Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

26

যশোরে কলেজ ছাত্রী অপহরনের অভিযোগে মামলা

যশোর অফিস

বিয়ের প্রলোভন দেখিয়ে এইচএসসি পরীক্ষার্থী নাহিদা ইয়াসমিন (১৭)কে ভোর রাতে অপহরনের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অপহৃতা নাহিদা ইয়াসমিনকে উদ্ধার করলেও অপহরণকারী ফিরোজ হোসেনকে গ্রেফতার করতে পারেনি। সে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার মতমপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের এরশাদ আলীর ছেলে র্নু ইসলাম শনিবার রাতে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তার মেয়ে নাহিদা ইয়াসমিন যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী।  আসামী ফিরোজ লম্পট ও দুস্কৃতিকারী। ফিরোজ হোসেনের এক আত্মীয়র বাড়ি নুর ইসলামের বাড়ির পাশে থাকার সুযোগে ফিরোজ আসা যাওয়া করতো। সেখান থেকে নাহিদা ইয়াসমিনকে নানাভাবে উত্যক্তসহ ফুসলাতো। গত ২৩ এপ্রিল ভোর রাত সাড়ে ৫ টায় নাহিদা ইয়াসমিন বাড়ির সামনে পায়ে হাটার এক পর্যায় ফিরোজ দুই মোটর সাইকেল যোগে ওৎপেতে থেকে নাহিদা ইয়াসমিনকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ফিরোজ হোসেনের বাড়ি হতে নাহিদা ইয়াসমিনকে উদ্ধার করে। ফিরোজ হোসেনকে গ্রেফতার করতে পারেনি।

নবান্ন সমাজ কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ

যশোর অফিস

করোনায় কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে নবান্ন সমাজ কল্যাণ সংস্থা। শনিবার তারা শহরের গরীব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে। এম কে রোডের পৌর বিতানস্থ সংস্থার কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত, সংস্থার সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ লিটন, কোষাধ্যক্ষ চৌধুরী আশরাফুল ইসলাম মিলন, সাংবাদিক মিরাজুল কবীর টিটো, আশরাফুল আলম সেলিম, মোর্তুজা আলী, কাজী শাহেদুচ্ছালাম, আবু জাফর মুকুলসহ সংস্থার সদস্যরা। বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল চাল, ডাল, আলু ও সাবান।

যশোর করোনায় চিকিৎসকসহ নতুন শনাক্ত ১৪

বিশেষ প্রতিনিধি

যশোরে রবিবার ২৬ এপ্রিল  ১৪ জন নতুন শনাক্ত হয়েছে। শনিবার পর্যন্ত যশোরে করোনা শনাক্ত ছিল ১৫ জন। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ল্যাবে রবিবার আরো ২৭ জনের কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। এর মধ্যে যশোরের ৪২টি নমুনার মধ্যে ১৪টি, ঝিনাইদহের ১৫টি নমুনার মধ্যে ৮টি, নড়াইলের ৪টি নমুনার মধ্যে ৩টি, মাগুরার ৫টি নমুনার মধ্যে ২টিসহ মোট ৬৬টি নমুনা পরীক্ষা করে ২৭টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। এর আগে শনিবার যশোরে ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। মাত্র ৪১ টি নমুনা পরীক্ষা করেই ৯ জনের শরীরের এই মারাত্মক জীবাণুর অস্তিত্ব মেলে।

বেনাপোলে শাশুড়ীর মাথায় জামাইর পিস্তলের আঘাত

যশোর অফিস

পাওনা টাকা চাওয়ার অপরাধে বেনাপোলে জামাই ও তার ভাই পিস্তল দিয়ে শাশুড়ীর মাথায় আঘাত করেছে বলে অভিযোগ করেছেন আনোয়ারা বেগম আনু নামে এক নারী। শুক্রবার এ নারীকে তার জামায় মাথায় আঘাত করে।

আনোয়ারা বেগম অভিযোগ করে বলেন নামাজ গ্রামের শিমুল হোসেন তার জামাই। আমি তাকে বিভিন্ন সময় ব্যবসা করতে ১ লাখ ৭০ হাজার টাকা ধার দেই। এখন করোনা ভাইরাসের কারনে আমার ব্যবসা বানিজ্য না থাকায় খুব অসুবিধার মধ্যে থেকে জামাইকে আমার পাওনা টাকা থেকে কিছু টাকা চিকিৎসার জন্য দিতে বলি। এতে জামাই আজ কাল করে আমাকে ঘুরাতে থাকে। এমতবস্থায় শুক্রবার তার সাদিপুরের বাসায় যেয়ে টাকা চাইলে সে ও তার ভাই মুন্না আমাকে মারধর করে। এবং পিস্তলের বাট দিয়ে আঘাত করে। এতে আমার মাথা কেটে যায়। এরপর আমি চিকিৎসার ব্যবস্থাপত্র নিয়ে বাসায় আসলে আমার নিকট থেকে কৌশলে জামাইর পাঠায় দেওয়া এক যুবক ওই ব্যবস্থা পত্র নিয়ে যায়।

