Home আঞ্চলিক কালীগঞ্জে যাযাবর জীবনের অবসান ৫৯ বেদে পরিবারের

কালীগঞ্জে যাযাবর জীবনের অবসান ৫৯ বেদে পরিবারের

27

 

সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥

কখনও রাস্তার ধারে,রেল ষ্টেশনের পাশে অথবা নৌকার মধ্যে ঝুপড়ি ঘরে ছিল তাদের বসবাস। এক সপ্তাহে এখানে থাকলেও পরের সপ্তাহে পাওয়া যেতো অন্য এলাকায়। ঘরবাড়ি না থাকায় এমনিভাবেই তাদের পেশাগত কারনে তারা সারাদেশে ঘুরে বেড়াতো। আজ প্রধানমন্ত্রির দেয়া পাকা ঘর পেয়ে তাদের সে যাযাবর জীবনের অবসান ঘটলো। বৃহস্পতিবার সকালে সারাদেশের সঙ্গে ঝিনাইদহ কালীগঞ্জের ৫৯ টি বেদে পরিবারও গৃহহীনদের জন্য নির্মিত পাকা ঘর পেয়ে তাদের খুশির সীমানেই। সরকারী উদ্যোগের মাধ্যমেই তারা মুলধারার জনগোষ্টির সঙ্গে একত্রিত হতে পেরে তারা বেজায় খুশি।

কালীগঞ্জের বেদে পল্লীর সদস্যরা জানান, নিজেদের জমি বসতভিটে না থাকায় তারা যেখানে পেশাগত কাজ মিলতো সেখানেই অস্থায়ী ঝুপড়ি ঘর অথবা তাবু টানিয়ে থাকতো। এমন ছিন্নমুল ৫৯ টি বেদে পরিবারের সদস্যরা অত্যন্ত কষ্টে জীবনযাপন করতো। এ সকল পরিবার প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে তারা আজ মাথা গোজার ঠাই পেলো। এখন থেকে তারা পাকা ঘরে বসবাস করবে। নতুন উদ্যমে জীবন শুরু করার সুযোগ পেয়ে বেদে পল্লীতে খুঁশির অন্ত নেই।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সূত্রে জানাগেছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আশ্রয়ন-২ প্রকল্পের অধীন ৩য় ধাপে নির্মিত পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের মাঝে ওই ঘরের চাবি ও দলিল বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে। এই প্রথম ঝিনাইদহের কালীগঞ্জে একই জায়গায় গৃহহীন ৫৯টি বেদে পরিবারের জন্য নির্মান করা হয়েছে পাকা ঘর। প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫’শ টাকা। কালীগঞ্জ শহর থেকে ১৫ কিঃ মিঃ দুরে বারোবাজার মাঝদিয়া বাওড়ের কিনারে নিরিবিলি পরিবেশে নির্মিত ওই পাকা ঘরে নতুন জীবনের স্বপ্ন আজ বাস্তবে রুপ নিলো। সেখানে শিশুদের বিনোদনের জন্য করা হয়েছে পার্ক করে বেশ কিছু রাইডও বসানো হয়েছে। আরও বিনোদনের জন্য সরকারী পদক্ষেপ গ্রহন করা হবে। আর শিশুদের জন্য করা হবে শিক্ষার ব্যবস্থা।

সরেজমিনে উপজেলার বারোবাজার ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে গিয়ে দেখা যায়, মাঝদিয়া বাওড়ের ধারেই নির্মান ৫৯টি পাকা বাড়ির মনোরম এক দৃশ্য। যেখানে প্রায় ৩ শতাধিক বেদে পুরুষ মহিলাদের উপস্থিতিতে আনন্দের বন্যা বইছে। গ্রাম বাংলার বেদে সম্প্রদায়ের ইতিহাস ঐতিহ্যের কথা মাথায় রেখেই জলাধারের পাশেই ঘরগুলি নির্মান করা হয়েছে। প্রতি পরিবারের জন্য দুইটি রুম, একটি রান্না ঘর ও একটি পাকা টয়লেট নির্মান করা হয়েছে। এছাড়্ওা বিদ্যুৎ সংযোগ প্রস্তুত রাখাসহ স্থাপন করা হয়েছে গভীর নলকূপ।

বারোবাজার বেদে পল্লীর সদস্য ফুলমতি বেগম প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এখন আমরা পাকা ঘরে থাকবো। নতুন ভাবে জীবন শুরু করবো।

কাশীপুরের বেদে সদস্য কাঞ্চন বিবি জানান, জীবনে কখনো ভাবতেও পারেননি পাকা ঘরে ঘুমাবো। তাই পাকা ঘরে উঠতে পেরে খুশি। তিনি বলেন, এর আগে অন্যের জমিতে ঝুপড়ি ঘর বেধে যাযাবর জীবন যাপন করতাম। সে জীবনের আজ অবসাস ঘটলো। এখন থেকে সন্তানদের নিয়ে জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবো।

কালীগঞ্জ বেদে সম্প্রদায়ের সর্দার রেজাউল ইসলাম জানান, এ উপজেলায় প্রায় ৭’শ বেদে পরিবার রয়েছে। তাদের অনেকেই গৃহহীন ও ভুমিহীন। কাশিপুর ও বারোবাজার এলাকার গৃহহীন ও ভুমিহীন বেদে পরিবার এই ঘরগুলো পেয়েছে। ঘরের চাবি হাতে পেয়ে তারা নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কালীগঞ্জে ৫৯টি বেদে পরিবারের জন্য ওই পাকা ঘর নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, বেদে সম্প্রদায়ের সদস্যরা অত্যন্ত অসহায়। তারা সমাজে মানবেতন জীবনযাপন করে থাকেন। তাদের পরিবারের জীবযাত্রার মান উন্নয়নসহ বিভিন্ন সুযোগ সুবিধা রাখা হয়েছে আশ্রায়নের ওই বেদে পল্লীতে। মুল কথা এসব পিছিয়ে পড়া মানুষগুলো মুলধারার জনগোষ্টির সাথে আনতে পারলে সকলেরই ভালো লাগার মত। ঘর পাওয়া মানুষগুলো আজ খুশির জোয়ারে ভাসছে।