Home আঞ্চলিক রাজবাড়ী পদ্মা নদীতে দুই পাঙ্গাসের দাম ৬২ হাজার টাকা

রাজবাড়ী পদ্মা নদীতে দুই পাঙ্গাসের দাম ৬২ হাজার টাকা

12

খুলনাঞ্চল ডেস্ক।।

রাজবাড়ীতে পদ্মা নদীতে জেলের জালে ৪৭ কেজি ওজনের দুটি পাঙাস মাছ ধরা পড়েছে। মাছ দুটি ৬২ হাজার ২৫ টাকায় বিক্রি করা হয়েছে। আজ বুধবার ভোর ৬টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাহিরচর এলাকার পদ্মা নদীতে সিরাজগঞ্জ এলাকার জেলে বুদ্দু হালদারের জালে ২৮ ও ১৯ কেজি ওজনের মাছ দুটি ধরা পড়ে।

বুদ্দু হালদার বলেন, ‘খুব ভোরে ট্রলারে করে পদ্মায় মাছ শিকার করতে বের হই। নদীতে জাল ফেলে মাছ না পেয়ে হতাশ হয়ে যাই। শেষবার ভেবে আরেকবার নদীতে জাল ফেলি। ভোর ৬টার দিকে জাল তুলতেই বিশাল মাছ দুটি ভেসে ওঠে। মাছ বিক্রির জন্য দৌলতদিয়ার কেসমত মোল্লার মৎস্য আড়তে তোলা হলে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা উন্মুক্ত নিলামে ৬২ হাজার ২৫ টাকায় কেনেন।’

দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ‘সকাল ৮টার দিকে দৌলতদিয়ার কেসমত মোল্লার মাছের আড়ত থেকে উন্মুক্ত নিলামে ২৮ কেজি ওজনের পাঙ্গাসটি প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা এবং ১৯ কেজি ওজনের পাঙ্গাসটি প্রতি কেজি ১ হাজার ২৭৫ টাকা দরে দুটি মোট ৬২ হাজার ২৫ টাকায় কিনি। মাছ দুটি বিক্রির জন্য দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেছি।’

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ বলেন, এখন নদীতে পানি বৃদ্ধির কারণে বড় মাছ পাওয়া যাচ্ছে। আগামী প্রজন্মের জন্য এ মাছের স্থায়ী অভয়াশ্রম তৈরী করা গেলে এমন মাছের বংসবৃদ্ধিসহ আরও বেশি মাছ পাওয়া যেত।