এদিকে শিমুলের কাছে বিষয়টি জানতে চাইলে সে বলে এটা মিথ্যা কথা। আমার কাছে সে কোন টাকা পাবে না। আমার শাশুড়ী একজন খারাপ মানুষ। তার ব্যবহার ও ভালো নয়। পিস্তল দিয়ে মাথায় আঘাতের কথা সে উড়িয়ে দিয়ে বলে আমার স্ত্রী তাকে টুল দিয়ে মাথায় আঘাত করেছে। তাতে তার কপাল কেটে রক্ত বের হয়েছে।

শিমুলের স্ত্রী বলে আমার মায়ের ব্যবাহার ভালো নয়। যার জন্য আমার পিতা তাকে তাড়িয়ে দিয়েছে। আমার পিতার বাড়ি যশোর। মা বেনাপোল ভাড়া থাকে। আমি নিজে তার আচারনে ক্ষুব্ধ হয়ে তাকে মেরেছি। আমার স্বামী বা দেবর তাকে কেউ মারে নাই।

বেনাপোল থানায় এ ব্যাপারে কোন অভিযোগ হয়েছে কি না জানতে চাইলে ডিউটি অফিসার বলেন এরকম কোন অভিযোগ হয়নি। তবে অভিযোগ পেলে বিষয়টি আমরা দেখব।

মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে অসহায়দের পাশে বেগম মোশাররফ হোসেন

যশোর অফিস

দেশজুড়ে করোনা ভাইরাস সংক্রমণে সাধারণ ছুটি থাকায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষ পেটে ক্ষুধা করছে অন্যরকম এক লড়াই। কাজ না পেয়ে নিম্ন আয়ের লোকজন সাহায্যের আশায় রাস্তা-ঘাট বাজারের বাড়ির পাশে ভিড় করছে। কে দেবে সহায়তা।

এসব কর্মহীন অসহায় দরিদ্র মানুষের সংকটে পাশে দাঁড়িয়েছেন। প্রখ্যাত রাজনীতিবিদ শহীদ মোশাররফ হোসেন এল.এলবি-এর সহধর্মিনী।

বয়সের ভারে ন্যুজ্ব বেগম মোশাররফ সরকারিভাবে পাওয়া মুক্তিযোদ্ধার ভাতা দিয়ে এবং স্বজন শুভাক্সক্ষীদের সাথে নিয়ে করোনার এই উ™ভুত পরিস্থিতি মোকাবেলা করার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন।

যশোরের হোসেন পরিবারের সকল সদস্য যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিবারের তরফ থেকে মানবিক সহায়তার জন্য নিজেরাই খাদ্য সামগ্রি প্যাকেট তৈরি করছেন। এবং তার নেতৃত্ব দিচ্ছেন সাতাশি বছর বয়সী বৃদ্ধা নারী বেগম মোশাররফ হোসেন।

বেগম মোশাররফ হোসেনের জ্যেষ্ঠ পুত্র মারুফ হোসেন খোকন জানান, অতীতের সব দুর্যোগ দুর্দিনের মত এবারও আমরা কিছু করার চেষ্টা করছি। আর এ কাজে আমাদের প্রেরণা যোগাচ্ছেন আমাদের মা। তাঁর প্রাপ্ত মুক্তিযোদ্ধা ভাতা করোনা ভাইরাসে সহায়হীন হয়ে পড়া অসহায় মানুষদের জন্য তিনি দান করছেন। তিনি আরো জানান, এ পর্যন্ত কয়েকশ’ কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে খাদ্য সামগ্রি। খাদ্য সামগ্রির প্যাকেটে রয়েছে চাল, আলু, লবণ, তেল, পেঁয়াজ, সাবানসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস।

