Home খেলাধুলা বিশ্বকাপের সম্ভাব্য ফাইনালিস্ট-চ্যাম্পিয়নের নাম জানালেন পন্টিং

বিশ্বকাপের সম্ভাব্য ফাইনালিস্ট-চ্যাম্পিয়নের নাম জানালেন পন্টিং

11

স্পোর্টস ডেস্ক।।

আসছে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরটি ঘিরে শেষ প্রস্তুতি সারছে দলগুলো। এরইমধ্যে টুর্নামেন্টের সম্ভাব্য ফাইনালিস্ট ও চ্যাম্পিয়নের নাম জানালেন অস্ট্রেলিয়ার হয়ে দুইবারের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং।

সম্প্রতি প্রচুর ক্রিকেট দেখেছেন পন্টিং। অস্ট্রেলিয়া দলের কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গারের সময় সহকারী হিসেবে ছিলেন তিনি। শেষ পাঁচ বছর তিনি আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব পালন করছেন। এছাড়া বিগ ব্যাশে ধারাভাষ্যকার হিসেবেও আছেন।

এক সাক্ষাৎকারে আসছে বিশ্বকাপে পন্টিং নিজ দেশ অস্ট্রেলিয়াকেই শিরোপা জিততে দেখছেন বলে জানান। এছাড়া বলেছেন আরেক ফাইনালিস্টের নামও।

পন্টিং বলেন, ‘আমার মনে হয় ভারত ও অস্ট্রেলিয়া ফাইনালে খেলবে এবং শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াই জিতবে।’ ঘরের মাঠের পরিচিত কন্ডিশনকে কাজে লাগিয়েই অজিরা চ্যাম্পিয়ন হবে বলে মনে করেন সাবেক এই তারকা ব্যাটার।

এই দুই দল বাদে বিশ্বকাপে ইংল্যান্ডকে সম্ভাবনাময় মনে হয়েছে পন্টিংকে। তবে গতবারের সেমিফাইনালিস্ট পাকিস্তানকে তার খুব বেশি পছন্দ নয়, কেননা দলটি তাদের অধিনায়ক বাবর আজমের প্রতি অনেক বেশি নির্ভরশীল।

তবে নিউজিল্যান্ড, পাকিস্তান অথবা ওয়েস্ট ইন্ডিজের মতো দল শিরোপা জিতলে পন্টিং বিস্মিত হবেন না বলেও জানিয়েছেন।