নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট।।
বাগেরহাটে ৫০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা আশ্রয়ন প্রকল্পের মানুষের সাথে যুক্ত হন। সেখানে উপকার ভোগীদের সাথে কথা বলেন।
এসময়, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী ও বাগেরহাট ও বাগেরহাট ৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার, বাগেরহাট ৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান,পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ভূমিহীন হিসেবে ঘর পাওয়া স্বাভাবিক জীবনে ফেরা বনদস্যু আব্দুল হান্নান সরদার বলেন, খুবই বিপদজনক জীবনে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় উদ্বুদ্ধ হয়ে দস্যুতা ছেড়েছি। দস্যুতা ছাড়ার পরে আর্থিকভাবে খুবই কষ্টে দিন পাড় করতাম। খেয়ে না খেয়ে মানুষের বাড়িতে থেকে দিনকাটত স্ত্রী সন্তান নিয়ে। আজ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পেয়েছি। সেই সাথে প্রধানমন্ত্রী আমার সাথে কথা বলেছেন। এই আনন্দ প্রকাশের ভাষা আমার জানা নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলা হতদরিদ্র নিরোধ ঋষি বলেন, কখনও ভাবিনি দালানের ঘরে থাকব। আজ দালান ঘরও পেয়েছি। আবার প্রধানমন্ত্রী আমার সাথে কথা বলেছে। এমন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি। প্রধানমন্ত্রী যেন আমার মত আরও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারে সেই কামনা করি।
‘মুজিবর্ষ উপলক্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় সারাদেশের ন্যায় এবার বাগেরহাট জেলার ৯টি উপজেলায় ৫০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। দুই রুমের পাকা টিনসেডের প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা। বাগেরহাটে এবার ঘর পাওয়াদের মধ্যে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সুন্দরবনের আত্মসমর্পনকৃত ১৩ জন বনদস্যুকেও এই ঘর প্রদান করা হয়েছে।











































