Home আঞ্চলিক জোড়া খুনের মামলায় ৫ জনের যাবজ্জীবন

জোড়া খুনের মামলায় ৫ জনের যাবজ্জীবন

7

কুষ্টিয়া প্রতিনিধি ||
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল ইসলাম (৫০) ও ফাত্তাহ মোহনকে (৫৫) গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সেইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে তারিক, মোশাররফ হোসেনের ছেলে কামাল রেজা নিপু, আব্দুর রশিদের ছেলে সিরাজুল ইসলাম মাসুদ, নবীর আলীর ছেলে রায়হান আলী এবং সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের চাঁদ আলীর ছেলে সিদ্দিক।

রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে সিদ্দিক বাদে সবাই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই চার আসামিকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত আসামি সিদ্দিক পলাতক রয়েছেন। এ মামলায় ১০ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, আসামিদের চাঁদা না দেওয়ায় ২০০৯ সালের ১৫ আগস্ট রাত ৯টা ১৫ মিনিটের দিকে ভেড়ামারা শহরের রেলবাজার এলাকায় একটি কাপড়ের দোকানে বসে থাকা অবস্থায় ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল ইসলাম ও কলেজশিক্ষক মোহনকে আসামিরা এলোপাতাড়ি গুলি করে। এ ঘটনার তিন দিন পর ২৮ আগস্ট ভেড়ামারা থানার এসআই শেখ আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০১১ সালের ২২ জুলাই তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এরপর আদালত এ মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল ইসলাম ও কলেজশিক্ষক ফাত্তাহ মোহনকে গুলি করে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।