কেশবপুরে অসহায় ২৬শত পরিবারের মাঝে শাহীন চাকলাদারের ইফতার সামগ্রী প্রদান

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন অসহায়  ২৬শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান করেছেন। রবিবার দুপুরে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের নিকট শাহীন চাকলাদারের পক্ষে উক্ত ইফতার সামগ্রী হস্তান্তর করেন তার চাচাতো ভাই যুবনেতা তৌহিদ চাকলাদার ফন্টু। উপজেলা পরিষদ সম্মুখে ইফতার সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক। এসময় ২৬শত পরিবারের জন্য ১৩ শত কেজি তৈল, ১৩ শত কেজি চিনি, ১৩ শত কেজি পেয়াজ, ২৬ শত কেজি ছোলা ও ২৬ শত কেজি চিড়া প্রদান করা হয়।

৩য় দফায় যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন ৫ হাজার ১ শত পরিবারের জন্য চাউল, ডাউল, আলু, পেয়াজ, সাবান, তেল-সহ খাদ্যসামগ্রী প্রদান করেন। এসময় তিনি ৫ হাজার মাস্ক, ১ হাজার তিন শত পিচ হ্যান্ড স্যানিটাইজার ও ১ শত পিপিই প্রদান করেন।

২য় দফায় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন ১৫ শত পরিবারের মাঝে চাউল, ডাউল, আলু, পেয়াজ, সাবান, তেল-সহ খাদ্যসামগ্রী প্রদান করেন।

সর্ব প্রথম কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ১১ হাজার ৯ শত মাস্ক, ১ কার্টুন পিপিই ও ১হাজারটি হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন।

কেশবপুরে এক চিকিৎসকসহ ২ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে এক চিকিৎসকসহ ২ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এঘটনায় ৩ বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাবে কর্মরত একজন ডিপ্লোমা ডাক্তার (৩৫)-এর  করোনা উপসর্গ দেখা দিলে ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। রোববার রিপোর্টে তার করোনা ভাইরাস ধরা পড়ে।

অপরদিকে, উপজেলার সাগরদাড়ী ইউনিয়নের ধর্মপুর গ্রামের এক গৃহবধু সম্প্রতি ভারত থেকে দেশে আসেন। তার করোনা উপসর্গ দেখা দিলে ২১ এপ্রিল তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। রোববার তার শরীরেও করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দুজনই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা প্রশাসন ওই চিকিৎসক ও গৃহবধূর বাড়ি লকডাউন করেছেন। এছাড়াও ওই চিকিৎসকের সংস্পর্শে আসা তার কর্মস্থলের ৭ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়েছে।

ইতিপূর্বে ২৩ এপ্রিল উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ঈমাননগর গ্রামের এক তরুণ করোনা ভাইরাসে আক্রান্ত হন। এনিয়ে কেশবপুরে মোট ৩ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও এক গৃহবধু শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদেরকে হাসপাতালের আইসোলেশনের রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আক্রান্ত দুইজনের বসতবাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান জানান, করোনা আক্রান্ত গৃহবধুর ধর্মপুর বাবা ও আওয়ালগাতী স্বামীর বাড়ী এবং স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের শহরের সাহাপাড়া এলাকার ভাড়া বাড়ি লকডাউন করা হয়েছে।

সাংবাদিক কামরুজ্জামান সরুলিয়ার ২শ পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করলেন

সাতক্ষীরা প্রতিনিধি

বিশ্বব্যাপী নোভেল করোনাভাইরাস মহামারি রূপ নিয়েছে। এটি প্রতিরোধে বাংলাদেশ সরকার ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছে।এতে সরকারি-বেসরকারি অফিস ১০-০১ পর্যন্ত  আদালত বন্ধ, সারা দেশ লকডাউন থাকায় গণপরিবহন থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয়  এবং ঔষধ  ছাড়া দোকানপাট বন্ধ রয়েছে। এতে করে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হতদরিদ্র দিনমজুর পবিবার। খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের  অনেক হতদরিদ্র পরিবার রয়েছে যারা দৈনিক শ্রম বেচে, দিনমজুর, ভ্যান, অটোরিকশা বা মাহিন্দ্র চালিয়ে আবার কেউ বা অন্যের দোকানে কাজ করে সংসার চালান। প্রায় টানা ৩১ দিন এসব পেশার মানুষ তাদের কর্মকা- চালাতে পারছেন না। এতে বিপাকে পড়েছেন তারা। অনেকের অনাহারে দিন যাচ্ছে। সরকার থেকে ত্রাণ পেলেও পাটকেলঘাটার ওভার ব্রিজের নিচের বস্তিবাসী এবং পার্শ্ববর্তী কিছু গ্রামের মানুষের কাছে এটা তেমন কিছু না। কারোর দুই দিন কারোর বা বড়জোর পাঁচ দিন চলে এই ত্রাণ সামগ্রী। বাকি সময়ে তাদের না খেয়ে দিন যাচ্ছে।এ সময় স্থানীয় সাংবাদিক মো. কামরুজ্জামান মোড়ল এগিয়ে এসেছেন। তার ব্যক্তিগত উদ্যোগে দিনে রাতে স্বশরীরে পাটলেঘাটা বস্তি, তৈলকুপি, যুগিপুকুরসহ বেশ কিছু এলাকার দুইশ পরিবারকে তিনি চাল, ডাল এবং আলু বিতরণ করেছেন। সাংবাদিক কামরুজ্জামান বলেন,  এলাকার গরীব দুঃখী হতদরিদ্র অসহায় দিনমজুর  মানুষের পাশে থেকে আজীবন সেবা করতে চাই।

