নগরীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার
নগরীর ৪নং মাছ ঘাট এলাকার একটি কচা গাছ থেকে গলায় ওড়না পেচানো ফয়সাল (১৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ফয়সাল ৪নং মাছ ঘাট এলাকার জালাল শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফয়সাল দিনমজুর ছিলেন। কাজ না থাকলে মা বাবার ওপর নির্ভর করতে হয়। গত কয়েকদিন ধরে তিনি মানসিক অশান্তিতে ছিলেন। বাইরে না গিয়ে বাসায় অবস্থান করতেন। শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল সাড়ে ৭টায় ফয়সালের দেহ ঘর সংলগ্ন একটি কচা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে সুরাতহাল রির্পোট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
খুলনা থানার এসআই বিশ্বজিত বসু বলেন, সকালে ফয়সালের মামা জাহিদ খুলনা থানায় ফোন দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। ঘর সংলগ্ন টিউবওয়েলের পাশের একটি কচা গাছের সাথে ঝুলে ছিল তার লাশ। ফয়সাল মায়ের কালো রংয়ের একটি ওড়না গলায় পেচিয়ে ঝুলে ছিল ফয়সালের দেহ। ঘটনার কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেনি। এর আগে দু’বার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয় ফয়সাল।
রূপসায় র্যাবের অভিযানে ১০৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার রূপসা থানাধীন বাঘমারা এলাকায় অভিযান চালিয়ে ১০৮০ পিস ইয়াবাসহ
এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শনিবার (২৩ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন ওই এলাকার মো. মিঠু শিকারী (৪২)।
র্যাব-৬ জানায়, শনিবার বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলার রূপসা থানাধীন বাঘমারা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় বাঘমারা রুপসা ফুয়েল সাপ্লাই ফিলিং স্টেশনের সামনে থেকে ১০৮০ পিস ইয়াবাসহ মিঠু শিকারীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রুপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
নগরীতে ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
দৌলতপুর থানাধীন পশ্চিম সেনপাড়া মেঘনা কলোনীর দক্ষিণ গেইটের সামনে অভিযান চালিয়ে ৩০০ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২২ জুলাই বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন দৌলতপুর পশ্চিম সেনপাড়া মেঘনা কলোনীর আল আমিন হাওলাদারের স্ত্রী সুরমা খাতুন (২১)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ২২ জুলাই বিকেল ৪টার দিকেদৌলতপুর থানাধীন পশ্চিম সেনপাড়া মেঘনা কলোনীর দক্ষিণ গেইটের সামনে অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম। এসময় কলোনীর দক্ষিণ গেইটের সামনে সিএসডি গোডাউন সংলগ্ন পাঁকা রাস্তার উপর হতে ৩০০ গাঁজাসহ সুরমা খাতুনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
দূর্নীতি ও লুটপাটের কারণে আজকে বিদ্যুতের এ বিপর্যয়
# অভিযোগ খুলনা নাগরিক ঐক্য’র
খবর বিজ্ঞপ্তি
নাগরিক ঐক্য নেতৃবৃন্দ বলেছেন দূর্নীতি ও লুটপাটের কারণে বিদ্যুৎ সেক্টরে আজকে বিপর্যয় দেখা দিয়েছে। ফলশ্রুতিতে জনজীবনে যেমন দূর্ভোগ নেমে এসেছে তেমনি রপ্তানিতেও নেতিবাচক প্রভাব পরেছে। খুলনার বেসরকারি পাট শিল্প, হিমায়িত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বরফ কল, ডেয়ারি ফার্ম ও পোল্ট্রি ফার্মে অরাজকতার সৃস্টি হয়েছে। এ অবস্থার দ্রুত অবসান না হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে সংকট বাড়তে থাকবে।
শনিবার সন্ধ্যা ৬টায় স্যার ইকবাল রোড এলাকার একটি হোটেলে নাগরিক ঐক্য’র সদর থানা শাখা আয়োজিত এক সভায় নেতৃবৃন্দ একথা বলেন। সদর থানা শাখার আহবায়ক আলী মুসা মিয়া সভায় সভাপতিত্ব করেন। সভায় আলী মুসা মিয়াকে আহবায়ক, এস এম সেলিম উর রেজা বকুলকে সদস্য সচিব, এ্যাড. ড. মোঃ জাকির হোসেন, কাজী মোতাহার রহমান বাবু, মীর রবিউল ইসলাম, মোঃ আনিসুদ্দিন গাজী, মোঃ ইসা সরদার ও কাজী আলমগীর হোসেনকে সদস্য করে সদর থানা সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর দুপুর ১২টায় সদর থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সদস্য ও খুলনা নগর শাখার আহবায়ক এ্যাড. ড. মোঃ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন।
আজকের সভায় খুলনা ওয়াসার পানির মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যায় বৃদ্ধির আশাংকায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন। এর ফলে নাগরিক তার অধিকার থেকে বঞ্চিত হবেন।
দিঘলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
দিঘলিয়া প্রতিনিধিঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২২ উদযাপন কমিটি দিঘলিয়া খুলনার আয়োজনে গতকাল দিঘলিয়া উপজেলা কনফারেন্স রুমে সাংবাদিকগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মারুফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মঞ্জরুল ইসলাম, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
খুলনা ওয়াসার অযৌক্তিক পানির মূল্যবৃদ্ধি বাতিল দাবি খুলনা বিএনপির
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ সামাল দিতেই মানুষ যখন দিশাহারা ঠিক তখনই মধ্যবিত্তের টানাপড়েনের সংসারে নতুন দুঃসংবাদ নিয়ে এসেছে খুলনা ওয়াসা। পানির মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক ও গণবিরোধী উল্লেখ করে তারা বলেন, নিরবচ্ছিন্নভাবে সুপেয় ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা খুলনা ওয়াসার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ওয়াসা সেটি করতে ব্যর্থ হয়েছে। অযৌক্তিকভাবে বারবার পানির মূল্যবৃদ্ধি তাদের ধারাবাহিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, পানি সরবরাহের দায়িত্বে থাকা এই সংস্থা গ্রাহক পর্যায়ে দাম বাড়িয়েছে সর্বোচ্চ ২৮ শতাংশ যাহা আগামী ১লা সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। পরিবর্তিত মূল্য অনুযায়ী, আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানি ব্যবহারের জন্য দিতে হবে ৮ টাকা ৯৮ পয়সা। আর বাণিজ্যিক গ্রাহককে দিতে হবে ১৪ টাকা। এর সঙ্গে আছে সার্ভিজ চার্জ, ডিমান্ড চার্জ ও ভ্যাট। সর্বশেষ মূল্য অনুযায়ী আবাসিকে পানির দর ছিল ৬ টাকা ৯১ পয়সা এবং বাণিজ্যিক দর ছিল প্রতি ইউনিট ১০ টাকা। সেই হিসাবে আবাসিকে পানির দর বেড়েছে ২৩ দশমিক ৬ শতাংশ এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য দাম বেড়েছে ২৮ দশমিক ৫৮ শতাংশ। