স্টাফ রিপোর্টার।।
শিশুর কান্নার শব্দে ঘর থেকে বের হয়ে কাউকে না দেখে বিস্মিত হন খালিশপুরের গৃহবধূ নাসিমা বেগম। কিন্তু কান্নার শব্দটি তখনও শুনতে পান। এরপর একটি কাপড়ের ব্যাগ দেখেন। সেটি খুলতেই একটি শিশুকে দেখেতে পান। হতভম্ব হয়ে খবর দেন পুলিশে। পুলিশ এসে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার পর ছোটমণি শিশু নিবাসে হস্তান্তর করে।
খুলনা মহানগরীর খালিশপুর হাউজিং এলাকার একটি রাস্তা থেকে সোমবার দুপুরে একটি নবজাতককে এভাবে পাওয়া যায়।
নাসিমা বেগম জানান, কাপড়ের ব্যাগে নবজাতককে দেখতে পেয়ে তিনি ঘটনাটি পুলিশকে জানান।
খালিশপুর থানার এসআই হাসমত বলেন, ‘২৫ জুলাই দুপুরে খালিশপুর হাউজিং এলাকার ১২নং রোড থেকে কাপড়ের ব্যাগের ভেতর থাকা নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করে খুলনা শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক নবজাতকটি সুস্থ আছে জানানোর পর তাকে মহেশ্বরপাশা ছোটমণি শিশু নিবাসে হস্তান্তর করা হয়েছে।’
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর জানান, শিশুটিকে উদ্ধারের পরে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর সমাজসেবা অধিদফতর পরিচালিত ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে।
মহেশ্বরপাশা ছোটমণি নিবাসের সহকারী তত্ত্বাবধায়ক বিজন কৃষ্ণ শিকদার বলেন,‘এটি একটি সরকারি প্রতিষ্ঠান। এখানে পরিচয়হীন অনেক শিশুই থাকে। খালিশপুর থানা পুলিশ ইতোমধ্যে এই প্রতিষ্ঠানের কাছে উদ্ধার হওয়া নবজাতককে নিয়মতান্ত্রিকভাবে হস্তান্তর করেছে।










































