার ট্রাইব্যুনাল খুলনার বিচারক কণিকা বিশ্বাস এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামী হলেন নগরীর ৪ পুরাতন টিবি হাসপাতাল রোডের জিএম মাসুম বিল্লাহ্ এর বাড়ির ভাড়াটিয়া মৃত. সৈয়দ ফুরকান আলীর ছেলে সৈয়দ আমিনুর রহমান (৬০)। রায় ঘোষণাকালে আসামী আমিনুর রহমান পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৮৫ সালের মে মাসে পারিবারিক ভাবে সৈয়দ আমিনুর রহমানের সঙ্গে বিয়ে হয় নিরালা আবাসিক এলাকার খুরশিদা আক্তারের। তাদের ঘরে দু’টি সন্তান রয়েছে। কিন্তু আমিনুর রহমান স্ত্রী সন্তানদের না জানিয়ে ২০১৪ সালের এপ্রিল মাসে আরও একটি বিয়ে করে। এ নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। তারপর থেকে দু’সন্তানকে নিয়ে আলাদা থাকে খুরশিদা আক্তার। ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর আমিনুর রহমান মেয়ে আনিশা, শালিকা মুর্শিদা আক্তার রনি ও জব্বার মোল্লার ফেজবুক আইডিতে খুরশিদা আক্তারের নামে অশ্লীল ও কুরুচিপুর্ণ কথা লিখে পাঠায় এবং ইন্টারনেটে ছেড়ে দেয়। এঘটনায় খুরশিদা আক্তার স্বামী সৈয়দ আমিনুর রহমানের বিরুদ্ধে খুলনা থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন যার নং- ৯, তারিখ- ৫/১০/২০১৫। ২০১৬ সালের ৩১ জুলাই
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সৈয়দ মোশাররফ হোসেন আমিনুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চাজশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি এডভোকেট এম এম সাজ্জাদ আলী, এডভোকেট তাপস ভট্রাচার্জ ও এডভোকেট রোকেয়া খাতুন।











