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই পানির মূল্য বৃদ্ধির ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, গ্রাহকসেবা আইন অনুযায়ী সেবার দাম বৃদ্ধির আগে অবশ্যই গণশুনানি করতে হয়। ওয়াসায় এ ধরনের কোনো শুনানি হয়েছে বলে কারও জানা নেই। নতুন মূল্য কার্যকর হলে মানুষের ওপর অর্থনৈতিক চাপ বাড়বে। নেতৃবৃন্দ উল্লেখ করেন, ২০১৫ সালে ১লা জানুয়ারি ৪ টাকা ইউনিট ধরে পানির নতুন মূল্য তালিকা অনুমোদন করে ওয়াসা বোর্ড। ২০১৬ সালের ১লা জানুয়ারি পানির দাম ২০ শতাংশ বাড়ানো হয়। এতে পানির দাম বেড়ে দাঁড়ায় প্রতি ইউনিট ৪ টাকা ৮০ পয়সা। ২০১৭ সালের জানুয়ারি মাসে পানির দাম আরও ২০ শতাংশ বাড়ানো হয়। এতে ইউনিট প্রতি মূল্য দাঁড়ায় ৫ টাকা ৭৬ পয়সা। ২০১৯ সালের ডিসেম্বর মাসে আরও ২০ শতাংশ দাম বৃদ্ধি করে ওয়াসা। এতে প্রতি ইউনিট পানির দাম বেড়ে দাঁড়ায় ৬ টাকা ৯১ পয়সা। গত আড়াই বছর এই মূল্যই কার্যকর ছিল। গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে খুলনা ওয়াসার দুর্নীতি, লুটপাট, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বন্ধ করে পুর্বের মুল্যে নগরবাসীর জন্য নিরবচ্ছিন্নভাবে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক কাজী মো. রাশেদ, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।
বিএনপির ভ্যানগার্ড ছাত্রদলকে সবসময় প্রস্তুত থাকবে হবে: মনা
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে, তা রাজপথে ফয়সালা হবে। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই লক্ষ্যে কাজ করছেন। তার চিন্তাকে বাস্তবে রূপ দেয়া কর্মী হিসেবে আমাদের দায়িত্ব। এ জন্য বিএনপির ভ্যানগার্ড জাতীয়তাবাদী ছাত্রদলকে সবসময় প্রস্তুত থাকবে হবে। শনিবার (২৩ জুলাই) খুলনা মহানগর ছাত্রদলের অন্তর্গত ৩১ টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়নে প্রাথমিক তথ্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থ সরকারকে বিদায়ের ঘন্টা বেজে গেছে। চুড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে তিনি ছাত্রদলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন। মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইসতির সভাপতিত্বে ও খুলনা মহানগর ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাসান মাহমুদ, সৈয়দ ইমরান, সাজ্জাদ হোসেন জিতু, হেদায়েত উল্লাহ দিপু,কাজী আসিফুর রহমান, মাজহারুল ইসলাম রাসেল,এস এম ইউসুফ, ইলিয়াস সর্দার, আব্দুল আহাদ শাহিন,শাকিল আহমেদ, আরিফুল ইসলাম টুকু, ফারুক হোসেন, আল আমিন লিটন, মাসুম বিল্লাহ, নাজিম উদ্দীন শামীম, ইয়াসিন গাজী, পারভেজ আহমেদ, রাজু আহমেদ, ইজবুর রহমান ইমুল, আবু সালেহ শিমুল, শেখ সাজ্জাদ হোসেন রিপ্তি, অমিত মল্লিক, আব্দুস সালাম, নাম্মিন হোসেন মারজান, কাজী সালমান মেহেদি, রবিউল ইসলাম, হাবিবুর রহমান বিপ্লব, আমিনুজ্জামান সুজন, খালিদ বিন ওয়ালিদ শোভন, ইসমাইল হোসেন, আরিফ মোল্লা তূর্য, রাব্বি চৌধুরী, মিরাজ হোসেন মানিক, জুবায়ের হাসান রাফি, হানিফ আকাশসহ অনেকে। পরে ছাত্রদলের প্রাথমিক তথ্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরায় ৩ ভুয়া এন.এস.আই সদস্য গ্রেপ্তার
সোহাগ হোসেন কলারোয়া:
সাতক্ষীরার কলারোয়ায় তিন ভুয়া এন এস আই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শনিবার ২৩জুলাই বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তাকৃতরা হলো সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার শাকদা গ্রামের আমিন হোসেন, একই উপজেলার কলাটুপি গ্রামের আবজাল হোসেন ও পিছলাপুর গ্রামের রুহুল আমিন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান, গ্রেপ্তারকৃত তিন প্রতারক নিজেদেরকে এন এস আই সদস্য পরিচয় দিয়ে উপজেলার কুশোডাঙ্গা গ্রামে ঢোকে। তাদের গতিবিধি সন্দেহ হলে গ্রামবাসিরা তাদেরকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে এন এস আই লেখা আইডি কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনা কলারোয়া থানায় মামলা হয়েছে। শনিবার বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
মশিয়ালীতে বৃষ্টির জন্য নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
অনেক দিন ধরেই বৃষ্টি নেই আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টি চাইলেন মুসাল্লিরা, তারা বলেন আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে বৃষ্টি দেন।’ অনাবৃষ্টি ও দাবদাহ দেখা দিয়েছে দেশের সর্বত্র। টানা খরায় পুড়ছে খুলনা সহ আশপাশের জেলা । বৃষ্টির জন্য হাহাকার পড়েছে, একই সঙ্গে চলতি বছরের আমন আবাদের সময়ও পেরিয়ে যাচ্ছে।এ অবস্থায় বৃষ্টি চেয়ে ইস্তিকার নামাজ ও বিশেষ দোয়া করেন মশিয়ালী গ্রামের মুসাল্লিরা । মশিয়ালী মাদ্রাসার সামনে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে এই নামাজ আদায় করেন আলেম উলেমা ও সাধারণ মুসল্লিরা।নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন মশিয়ালী দাখিল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও খতিব মাওলানা ওমর ফারুক। নামাজে কয়েকশ মানুষ উপস্থিত হন। নামাজে অংশ নেয়া মশিয়ালী গ্রামের ইমাম হাফেজ মোঃ মাসুম বিল্লাহ বলেন, ‘আমার জীবনে রোদের তাপ এত দেখিনি। ঘরের ভেতরে বা বাইরে কোথাও থাকা যাচ্ছে না। ফ্যানের বাতাসেও কাজ হচ্ছে না। একই গ্রামের বাসিন্দা নিয়ামত আলী বলেন ‘আমি কৃষক। কৃষির ওপর আমাদের এলাকার সবাই নির্ভর করে। পাট কেটেছি, পানির অভাবে সেগুলো জাগ দিতে পারছি না। পাটের জমিতে আমন আবাদ করব, সেটাও করতে পারছি না।’তিনি আরও বলেন, ‘আমন ধানের বীজের বয়স বেড়ে তা নষ্ট হয়ে যাচ্ছে। কঠিন সময় অতিক্রম করছি আমরা। আল্লাহ যেন বৃষ্টি দিয়ে আমাদের উপকার করেন, সেই আশায় এসেছি প্রার্থনা করতে।’ আরেক মুসল্লি আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা কৃষিকাজ করে সংসার চালাই। বৃষ্টির কারণে আমরা আমন রোপণ করতে পারছি না। এই গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। তাই বৃষ্টির জন্য আমরা নামাজ আদায় ও দোয়া করলাম।’ নামাজে অংশ নেয়া মুসাল্লিরা বলেন ‘অনেক দিন ধরেই বৃষ্টি নেই । আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টি চাইলাম। আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে বৃষ্টি দেন।’নামাজ ও মোনাজাত পরিচালনাকারী ইমাম মাওলানা মাওলানা ওমর ফারুক বলেন, ‘রাসুল (সা.) তার সময়েও বৃষ্টির জন্য এই সালাত আদায় করতেন। আমরাও আদায় করলাম। আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং বৃষ্টি চাইলাম।
পাটকেলঘাটায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রের পানিতে ডুবে মৃত্যু
