Home আঞ্চলিক ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন বাস্তবায়ন ত্বরান্বিত করতে হবে’

‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন বাস্তবায়ন ত্বরান্বিত করতে হবে’

15

খবর বিজ্ঞপ্তি।।

খুলনায় অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা বলেছেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন বাস্তবায়ন ত্বরান্বিত করতে হবে। সংখ্যালঘুদের উপর নির্যাতনের দ্রুত বিচার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত “অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন বাস্তবায়ন ও সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ : সরকার ও নাগরিকদের ভূমিকা” শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেলভূক্ত ৯টি জাতীয় মানবাধিকার সংগঠন এবং রূপান্তর-এর যৌথ আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সরকার অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন করলেও প্রশাসনিক দীর্ঘসূত্রিতার কারণে সংখ্যালঘুরা এর সুফল পাচ্ছেন না বরং তাদের ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি হ্যাক করে, ভূয়া আইডি তৈরি করে সাম্প্রদায়িক উষ্কানীমূলক পোস্ট দিয়ে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে। যারা এটা করছে তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সব ধরণের নির্যাতন থেকে রক্ষা পেতে সংখ্যালঘুদের ইস্পাতের মতো কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি কাজল দেবনাথ, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সম্মিলিত সামাজিক আন্দোলনের অ্যাডভোকেট তবারক হোসেন, এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর নির্বাহী পরিচালক শামসুল হুদা, ব্লাস্ট-এর ইউনিট সমন্বয়কারী অ্যাডভোকেট অশোক কুমার সাহা। অনুষ্ঠানের শুরুতে অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন বাস্তবায়ন-এর বিদ্যমান পরিস্থিতির উপর প্রবন্ধ উপস্থাপন করেন এএলআরডি’র সহকারী সমন্বয়কারী এড. রফিক আহমেদ সিরাজী।

মুক্ত আলোচনায় অংশ নেন খুলনার বিশেষ আদালতের পিপি অ্যাডভোকেট অলোকানন্দা দাস, কয়রা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কমলেশ সানা, আওয়ামীলীগ নেতা শ্যামল সিংহ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক শ্যামল দাস, মহানগর সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, সাবেক জিপি অ্যাডভোকেট বিজন মণ্ডল, সাংবাদিক কৌশিক দে বাপী, অধ্যাপক গৌতম কুণ্ডু প্রমূখ।

অনুষ্ঠানে আইনজীবীবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।