পারুলিয়ায় ৭ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন

কে এম রেজাউল করিম দেবহাটা :

সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি খলিলুল্লাহ ঝড়ুর  উদ্যোগে ও মানবতার কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পারুলিয়ায় ৭ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা  মনিরুজ্জামান মনি এবং মানবতার কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ ।

পারুলিয়ায় বাড়িয়ে যেয়ে রোজাদার বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম

দেবহাটা প্রতিনিধি

দেবহাটার পারুলিয়ায় জমিজমা সংক্রান্ত সমস্যা নিয়ে বাড়িতে যেয়ে রোজাদার এক বৃদ্ধা নারীকে পিটিয়ে গুরত্বর জখম করার ঘটনা ঘটেছে। রবিবার জমি সমস্যা সৃষ্টি হলে এক পর্যয়ে দলবেধে সন্ত্রাসী স্টাইলে ঐ নারীর বাড়িতে যেয়ে তার উপর হামলা করে। হামলায় শিকার ঐ নারী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আহত নারীর ছেলে জানান, তাদের প্রতিবেশীদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ঐ বৃদ্ধা নারীর উপর হামলা করেন। এসময় উত্তর পারুলিয়া সেকেন্দ্রা গ্রামের আজগর আলী ছেলে আরিজুল ইসলাম(৩৩), একই এলাকার ইন্তাজ গাজীর ছেলে হাবিবুল্লাহ(২৩) এবং খোরশেদ আলী ছেলে রিয়জুল ইসলাম(২৭) লাঠিসোঠা দিয়ে তার উপর হামলা চালানোর একপর্যয়ে রক্তাক্ত জখম হলে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে রেখে পালিয়ে যায়। স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায় আহতর পরিবার।

মাটির ব্যাংকে জমানো ১৩ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলো স্কুলছাত্রী

খুলনাঞ্চল রিপোর্ট

জেলা প্রশাসক হামিদুল হকের হাতে মাটির ব্যাংক তুলে দিচ্ছে মাহিদা চৌধুরী শ্রাবন্তী। ছবি: পূর্বপশ্চিম করোনাভাইরাস পরিস্থিতিতে মানবতার ডাকে সাড়া দিয়ে নিজের মাটির ব্যাংকে জমানো ১৩ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে এক স্কুলছাত্রী। রোববার (২৬ এপ্রিল) দুপুরে রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হকের হাতে জমানো টাকা তুলে দেন নগরীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী শ্রাবন্তী চৌধুরী। এ সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টার জন্য জেলা প্রশাসক হামিদুল হক তাকে ধন্যবাদ জানান।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে জেলা প্রশাসক লিখেছেন, ধন্যবাদ শ্রাবন্তী, তোমার এ সহায়তা কোনও ক্ষুধার্ত মানুষের কাজে লাগবে। তোমাকে দেখে মানবতার সেবায় আরও অনেকে উদ্বুদ্ধ হবেন।’

জেলা প্রশাসক হামিদুল হক বলেন, তার এ সহায়তা ক্ষুধার্ত মানুষের সহায়তায় কাজে লাগবে। তার এ ত্যাগ দেখে মানবতার সেবায় আরও অনেকে উদ্বুদ্ধ হবেন। গুণে দেখেছি, ব্যাংকে ১২ হাজার ৭৬২ টাকা ছিল। শ্রাবন্তী জানায়, লকডাউন অবস্থায় বাড়িতেই পড়াশোনা আর টিভি দেখে সময় কাটছে তার। টিভিতে সে খবর দেখছে, অসহায় মানুষের জন্য ত্রাণ তহবিলে অনেকেই অর্থ সহযোগিতা করছেন। সে নিজেও তার মাটির ব্যাংকে জমানো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