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটায় মৃগি রুগী শাওন নামের এক ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রের গতকাল বেলা ১ টার দিকে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়। জানাগেছে সরুলিয়া গ্রামের আব্দুল হামিদ ঢালীর পুত্র শাওন বাড়ীর পাশে একটি পুকুরে যায় গোসল করতে। ঐ সময় শাওনের মৃগি রোগ দেখা দিলে পানি থেকে আর উঠতে পারিনি। এদিকে তার মা বাবা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কোথাও খুজে পাওয়া যায়নি। পরে এলাকাবাসী পুকুরে শাওনের মরদেহ ভাসতে দেখে তার মা বাবাকে খবর দেয়। এলাকাবাসী মৃত অবস্থায় শাওনকে পুকুর থেকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। শাওনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পাটকেলঘাটায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটায় গতকাল বিকাল ৩ টায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত হয়েছে। থানার যুগীপুকুরিয়া করিম মেম্বারের শিশু বাগানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় দুই দল অংশ গ্রহন করে। যার একদিকে ছিল পাটকেলঘাটার পাঁচপাড়া ঢালী দল এবং তার জোর প্রতিদ্বন্দিতা করেন আলিপুর ঢালী দল। খেলায় পাঁচপাড়া ঢালী দল জয়লাভ করেন। উক্ত খেলায় আবু হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষক নেতা আব্দুর রব পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের মেম্বার আলহাজ্ব নাজিমউদ্দীন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রায়হান হোসেন ইকরামুল, ডাঃ আসাদুল ইসলাম প্রমুখ। খেলাটি পরিচালনা করেন মোঃ কামরুল ইসলাম সানা, ফারুক হোসেন, আসদুল ইসলাম, রুহুল আমিন। সমগ্র খেলায় ধারা বিবরণী করেন মোঃ রাশেদুল ইসলাম।
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সময় জেলে আটক
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
একশত দিনের নিষেধাজ্ঞার মধ্যে বন রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনে অনুপ্রবেশ করে বিষ দিয়ে মাছ শিকারের সময় ৮ কেজি বিষযুক্ত চিংড়ি সহ এক জেলেকে আটক করেছে বনবিভাগ। ২৩ জুলাই শনিবার বিকেল ৫টার দিকে পূর্ব সুন্দবনের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্প সংলগ্ন রায়বাঘিনী খাল এলাকা থেকে একটি ডিঙ্গি নৌকা সহ তাকে আটক করা হয়।
শরণখোলা ষ্টেশণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ভোলা ক্যাম্প সংলগ্ন রায়বাঘিনী খাল এলাকায় বিষ দিয়ে মাছ ধরছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে ভোলা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ মো. আমানুল কাদির এর নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন মধ্য সোনাতলা গ্রামের আঃ রশিদ তালুকদারের পূত্র মোঃ রাসেল (২৮) কে আটক করা হয়। এসময় নৌকা তল্লাশী করে এক বোতল রিপকর্ড বিষ ও আট কেজি চিংড়িমাছ জব্দ করে। আটকৃত রাসেল এর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হবে।
সাতক্ষীরায় ফেনসিডিলসহ দুই ব্যবসায়ী গ্রেফতার
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরায় সদর উপজেলার চিহ্নিত ফেনসিডিল সম্রাট গোলাম মোস্তফা ও আলি উল্লাহ নামের ২ ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ বিষয় সাতক্ষীরা সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। জানাযায়, ২৩ জুলাই পৃথক দুটি অভিযানে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই রাসেল কবীর ও বিজয় কুমার মজুমদার সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে। সাতক্ষীরা সদর উপজেলার বাকাল শেখ পাড়া গ্রামের শেখ মোজাফফর হোসেনের ছেলে চিহ্নিত মাদক সম্রাট শেখ গোলাম মোস্তফা(২৫)এর নিজ বসতঘর থেকে ২৫ বোতল এবং একই উপজেলার রাজনগর দক্ষিণ পাড়া গ্রামের মৃত এনাম আলীর ছেলে আলি উল্লাহ(৪২)এর বসত ঘর থেকে ১০বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সহ গ্রেফতার করে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে যার নং- ৪৭ এবং ৪৮ তারিখ ২৩/০৭/২২ইং। এ বিষয় সাতক্ষীরা সদর থানার ওসি স,ম কাইয়ুম এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের জেলহাজতে প্রেরন করা হয়েছে।
ফকিরহাটের ক্ষুদ্র ব্যবসায়ীকে ছুরি মেরে টাকা ছিনতাই
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ এলাকায় রেজাউল শেখ (৫৫) নামের একজন খুদ্র ব্যবসায়ীকে ছুরি মেরে গুরুত্বর আহত করে নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছে অজ্ঞাত ছিনতাইকারীরা। শনিবার ভোরে পিলজংগ ইউনিয়নের বলাই ঘোষের দোকান এর পার্শ্বে ভুক্তভোগীর নিজ বাড়ীর সামনে এঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা রেজাউলকে উদ্ধার করে উপজেলা সরকারী হাসপাতালে চিকিৎসা প্রদান করেছেন।
জানা গেছে, মরহুম শামসের আলীর পুত্র রেজাউল শেখ প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী নতুন মসজিদে নামাজ আদায় করে বাড়ির সামনে ভ্যানের জন্য অপেক্ষা করতে থাকেন। এসময় ২টি মটর সাইকেলে আসা ৬জনের একটি মুখোশপরা ছিনতাইকারী দল তাকে টাকার ব্যাগ দিতে বলে। এসময় তিনি কোন কিছু বুঝে উঠার আগেই ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে তার ব্যাগে থাকা নগদ ৬৫০০/-টাকা ছিনিয়ে নিয়ে টাউন নওয়াপাড়া মোড়ের দিকে চলে যায়। তার চিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে এসে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয়রা জানান এর কয়েকদিন পূর্বে পিলজংগ ইউনিয়ন পরিষদ-ভায়া সাধুর সাধের বটতলা সড়কের ধুপা বাড়ির সামনে স্বপন দাশের স্ত্রীর কাছে ১টি মটরসাইকেল চালিয়ে দু’ব্যক্তি বাড়ীর ঠিকানা জানতে চাই। তিনি এগিয়ে এলে তার গলাই থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। উজেলার বিভিন্ন স্থানে এধরনের একাধিক ঘটনা একেরপর এক ঘটেই চলছে বলেও এলাকাবাসির অভিযোগ।
ফকিরহাটে জুয়াখেলার অপরাধে তিন জুয়াড়িকে সাজা প্রদান
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে জুয়া খেলার অপরাধে তিন জুয়াড়িকে দশদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। পুলিশ জানায়, শনিবার (২৩ জুলাই) সকালে ডহর মৌভোগ এলাকায় একটি মৎস্য ঘেরের বাসায় জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন আটককৃতদের দশ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলো ডহর মৌভোগ গ্রামের ননী গোপাল বৈরাগীর ছেলে নরেশ বৈরাগী (৩২), একই গ্রামের কৌতুক হীরার ছেলে আশীষ হীরা (৩৫) ও মৌভোগ গাজাীপাড়ার মুসা গাজীর ছেলে আফজাল গাজী (৪৮)। অভিযানকালে মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম ও এএসআই আব্দুল্লাহ আল মামুন সহ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, জুয়াখেলা বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
