Home আঞ্চলিক স্কুলছাত্রীকে বিয়ে করতে এসে কারাগারে বর

স্কুলছাত্রীকে বিয়ে করতে এসে কারাগারে বর

10

অভয়নগর প্রতিনিধি।।
অভয়নগরে দশম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে প্রশাসন। এ ঘটনায় বরকে এক মাসের জেল ও মেয়ের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বুধবার (২৭ জুলাই) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমডাঙ্গা এলাকায় কনের বাবার বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উভয় পরিবারকে জেল ও অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আমডাঙ্গা গ্রামের আজগর মোড়লের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে পাশের নওয়াপাড়া পৌরসভার বউবাজার এলাকার মো. হামিদ আলীর ছেলে হানিফের সঙ্গে বিয়ে দেওয়ার আয়োজন চলছে- এমন সংবাদ পাওয়া যায়। পরে ম্যাজিস্ট্রেট তানজিলা আখতারের নেতৃত্বে কনের বাবা আজগর মোড়লের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বরকে আটক করে নিয়ে আসা হয়। পরে তাকে বাল্যবিয়ে নিরোধ আইনে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। ছেলে-মেয়েদের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে উভয় পরিবারের অভিভাবকরা এ সময় মুচলেকা দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এএসআই ও পুলিশ সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সহায়তা করেন।

ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার বলেন, বাল্যবিয়ে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বাল্য বিয়ের কোনও ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক, বর, আয়োজক ও নিকাহ রেজিস্ট্রার বা কাজীদেরকে আইনের আওতায় আনা হবে।