শ্রাবন্তী আরও জানায়, সে তার এক চাচার সঙ্গে মাটির ব্যাংকটি নিয়ে এখানে এসেছে। প্রায় এক বছর ধরে সে ব্যাংকটিতে টাকা জমিয়েছে। বিভিন্ন সময় বাবা-মায়ের কাছ থেকে টাকা নিয়ে সে এই ব্যাংকে জমা রেখেছে। শ্রাবন্তীর বাবা রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী। তিনি বলেন, তার মেয়ে যখন মাটির ব্যাংকে জমানো ত্রাণ তহবিলে জমা দেওয়ার আগ্রহের কথা জানায় তখন তিনি উৎসাহ দেন। করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজের মেয়ের এমন আগ্রহ দেখে তিনি অভিভূত।

ঝালকাঠিতে লরির ধাক্কায় মাহিন্দ্রা চালক নিহত, শিশুসহ আহত ৪

খুলনাঞ্চল রিপোর্ট

ঝালকাঠির নলছিটিতে তেলবাহী লরির ধাক্কায় মো. জাকির হোসেন নামের এক মাহিন্দ্রা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মাহিন্দ্রার যাত্রী মিজানুর রহমান, ওবায়দুল ইসলাম, তার স্ত্রী সান্তনা আক্তার ও ১০ মাসের শিশুপুত্র আশ্রাফুল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল মোল্লা জানান, বরিশালগামী লরির সঙ্গে কাঠেরঘর এলাকায় বাকেরগঞ্জগামী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রার চালক ও চারজন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিন্দ্রা চালক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে স্থানীয়রা সাংবাদিকদের জানায়, লরিটি দ্রুত বেগে উল্টোপথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

পিরোজপুরে কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো ছাত্রলীগ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে কৃষকদের ধান কেটে দিলো ছাত্রলীগ। রোববার (২৬ এপ্রিল) উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা গ্রামের ৩ কৃষকের ধান কেটে তা বাড়ি পৌঁছে দেয় উপজেলা ছাত্রলীগ। নাজিরপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপসের নেতৃত্বে সকাল ৯টায় শুরু হওয়া ওই ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকসহ প্রায় শতাধিক ছাত্রলীগ কর্মীরা।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস জানান, আমি সম্প্রতি স্থানীয় ছাত্রলীগের এক কর্মীর মুঠোফোনের মাধ্যমে জানতে পারি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা গ্রামের বর্গা চাষী জাফর শেখ, মিনার শেখ ও মোস্তফা শেখসহ ওই এলাকার প্রায় ৬/৭ জন বর্গা চাষী তাদের আর্থিক সমস্যার কারণে ধান কাটতে পাড়ছে না। পরে ওই সব কৃষকদের কাছে গিয়ে খোঁজ-খবর নিয়ে এ কর্মসূচি হাতে নেই।

স্থানীয় কৃষক মোস্তফা শেখ জানান, জমির ধান পেকে গেছে। তাছাড়া জমিতে পানিও উঠেছে। কিন্তু শ্রমিক সঙ্কটের কারণে জমির ধান কেটে বাড়িতে নিতে পারছিলাম না। ছাত্রলীগের এমন উদ্যোগে আমার ধান কেটে বাড়ি পৌঁছে যাওয়ায় দু:শ্চিন্তা মুক্ত হলাম।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. অনিরুজ্জামান অনিক জানান, কেন্দ্রীয় ছাত্রলীগ ও পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর নির্দেশে আমরা জেলাব্যাপী এ কর্মসূচি চালাচ্ছি। যে সব কৃষক আর্থিক সমস্যার কারণে তাদের ধান কেটে বাড়িতে নিতে পারবেন না তারা আমাদের ফোনে জানালে আমরা সেখানে গিয়ে ওই সব কৃষকের ধান কেটে দিবো।

১২০ টাকার আদা ২৫০ টাকা, অভিযানে সত্যতা

খুলনাঞ্চল রিপোর্ট

একদিকে মহামারি করোনা আর অন্যদিকে রমজানে বাড়তি চাহিদার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়িরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে আমদানিকারক ও আড়তদাররা। রোজার শুরুতেই আদার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। এরমধ্যে আদার দামে লাগাম টানতে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আমদানিকারক ও আড়তদাররা কয়েকগুণ বেশি দামে আদা বিক্রির প্রমাণও মিলেছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান।