মোটরযানে সকলের জন্য সিটবেল্ট ব্যবহার নিশ্চত করতে হবে: রওশন আরা মান্নান এমপি
খবর বিজ্ঞপ্তি
মোটরযানে সকলের জন্য সিটবেল্ট ব্যবহার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশান আরা মান্নান এমপি। সেই সাথে তিনি মোটরযানে সকলের জন্য সিটবেল্ট ও মোটরসাইকেল আরোহীর জন্য মানসম্মত হেলমেট ব্যবহার সংক্রান্ত নীতিমালা সংশোধন ও প্রণয়ন বিষয়েও মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবেন বলে জানান।
শনিবার (২৩ জুলাই) সকাল ১০ টায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের রোড সেইফটি প্রকল্পের প্রতিনিধি দল মতিঝিলস্থ বাসভবনে তার সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ দেশের সড়ক দুর্ঘটনার বর্তমান পরিস্থিতি ও ঢাকা আহ্ছানিয়া মিশনের নিরাপদ সড়ক কার্যক্রম সম্পর্কে অবগত করেন। সেই সাথে সড়ক পরিবহন বিধিমালা দ্রুততর জারির বিষয়ে দৃষ্টি আকর্ষন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেইফটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান এবং অ্যাডভোকেসী অফিসার ডা. তাসনিম মেহবুবা বাঁধন।
উল্লেখ্য, এবার ঈদুল আজহার আগে-পরে মোট ১২ দিনে (৫ জুলাই-১৬ জুলাই) দেশে ২৭৪ টি সড়ক দুর্ঘটনায় ৩১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১১৯৭ জন। নিহতদের মধ্যে নারী ৪৩ জন, শিশু ৫৮ জন। ১৫৪ টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৩ জন, যা মোট নিহতদের ৩৯.৫৪ শতাংশ। সড়কে এই নিহত ও আহতের সংখ্যা হ্রাসে সকলকে সম্মলিতভাবে এগিয়ে আসতে হবে বলে মনে করেন এই সাংসদ।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মহেশপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য অধিদপ্তরের সহকারী কর্মকর্তা আলা উদ্দিন। শনিবার সকাল সাড়ে ১০টায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। এসময় মহেশপুরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আলা উদ্দিন বলেন, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মহেশপুরে বয়ঃসন্ধিকালে হরমোন ও মানসিক পরিবর্তনে সেমিনার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর বয়ঃসন্ধিকালীন সময়ে মেয়েদের হরমোন ও মানসিক পরিবর্তনের বিষয়ে সেনিমার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার ফতেপুর ইউপির শিশুতলা বাজারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে জাহানারা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সুইডেনে একটি হাসপাতালে কর্মরত সাবা সুলতানা আজমিরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, কানিজ ফাতিমা, শারমিন সুলতানা প্রমুখ।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে খুলনার দাকোপে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
মোঃ শামীম হোসেন – বাজুয়া
নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ২৩ থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালিত হবে। দাকোপ উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটির আয়োজনে শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথির বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাধারণ সম্পাদক শেখ মোজাফফার হোসেন, সাবেক সভাপতি শচীন্দ্র মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, জি এম রেজা, সিনিয়ার সহ-সভাপতি যুবায়ের হোসেন লিংকন, সাবেক সিনিয়র সহ- সভাপতি স্বপন কুমার রায়। বক্তৃতা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহা, প্রেসক্লাব যুগ্ম -সাধারণ সম্পাদক মো শামীম হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক জি এম আজম, সাংবাদিক জি এম জাকির হোসেন, বিধান চন্দ্র ঘোষ, মোঃ মামুনুর রশিদ, দীপক সরদার, সোহাগ আহম্মেদ, কার্য্য নির্বাহী সদস্য মজুন ফকির, পারুল বেগম প্রমুখ। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৩ জুলাই মাইকিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচার, সাংবাদিকদের সাথে মতবিনিময়, ২৪ জুলাই র্যালি. উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত, ২৫ জুলাই প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা, ২৭ জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি এবং সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র, ২৮ জুলাই সিআইজি চাষি সুফলভোগীদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ ও দেশীয় মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ, ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।
দাকোপে খড়ায় পুড়ছে ফসলের মাঠ তারপর আবার ভেজাল বীজে বাজার সয়লাব কৃষক দিশেহারা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে খড়ায় পুড়ছে ফসলের মাঠ তারপর আবার ভেজাল বীজে বাজার সয়লাব এলাকার কৃষক দিশেহারা। এলাকা ঘুরে দেখা যায় দাকোপে প্রচণ্ড খরায় মাঠ পুড়ে চৌচির হয়ে যাচ্ছে। এদিকে দীর্ঘ দিন ভারী বৃষ্টি না হওয়ায় সময় মতো জমিতে হাল দিতে পারছেন না কৃষকেরা। দুশ্চিন্তায় পড়েছেন তারা। এমনকি রোদের তাপে ঘর থেকে বের হতে কষ্ট হচ্ছে সকলের। তীব্র তাপে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। খাঁ খাঁ করছে রাস্তাঘাটসহ ফসলি মাঠ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দাকোপ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি মৌসুমে ১৯ হাজার ৪০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ভারী বৃষ্টি না হওয়ায় কৃষকরা জমিতে হাল চাষ করতে পারছেন না। তবে, কিছু এলাকায় নালা এবং পুকুরের পানি সেচ দিয়ে সামান্য পরিমাণ জমিতে ধানের বীজতলা কাজ শুরু হয়েছে। এলাকার কৃষকদের কাজ থেকে জানা যায় প্রতিবছর আষাঢ়ের ১৫ তারিখ থেকে জমিতে ধান রোপণ শুরু করতেন কৃষকরা। খরার কারণে চলতি সৌসুমে তা সম্ভব হয়নি। আজ শনিবার (২৩ জুলাই) দাকোপের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ছিটে-ছাটা দুই এক ফোটা হালকা বৃষ্টি ছাড়া দীর্ঘদিন যাবত ভারী বৃষ্টি না হওয়ায় ফসলি জমি ফেটে চৌচির হয়ে গেছে। খাঁ খাঁ করছে মাঠের পর মাঠ। এর পর আবার এলাকার কিছু আমন চাষী খুব কষ্ট করে যা দুই একজন বীজতলা তৈরি করে বীজ ফেলেছে তা নিয়েও আবার কৃষক মহা চিন্তিত। দাকোপের সকল বাজারে ভেজাল বীজে বাজার ছেয়ে গেছে। বাজার থেকে বীজ কিনে ঠকছে কৃষক। লাউডোব ইউনিয়নের বাদামতলা গ্রামের আমন চাষী বিভূতি বিশ্বাস বলেন বাজুয়া বাজার থেকে মেঘডনাল কোম্পানির ৫ প্যাকেট বীজ দোকানদার আমাকে ভিক্তি বীজ বলে দিয়েছে আমি দোকানদারের কথা মত বীজ কিনে নিয়ে বীজ তলায় ফেলে বোকা হয়েছি বীজ ঠিকমত কলায়নি তারপর আবার যা কলিয়েছে তা আবার ভেজাল কোনটা ২৩ এর বীজ কোনটা অন্য বীজ ঠিক তরমুজের সময়ও কৃষক বাজার থেকে বীজ কিনে একই ভাবে ঠক খেয়ে পথে বসেছে। এখন আমন ধানের বীজ কিনেও একই ভাবে ঠক খাচ্ছে আমার মত শত শত কৃষক। এলাকার স্থানীয় কৃষক বাজুয়া চাঁদপাড়া গ্রামের সুপদ মন্ডল, শ্রীকান্ত মাস্টার, সুনিল রায়, বেড়েখালের নিতাই মালি, গৌরমালি, অনিমেষ মন্ডল, রবীন বাইনসহ অনেকের সঙ্গে কথা বললে তারা বলেন, খরায় মাঠ পুড়ে চৌচির হয়েছে। জমিতে হাল দেওয়া যায়নি। বৃষ্টি হলে এত দিন জমি তৈরি করা হতো, সময়মতো রোপা আমন ধান রোপণ করা সম্ভব হতো। কিন্তু বৃষ্টির কারনে সকলে ধান চাষ নিয়ে চিন্তায় আছে। আমন চাষী নিহার রঞ্জন মন্ডল বলেন দাকোপে বৃষ্টী নেই নেই পানি ও জল। নদী থেকে পানি না উঠালে তরমুজের মতো কৃষকের আবারও করুন দষা হবে। তাই এই মুহুর্তে লাউডোব ইউনিয়নসহ দাকোপের প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডের ইউ ড্রেন গুলোতে পাট লাগতে হবে। এটা অতি জরুরী কারন গেট দিয়ে পানি ওঠালে কোথাও মাজা সমান, আবার কোথাও হাটু পানি হয়ে যায়, এই জন্য ইউ ড্রেন গুলো কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন আমার মনে হয় গেট কমিটিতে যারা আছে তারা কি প্রকৃত কৃষক, কিনা এটাও ক্ষতিয়ে দেখা দরকার। কারন এগুলো পানি উন্নায়ন বোর্ডের আওতায় তাদের প্রতিটা মিটিংয়ে ইউ ড্রেন নিয়ে আলোচনা করা উচিৎ কারন এই এলাকাটা সমতল না। এগুলো কাজে লাগাতে হবে, মাছ মেরে খাওয়ার জন্য সরকার দেয়নি। এগুলো ওয়ার্ড কমিটিকে দেখাশুনার দায়িত্ত্ব দেওয়া উচিৎ বলে মনে করি। এবং এই মুহুর্তে গেটের পাট উঠিয়ে পানি ঢুকাতে হবে তা না হলে কৃষক আবারও তরমুজের মতো জমি ফেলে রেখে ঘরে উঠবে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান বলেন, ‘প্রচণ্ড খরার কারণে কৃষকেরা মাঠে হাল চাষ করতে পারছেন না। বৃষ্টি হতে দেরি হলে নদী ও পুকুর থেকে সেচ দিয়ে জমি তৈরি করে রোপা আমন ধান রোপণ করা যেতে পারে।
রামপালে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে মৎস্য সপ্তাহের কর্মসূচি পালনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অন্জন বিশ্বাস। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা অন্জন বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এইচ, বি, এ সাত্তার, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, রামপাল প্রেসক্লাবের সভাপতি হাওলাদার আ. হাদি, সাধারণ সম্পাদক ও রামপাল সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল আলম বক্তিয়ার, , মো. হাফিজুর রহমান, সুজন মজুমদার, মো. তারিকুল ইসলাম, গোলাম ইয়াছিন রাজু, মেহেদী হাসান প্রমুখ। এ সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, বৈশ্বিক মহামারি করোনার দুর্যোগের কারণে চিংড়ি উৎপাদন বাঁধাগ্রস্ত হলেও মাছের উৎপাদন বেড়েছে। জানান ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। এক পরিসংখ্যানে তিনি জানান রামপালে চিংড়ি উৎপাদন কিছুটা কমেছে। এ বছর গলদা চিংড়ি উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৮২৫ মে. টন, বাগদা উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৯৩০ মে. টন, কার্ফ মাছ ৭ হাজার ৭৮৮ মে. টন, কাকড়া ৬৫৭.৩০ টন ও সাদা মাছ, কুচিয়াসহ অন্যান্য ৪ হাজার ৯৭৭ মে. টনের লক্ষমাত্রা ধরা হয়েছে। তবে তিনি জানান মৌসুমের মাঝামাঝি সময়ে বাগদাদ চিংড়িতে মড়ক লাগায় প্রায় ৬০০ মে. টন উৎপাদন কম হয়েছে তবে সাদা মাছের উৎপাদন বেড়েছে। এ দপ্তর থেকে মাছ চাষে চাষিদের নানাভাবে সহযোগিতা, উঠান বৈঠক, প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়েছে। জনবল সংকটের কারণে কাংখিত সেবা প্রদান করা যাচ্ছে না বলে ও জানান সিনিয়র ওই মৎস্য কর্মকর্তা।
রূপসায় সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
রূপসা প্রতিনিধি :
রূপসায় সাবেক ইউপি চেয়ারম্যান মৃত মোস্তফা কামালের ছেলে জুয়েল কর্তৃক মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩ জুলাই বেলা ১২টায় রূপসা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগমারা গ্রামের মৃত সুলতান শেখ এর ছেলে বালু ব্যবসায়ী আবু হুরাইরা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাগমারা গ্রামের বাসিন্দা আমার চাচা আলহাজ্ব শাহাজান শেখ ও জুয়েলের সাথে বিরোধ ঘটে। এ নিয়ে মামলা-মোকদ্দমা হয়। এঘটনাকে কেন্দ্র করে জুয়েল গত ০৭ জুলাই রূপসা প্রেসক্লারে ও ১৬ জুলাই রূপসা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। রূপসা উপজেলা প্রেসক্লাবে করা সংবাদ সম্মেলনে সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উপস্থাপন করে। সে বলে “১৫ জুলাই আমার ঘেরের কর্মচারি মোঃ রুবেল শেখ এর সাথে আলহাজ্ব শাহাজান শেখের দেখা হলে তখন রুবেলকে গলা চাপ দিয়ে ধরে ধাক্কা প্রদান করে। ওই সময় শাহাজাহানের ভাইপো আবু হুরাইরা অগ্নেয়াস্ত্র বের করে রুবেলের মাথায় ঠেকিয়ে ধরে এবং গ্রাম ছেড়ে চলে যাওয়ার হুমকি প্রদান করেন।” আমার বিরুদ্ধে তার এই অভিযোগে আমি হতবাক হয়েছি।
কেননা আমি ওইদিন ঘটনার সময় ওইখানে ছিলাম না। কিন্তু আমাকে ফাঁসানোর জন্য বিভিন্ন ভাবে হয়রানি করতে উঠে পড়ে লেগেছে এই জুয়েল বাহিনী। তবে আমি মনে করি জুয়েল তার নিজের অপরাধকে ঢাকতে উদর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে। এমনকি এই জুয়েল তার অপরাধ জনিত কর্মকান্ডের কারনে এলাকার সাধারণ মানুষকে চরমভাবে ভাবিয়ে তুলেছে। আমি পেশায় একজন বালু ব্যবসায়ী। ব্যবসা বাণিজ্য করে জীবন-জিবিকা নির্বাহ করি। এলাকার কোন মানুষের সাথে আমার কখনো গোলমাল, মনোমালিন্য বা মত বিরোধ ঘটেনি। ছোট বেলা থেকে সততা ও নিষ্ঠার সাথে পথ চলেছি। অথচ সংবাদ সম্মেলনে আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ করে। জুয়েলের ঘোলা পানিতে মাছ শিকার করা ছাড়া আর কিছুইনা বলে আমি মনে করি। সংবাদ সম্মেলনে তিনি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ডুমুরিয়ায় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মতবিনিময়