জানা যায়, প্রতি কেজি আদার আমদানি মূল্য ৮০ টাকার কাছাকাছি। কমিশন, হাত বদল থেকে শুরু করে নানা প্রক্রিয়া শেষে প্রতি কাজি আদার দাম পড়ে ৯০ থেকে ১২০ টাকার মতো। যা এখন বাজারে ২৫০ টাকার বেশিতে বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, হামিদুল্লাহ মার্কেটে আদার আড়তদার কামাল ব্রাদার্সে অভিযান পরিচালনার সময় আমদানিকারক, আড়তদার এবং ব্রোকারদের কারসাজির মাধ্যমে কয়েকগুণ বেশি দামে আদা বিক্রির প্রমাণ পাই আমরা। প্রতি কেজি আদা সর্বোচ্চ ১২০ টাকায় কিনে ২৫০ টাকায় বিক্রি করছিলেন তারা।

তিনি বলেন, রমজানে বাড়তি চাহিদার সুযোগ নিয়ে দ্বিগুন, তিনগুন বেশি দামে আদা বিক্রি করছিলো কামাল ব্রাদার্স। পেপারলেস মার্কেট তৈরি করে দিনে দিনে আদার দাম বাড়িয়ে বিক্রি করছিলো তারা। এ কারণে কামাল ব্রাদার্সের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নৌবাহিনী কর্তৃক পিপিই ও ইফতার সামগ্রী প্রদান

খবর বিজ্ঞপ্তি

প্রাণঘাতী করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে তাদের টহল অব্যাহত রেখেছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে  জীবাণুনাশক ছিটানো, অসহায় ও দরিদ্রের ঘরে ঘরে ত্রাণ পৌছানোসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে কমান্ডিং অফিসার বানৌজা উপশম এবং পিআরও টু কমখুল কর্তৃক যশোর সিএমএইচ এর চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাজে উৎসাহ প্রদান ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে ১৫০টি পিপিই, ১৫০টি গগলস, ৭৫০টি মাস্ক, ৭৫০ হ্যান্ড গাভস, ০৫টি স্পর্শবিহীন থার্মোমিটার ও ০১টি অটোমেটিক সু ডিসপে›সার এবং তার ১০০০টি রিফিল  উপহার স্বরূপ প্রদান করেন। কমান্ড্যান্ট যশোর সিএমএইচ ব্রিগেডিয়ার জেনারেল  মোর্শেদ রশীদ উক্ত উপহার সামগ্রী গ্রহণ করেন। নৌ ঘাঁটি তিতুমীর কর্তৃক খালিশপুর জংশন রোড এলাকায় বসবাসরত ২০০ গরীব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। এসময় মুদি দোকান ও কাপড়ের দোকান খোলা রাখার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক ছয় হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। নৌ কন্টিনজেন্ট বরগুনা ২৯৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করে। এসময় ৫০টি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সাধারণ জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণের জন্য বাধ্য করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যতিত সরকারের নির্দেশনা অনুযায়ী অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, মংলা বন্দর, মাখরদন, চিলা ও আপাবাড়ি এলাকায় টহল পরিচালনা করে। নৌ কন্টিনজেন্ট মংলা ১০২৩টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করে। এসময় ১০০টি জনসচেতনতামূলক লিফলেট ও ৪০টি মাস্ক বিতরণ করা হয়।

নগরীতে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

সমগ্র বাংলাদেশে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত পরিবারের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টায় দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপি’র উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা, 

নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মো. মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মোল্যা খায়রুল ইসলাম, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, কামরুজ্জামান টুকুু, মোল্যা মোশারেফ হোসেন মফিজ, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, নাজমুল হুদা সাগর, শরিফুল ইসলাম বাবু, আব্দুল মান্নান, মোল্যা কবির হোসেন, মুশফিকুর রহমান অভি, সিরাজুল ইসলাম প্রমুখ।  

তারেক রহমানের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণকালে মঞ্জু:সরকারের ব্যর্থতায় দেশে লাশের সারি দীর্ঘ হচ্ছে