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ’২২ উদযাপন উপলক্ষে উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে সপ্তাহ ব্যাপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ লক্ষে শনিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশীদ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আবুবকর সিদ্দিক’র পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক জিএম আব্দুস সালাম, শেখ মাহাতাব হোসেন, মোঃ বিলায়েত হোসেন, এস এম জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ মোড়ল, এস রফিকুল ইসলাম, সুব্রত ফৌজদার, জাহিদুর রহমান বিপ্লব, অরুন দেবনাথ, সাব্বির খান ডালিম, আশরাফুল ইসলাম, সিরাজুল ইসলাম, সুজিত মল্লিক, গাজী আব্দুল কুদ্দুস, মোক্তার হোসেন প্রমুখ। এ সময় উপ¯ি’ত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাস ও মোঃ আশিকুর রহমান। উল্লেখ্য এ কার্যক্রম ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত চলবে। এরমধ্যে ২৪ জুলাই মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধনী, আলোচনা সভা ও মৎস্য চাষী, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের পুরষ্কার। ২৫ জুলাই প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়। ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা। ২৭ জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৮ জুলাই সিআইজি চাষি/সুফলভোগীদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ, মৎস্য চাষিদের দেশীয় প্রজাতির মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ এবং ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।
খুলনায় আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা
তথ্য বিবরনী
খুলনায় কর্মরত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা শনিবার সকালে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, দেশের কর আহরণ ব্যবস্থাকে করদাতা বান্ধব ও ব্যবসা বান্ধব করতে হবে। কর আইনের প্রয়োগের ক্ষেত্রে অতি-কঠোরতা পরিহার করতে হবে একই সাথে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করতে হবে। তিনি আরও বলেন, বিদেশ থেকে পণ্য আমদানির চেয়ে দেশে পণ্য উৎপাদনকে কিভাবে উৎসাহিত করা যায় সে বিষয়ে এখন চিন্তাভাবনা করার সময় এসেছে। দেশজ শিল্প বিকাশের ক্ষেত্রে সরকারের অনুকূল নীতি ও পলিসি রয়েছে। জুয়েলারি শিল্পকে রপ্তানিমূখী করতে চলমান অর্থবছরে অনুকূল করনীতি প্রনয়ণ করা হয়েছে।
অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে আয়কর আইনে আনা পরিবর্তনসমূহের তথ্য নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। এছাড়া কাস্টম হাউস ভিত্তিক গত অর্থবছরের রাজস্ব আদায়ের চিত্র ও চলমান অর্থবছরের পরিস্থিতি তুলে ধরা হয়। একই সাথে বাজেটে আনা মূল্যসংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি) মোঃ মাসুদ সাদিক, খুলনা কর আপীল অঞ্চলের কমিশনার আ স ম ওয়াহিদুজ্জামান, খুলনা কর অঞ্চলের কমিশনার মো: শামীমুর রহমান, যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এর কমিশনার মোঃ মোয়াজ্জেম হোসেন, বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোঃ আজিজুর রহমানসহ আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রৈমাসিক সমন্বয় সভায় উপকূলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবী
শ্যামনগর প্রতিনিধি, সাতক্ষীরা।
২৩ জুলাই (শনিবার) সকাল ১০:০০ টায় সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় স্বদেশ, কাটিয়া, সাতক্ষীরাতে ত্রৈমাসিক সমন্বয় সভায় উপকূলের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবী করা হয়েছে।
জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সদস্য ও সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সদস্য ফরিদা আক্তার বিউটি, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ প্রমূখ।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারনে অত্যন্ত ঝূঁকিপূর্ণ। যেখানে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। সাইক্লোন, জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবনাক্ততা বৃদ্ধি ইত্যাদি নিত্যদিনের সঙ্গী। দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলের সংকটকে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং উপকূলের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম কাজ করে যাচ্ছে।
গত কয়েক বছর আগে উচ্চ জোয়ারের প্রভাব এত প্রকট না থাকলেও গত বছর এবং সম্প্রতি উচ্চ জোয়ারের প্রভাবে উপকূলের বেড়িবাঁধ উপচিয়ে লবণ পানি লোকালয়ে প্রবেশ করে মানুষকে ঘর ছাড়া করেছে। খাদ্য, পানি সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণের সংকট প্রকট আকার ধারণ করেছে।
উক্ত সভায় উপকূলের সংকটে করনীয় বিষয়ক আলোচনা হয়। উপকূলে জরুরী টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির স্থায়ী সমাধান ও উপকূলের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবী তুলে ধরা হয়।
সভায় বক্তারা বলেন, টেকসই বেড়িবাঁধের জন্য সরকারী মহলে অনেক তদবির করেও এখনও তার সমাধান হয়নি। সম্প্রতি একনেকে ১৩, ১৪ এবং ১৫ নং পোল্ডারের জন্য আলাদা অনুমোদন হলেও তার কাজ এখনও শুরু হয়নি। এছাড়া দুটি বাজেট দিয়ে গোটা উপকূলের বেড়িবাঁধ তৈরি করাও সম্ভব নয়। বর্ষা মৌসুমে আবারও উপকূলের ভয়াবহ ক্ষতির সম্ভাবনা বিরাজ করছে। উপকূলের সংকট সমাধানে উপকূলের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরী।
বক্তারা আরও বলেন, সাতক্ষীরাতে খাল খননের নামে যে কাজ চলছে তা আরও জলাবদ্ধতা তৈরি করবে। ফলে জলাবদ্ধতা নিরসনে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন।
শেষ হলো নিষেধাজ্ঞা, মোংলার উপকূলের জেলেদের সমু্দ্ের যাত্রার প্রস্তুতি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
২৩ জুলাই শনিবার রাত ১২টায় শেষ হচ্ছে বঙ্গোগসাগরে ৬৫ দিনের মাছ আহরণের নিষেধাজ্ঞা। ফলে মোংলার সুন্দরবন ও সমুদ্র উপকূলের জেলেরা প্রস্তুতি নিচ্ছেন সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য। শনিবার দুপুরে উপজেলা চিলা, জয়মনি ও কানাইনগর এলাকায় গিয়ে দেখা গেছে সমুদ্রগামী জেলেরা তাদের নৌকা, ট্রলার ও জাল প্রস্তুতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন মৌসুম হওয়াতে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে সকল ধরণের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেন মৎস্য অধিদপ্তর। মাছের ডিম পাড়া, বংশ বিস্তার ও উৎপাদন বৃদ্ধির জন্য এ নিষেধাজ্ঞা দেয়া হয়। শনিবার দিবাগত রাত ১২টায় উঠে যাবে এ নিষেধাজ্ঞা। ফলে জেলেরা রাত থেকেই মাছ শিকার করতে পারবেন সমুদ্রে। মোংলার বিভিন্ন এলাকার প্রায় ৩ সহস্রাধিক সমুদ্রগামী জেলে সাগরে যাওয়া প্রস্তুতি নিয়েছেন। এরমধ্যে নিবন্ধিত সমুদ্রগামী জেলের সংখ্যা ২৬৪০ জন।
জাতীয় মৎস্যজীবি সমবায় সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জালাল শেখ জানান, ৬৫ দিনের অবরোধ শেষ হচ্ছে শনিবার রাত ১২টায়। দীর্ঘদিন এসব জেলেদের জাল, নৌকা ও ট্রলার ঘাটে পড়ে থেকে তস প্রায় নষ্টের উপক্রম হয়েছে। তাই সেগুলো তারা এখন মেরামত ও ধুয়ে মুছে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের জেলে রশিদ হাওলাদার, সোবহান মাতুব্বর, জাহিদ ব্যাপারী ও চিলা ইউনিয়নের কাটাখালীর আবজাল হোসেন এবং জয়মনির ওদিয়ার রহমান বলেন, ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকায় আমরা খুব কষ্টে জীবনযাপন করেছি। অবরোধ চলাকালে দুই দফায় ৫৬ ও ৩০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও পেয়েছি মাত্র একবার ৫৬ কেজি। আর দ্বিতীয় দফার ৩০ কেজি কেউই এখনও পর্যন্ত পাইনি। প্রথম দফায়ও সবাই পায়নি, সামান্য কেউ কেউ পেয়েছেন। আবার দুই দফার কোনটিই পাননি বেশির ভাগ জেলেরা। তারপরও অবরোধ শেষ হতে যাওয়া আমরা সব কিছু নিয়ে সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। জাল, নৌকা ও ট্রলার নিয়ে সাগরে যেতে অনেক খরচ পড়ে যায়। জ্বালানী তেলের দামও বেড়েছে, খেয়ে-দেয়ে এক একজন ভাগে কি পাবো, কি পাবোনা তা নির্ভর করছে সাগরে মাছ পাওয়ার উপর। ভাল মাছ হলে খরচ খরচা বাদে খেয়ে পরে বেঁচে থাকতে পারবো। এমনিতেই তেমন কোন সাহায্য সহযোগীতা পাইনা, ধার-দেনা ও ঋনে জর্জরিত আমরা। আর মাছ না পেলে না খেয়েই মরতে হবে আমাদের।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
তথ্য বিবরনী
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালিত হবে। খুলনা জেলায় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। সভায় জানানো হয়, বাংলাদেশে মাছের বার্ষিক উৎপাদন ৪৬ লাখ ২১ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে। দেশের মোট জনগোষ্ঠীর ১১ শতাংশের বেশি অর্থাৎ এক কোটি ৮৫ লাখের বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবিকার জন্য মৎস্য খাতের ওপর নির্ভরশীল। দেশের জিডিপিতে মৎস্য খাতের অবদান ৩.৫৭ শতাংশের বেশি। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু দৈনিক ৬০ গ্রাম মাছের চাহিদার বিপরীতে খাবার হিসেবে মাছ গ্রহণের পরিমাণ ৬২.৫৮ গ্রাম। খুলনা জেলায় ২০২১-২২ অর্থবছরে মাছের মোট উৎপাদন হয়েছে ৮৮ হাজার ৮১ মেট্রিক টন যা জেলার চাহিদার চেয়ে ৩১ হাজার আটশত ৪৯ মেট্রিক টন বেশি। একই সময়ে জেলায় চিংড়ি মাছের উৎপাদন হয়েছে ২৭ হাজার চারশত ৫৩ মেট্রিক টন। চিংড়ি মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলায় দ্রুত বর্ধনশীল ভেনামি চিংড়ির পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে। এছাড়া জেলায় কার্প জাতীয় মাছ, ইলিশ, শুটকি, কুঁচিয়া, সামদ্রিক মাছ উৎপাদন ও আহরণের পরিমাণ প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে।
সভায় খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, জেলা মৎস্য কর্মকর্তা জয়বেদ পাল, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পদক মামুন রেজা, সিনিয়র সাংবাদিক এসএম জাহিদ হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আরও জানানো হয়, ২৪ জুলাই সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সাড়ে নয়টায় হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি, ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, পৌনে ১২টায় সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান এবং দুপুর সাড়ে ১২টায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এই অনুষ্ঠান প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। ২৫ জুলাই সকাল ১০টায় গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ২৬ জুলাই সকাল ১০টায় খুলনা বিশ^বিদ্যালয় লেকে মাছের পোনা অবমুক্ত করা হবে। ২৭ জুলাই খুলনা শ্রিম্প টাওয়ারে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং দুপুর ১২টায় আড়ংঘাটায় মাছচাষ বিষয়ক পরামর্শ, সেবা প্রদান, পুকুরের মাটি ও পানির গুণাগুণ পরীক্ষা করা হবে। ২৮ জুলাই সকাল ১০টায় গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে সুফলভোগীদের মাঝে মাছচাষের উপকরণ বিতরণ করা হবে।
২৯ জুলাই সকাল ১০টায় গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হবে।
হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু
খুলনাঞ্চল রিপোর্ট
দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে ৭৪ টন ওজন সম্বলিত দুটি চালবাহী ট্রাক দেশে প্রবেশ করে।
নওগাঁর একে ট্রেডিং নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব চল আমদানি করেছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, চাল আমদানিতে ৬২.৫ ভাগ শুল্ক আরোপ থাকায় গত ৩১ আগস্টের পর থেকে বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। সম্প্রতি সরকার চালের আমদানি শুল্ক কমিয়ে ২৫ ভাগ করায় ও আমদানির অনুমতি দেওয়ায় দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় পর আবার চাল আমদানি শুরু হয়েছে।
খুলনায় করোনায় আরও একজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে বেল্লাল (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ১৮ জুলাই বিকাল সাড়ে ৪টার দিকে এ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মারা যান তিনি। এ নিয়ে খুলনায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮০৪ জনে।
শনিবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত নতুন চার জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে খুলনায় করোনায় মোট শনাক্তের সংখ্যা ৩২ হাজার ৩৭৩ জন। তাদের মধ্যে ৩১ হাজার ৩১৬ জন সুস্থ হয়েছেন।
খুলনা করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার শনিবার সকালে এসব তথ্য জানান।
তিনি জানান, ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে শনিবার সকাল ৮টা পর্যন্ত ১৮ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে আইসিইউ ও এইচডিইউতে পাঁচ জন, রেড জোনে তিন জন এবং ইয়ালো জোনে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
ছিনতাইয়ের ঘটনায় ইবির আরও এক শিক্ষার্থী বহিষ্কার
খুলনাঞ্চল রিপোর্ট।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে কাভার্ডভ্যান আটকে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করে।