খবর বিজ্ঞপ্তি

দলের নির্দেশে নেতা-কর্মিরা অসহায়, দুঃস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে। সরকারের অনেক নিপিড়ন-নির্যাতনের পরও নিজেদের পকেটের টাকায় সারা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি’র নেতা-কর্মিরা। জনগণের টাকায় কেনা ত্রাণ সরকারি দলের লোকেরা লুটপাট করছে। আওয়ামী লীগের চেয়ারম্যান-মেম্বারদের ঘর থেকে, খড়ের পালা থেকে, খাটের নিচ থেকে ত্রাণের চাল, ডাল, তেল পাওয়া যাচ্ছে। গোটা দেশকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিয়ে দেশ পরিচলানা করবেন জনগণ সেটা মেনে নিবে না। বর্তমান সরকারের দেশের প্রতি, জনগণের প্রতি কতটুকু দায়িত্ব পালন করছে তা আপনরাই বুঝতে পারছেন। কিন্তু আমাদের দেশের সরকার কোন পদক্ষেপ নেইনি, বরং সরকারি দলের লোকেরা আত্মসাৎ করছে, চুরি করে নিয়ে যাচ্ছে, আর তাতে সহযোগিতা করছে সরকার। আবার যারা চুরি করছে তাদের দিয়ে ত্রাণ সহায়তার কথা বলছে। অর্থাৎ চোরকে দিয়ে ঘর পাহারা দেয়ার কথা বলছে। তাহলে এই সরকার দিয়ে দেশের সংকট মোকাবেলা করা যাবে না। মহামারি মোকাবেলা করতে হলে সকলকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে। তা না করে সরকার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। মানুষের জীবন নিয়ে ভেলতে গিয়ে ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে পড়ছে। এদেশের মানুষের লাশের সারি বৃদ্ধি পাচ্ছে।       

গতকাল রবিবার দুপুর ২টায় দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপি’র উদ্যোগে সমগ্র বাংলাদেশে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত পরিবারের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

পরে দুপুর আড়াইটার দিকে নগর বিএনপি’র মানবিক সাহায্যের কর্মসুচির অংশ হিসেবে ২৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আদমপাড়া এলাকায় করোনা ভাইরাসের কারণে গৃহবন্ধি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন নগর বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ।

এসময় উপস্থিত ছিলেন ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, বদরুল আনাম, মেজবাহ উদ্দিন মিজু, শরিফুল ইসলাম বাবু, জাহাঙ্গীর আলম,   মুশফিকুর রহমান অভি, জেসমিন আক্তার প্রমুখ।  

শরণখোলায় ছাত্রলীগ নেতার বাড়িতে চুরি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলার রাজৈর গ্রামে ছাত্রলীগ নেতা আসাদ হাওলাদারের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা সিঁদ কেটে ঘরে ঢুকে প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে গেছে। শনিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, রাতে সিঁদ কেটে চোরেরা তাদের ঘরে প্রবেশ করে। এরপর কৌশলে আলমারি ভেঙ্গে এক লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও তিনটি মোবাইল ফোনসহ প্রায় চার লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। রাত দুইটার দিকে তার ছোট ভাই রুবেল পানি খেতে উঠলে দরজা খোলা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।

শরণখোলা থানার অফিসার ইন চার্জ এস.কে আব্দুল্লাহ আল সাইদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলীম জুট মিল শ্রমিক কর্মচারিদের মধ্যে জেলা প্রশাসকের  খাদ্যসামগ্রী বিতরণ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

প্রাণঘাতি করোনার ভাইরাসের প্রভাবে মিল বন্ধ থাকায় এবং বেতন মুজুরী না পাওয়ায় শ্রমিক পরিবারের মাঝে চরম খাদ্যসংকট দেখা দেয়। এলক্ষ্যে আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রয়াত্ব আলীম জুট মিলের ১৫’শ শ্রমিক কর্মচারীদের মধ্যে রবিবার দুপুর ১২টায় আলীম জুট মিলস মাঠে শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র ও খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আঃ খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা, খুলনা শ্রম অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, খুলনা মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বেগ লিয়াকত আলী,খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, আলীম জুট মিল সিবিএ সাধারণ সম্পাদক সরদার আঃ হামিদ। উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস,মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা জান্নাতুল ফেরদাউস , মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন , শেখ জাকারিয়া, বাবুল রেজা প্রমুখ। মিলের ১ হাজার ৫’শ চার শ্রমিককে ৭ কেজি করে চাল ও সবজির প্যাকেট বিতরণ করা হয়।