বহিষ্কৃত শিক্ষার্থী হলেন- বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আল-আমিন হোসেন। তিনি শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার (১৮ জুলাই) মধ্যরাতে ক্যাম্পাসের প্রধান ফটকে চাকা ফেটে দাঁড়িয়ে পড়ে মালবাহী একটি কাভার্ডভ্যান। ওই গাড়ির চালক ও সহযোগীকে মারধর করে পাঁচ হাজার টাকা ও গাড়ির চাবি ছিনিয়ে নেন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিক কাব্য ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন হোসেন।
অস্ত্রসহ মহড়ার ঘটনায় রেজওয়ান সিদ্দিক কাব্যকে ইতোমধ্যে সাময়িক বহিষ্কার ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইভাবে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের আল-আমিনকে সাময়িক বহিষ্কার ও পূর্বে গঠিত তদন্ত কমিটিকে এ ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
নগর স্বেচ্ছাসেবক দলের ৩ ওয়ার্ডের কমিটি গঠন
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার অন্তর্গত খালিশপুর থানার ৭, ৮, ১১নং ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নগর স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলাল ও সাধারণ সম্পাদক ফারুক হিলটন কমিটির অনুমোদন দিয়েছেন। আজ শনিবার (২৩ জুলাই) নগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ নাসির উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
ঘোষিত কমিটিগুলো হলো: ৭ নং ওয়ার্ডে লিয়াকত হোসেন কালামকে আহবায়ক, মোঃ নুরউদ্দিনকে যুগ্ম আহবায়ক ও মোঃ সাদ্দাম হোসেনকে সদস্য সচিবসহ ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
৮ নং ওয়ার্ডে মোঃ মুশফিকুর চৌধুরী জনি আহবায়ক, মোঃ খোকনকে যুগ্ম আহবায়ক ও মোঃ ফরিদ হোসেনকে সদস্য সচিবসহ ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
১১ নং ওয়ার্ডে মীর মোঃ আলামিনকে আহবায়ক, নাছির উদ্দিনকে যুগ্ম আহবায়ক ও মোঃ সাইদুল ইসলাম তুহিনকে সদস্য সচিবসহ ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে আগামী নব্বই দিনের ভিতরে সকল ওয়ার্ড ও ইউনিয়ন সমূহের পূর্ণাঙ্গ কমিটি প্রদান করার জন্য সকল ওয়ার্ড ও ইউনিয়নের নবগঠিত আহবায়ক কমিটিকে নির্দেশ প্রদান করা হয়।
খুলনার উন্নয়নে আগামী নির্বাচনে আ‘লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে: সেখ জুয়ের এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নব-নির্বাচিত ওয়ার্ড কমিটির পরিচিতি ও কর্মীসভা শনিবার বিকাল ৪টায় ওয়ার্ডের ঈদগাহ স্কুল চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
সম্মানিত অতিথির বক্তৃতায় সেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের কারণে করোনাকালীন সময়ে পৃথিবীর অনেক দেশের আগে আমরা ভ্যাকসিন পেয়েছি। যার ফলে আমাদের দেশে করোনায় মৃত্যুর হার অনেক কম। তাঁর একক সিদ্ধান্তে আমাদের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়িত হয়েছে। সেই সাথে চলমান রয়েছে বিভিন্ন মেগা প্রকল্পের কাজ। যেগুলোর বাস্তবায়ন হলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে। স্বপ্নের পদ্মা সেতুর সরাসরি উপকার পাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষজন। সেই সাথে দেশের অর্থনীতিতে রাখবে বিরাট ভূমিকা। পদ্মা সেতুর ফলে দেশের প্রবৃদ্ধি ১ শতাংশের উপর বৃদ্ধি পাবে। রূপকল্প ২০৪১ বাস্তবায়িত হলে অন্যান্য দেশকে আমরা সাহায্য করতে পারবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, খুলনায় উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আরো ১৪শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। ইতিমধ্যে খুলনায় আইটি পার্ক স্থাপনের কাজ চলমান রয়েছে। যেটি সম্পন্ন হলে প্রায় সাড়ে ৩হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। খুলনায় অনেক উন্নয়ন কাজ এখনও চলমান রয়েছে। আর এসব উন্নয়ন কাজ চলমান রাখতে মেয়র হিসেবে তালুকদার আব্দুল খালেকের কোন বিকল্প নেই। কর্মবীর এ মানুষটি খুলনার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে তালুকদার আব্দুল খালেককে নির্বাচিত করে আপনারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। সেই সাথে আগামী নির্বাচনে খুলনার উন্নয়নে আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনার উন্নয়নে অনেকেই প্রতিশ্রুতি দিয়েছিলো। তবে আওয়ামী লীগ ছাড়া কোন সরকারই খুলনার উন্নয়নে কাজ করেনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে সম্প্রতি সময়ে ১৪শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তিনি খুলনাসহ এ অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। শিল্পাঞ্চল খুলনার হারানো গৌরব ফিরিয়ে আনতে অচিরেই বন্ধ জুট মিলগুলোকে বেসকারীভাবে চালু করা হবে। নতুন নতুন শিল্পকারখানা স্থাপন করা হবে। অর্থনেতিক জোন স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়তে সেখ সালাহউদ্দিন জুয়েলকে সংসদ সদস্য হিসেবে মনোয়ন দিয়েছেন। সেখ সালাহউদ্দিন জুুয়েল ও তার পরিবার সব সময় খুলনাবাসীর সাথে রয়েছেন। আগামী সংসদ নির্বাচনে সেখ জুয়েলকে আবারো বিজয়ী করে খুলনার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
এসময়ে অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খন্দকার মজিবর রহমান, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, কার্য নির্বাহী কমিটির সদস্য এস এম আকিল উদ্দিন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মওলা শানু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম। ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, মো. জাহাঙ্গীর হোসেন খান, মো. মফিদুল ইসলাম টুটুল, মো. তরিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, কাউন্সিরল মো. গাউসুল আজম, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর মাহমুদা বেগম, চৌধুরী রায়হান ফরিদ, মীর বরকত আলী, মো. মোক্তার হোসেন, মো. আকবর আলী খান, টুটুল মোস্তাক, চ. ম. মজিবর রহমান, মো. ইউসুফ আলী খান, হাফিজুর রহমান হাফিজ, শওকত হোসেন, মো. শহীদুল হাসান, মাসুম উর রশীদ, জিহাদুর রহমান, মাহমুদুল ইসলাম সুজন, মাহমুুদুর রহমান রাজেস, এম এ হাসান সবুজ, মো. রুম্মান আহমেদসহ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আ‘লীগ নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এমপি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নালিল্লাহি রাজিউন)। তিনি শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, সন্ত্রান সহ অসংখ্য গুনগ্রাহী এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এমপির মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।










