খুলনায় সবজির সাথে বেড়েছে ইফতার সামগ্রীর দাম

স্টাফ রিপোর্টার

খুলনায় রমযানের শুরুতে সবজির সাথে বেড়েছে ইফতার সামগ্রীর দাম। গত তিনদিনের ব্যবধানে সবধরনের সবজির দাম কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে পাঁচ থেকে ছয় টাকা। এছাড়া উর্ধ্বমুখি হয়ে উঠেছে চিনি, বেসন, খেসারী ডাল, চিড়া, মুড়িসহ অন্যান্য জিনিসের দাম। করোনা পরিস্থিতিতে এসব পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের ভোক্তারা। নগরীর বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি বেগুন ৬০ টাকা, খিরাই ৪০ থেকে ৫০ টাকা, কাঁচামরিচ ৩০ থেকে ৪০ টাকা, আলু ২৫ টাকা, পটল ৩৫ থেকে ৪০ টাকা, বরবটি শিম ৪০ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া প্রতিকেজি বেসন ৬০ টাকা, খেসারি ডাল ১০৫ টাকা, ছোলা ৭৫ টাকা, চিড়া ৬০ টাকা, মুড়ি ৮৫ টাকা, খেজুর ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ গত তিনদিন আগে প্রতিকেজি বেগুন ৩০ টাকা, খিরাই ২৫ থেকে ৩০ টাকা, কাঁচামরিচ ৩০ টাকা, আলু ২৫ টাকা, পটল ৩০ টাকা, বরবটি শিম ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া প্রতিকেজি বেসন ৫০ টাকা, খেসারি ডাল ৯০ থেকে ৯৫ টাকা, ছোলা ৬৫ থেকে ৭০ টাকা, চিড়া ৫৫ টাকা, মুড়ি ৮০ টাকা, খেজুর ১৫০ টাকা দরে বিক্রি হয়েছে। বয়রা মার্কেটে আসা ক্রেতা বাস্তহারা এলাকার শহিদ ইসলাম বলেন, রমযান মাসের শুরুতেই সবজির পাশাপাশি ইফতার সামগ্রীর দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, প্রায় একমাস ধরে করোনাভাইরাস রোধে হোম কোয়ারেন্টাইনে থাকে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। অথচ এ সময় নিত্যপ্রয়োজনীয় সবধরনের জিনিসের দাম বেড়েই চলেছে। এসব পণ্যের দাম যাতে ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এ ব্যাপারি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

মোংলায় বিশেষ ওএমএস’র আওতায় প্রথম দিন ১০টাকা দরে চাল পেল ২৬০জন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

করোনায় কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়া মোংলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে সরকারের বিশেষ ওএমএস’র চাল বিতরণ শুরু হয়েছে। রবিবার দুপুরে পৌর শহরের টি,এ,ফারুক স্কুল এন্ড কলেজ চত্বরে পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ১০ টাকা দরে জনপ্রতি ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। বিশেষ ওএমএস’র আওতায় রবিবার প্রথম দিনই ১নং ওয়ার্ডের ২৬০জন পেয়েছে ১০টাকা দামের চাল। বিশেষ ওএমএস চালুর প্রথম দিনের চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা সরকারী খাদ্য গুদাম ইনচার্জ মো: মমিনুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন, পৌর কাউন্সিলর জাহানারা চানু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কালাম শিকদার ও সাধারণ সম্পাদক মো: কালাম।

উপজেলা নির্বাহী অফিসার মো: রাহাত মান্নান বলেন, দেশের চলমান করোনা পরিস্থিতিতে কোন মানুষ যাতে না খেয়ে থাকে সেজন্য সরকারের বিশেষ ওএমএস’র আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ১০টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। ওএমএস’র পাশাপাশি বিভিন্ন ত্রাণ সহায়তাও অব্যাহত থাকবে। সরকারের প্রদত্ত সুযোগ-সুবিধা থেকে কেউ যাতে বাদ না পড়ে সেদিকে সার্বক্ষনিক লক্ষ্য রাখা হচ্ছে।

মোড়েলগঞ্জে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করে ২ শতাধিক কৃষি শ্রমিক গেলেন ধান কাটতে

এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ধান কর্তন ও মাড়াইয়ের জন্য বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের ২শতাধিক কৃষি শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করে ধান কাটতে পাঠালেন পুলিশ প্রশাসন।

 রোববার দুপুরে ইউনিয়নের পঞ্চকরণ, খারইখালী ও দেবরাজ গ্রাম থেকে এ শ্রমিকরা নৌ রুটে বরিশালের বানরিপাড়া, মিরেরহাট, গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ বিভিন্ন  উপজেলার হাওড় ও বিল এলাকায়  ধান কাটতে যান তারা । এ নিয়ে তিন দফায় ৪ শতাধিক শ্রমিক গেলেন ধান কাটতে।

প্রাণঘাতি করানোর ঝুঁকি এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নদী পথে এদেরকে পঞ্চকরণের নতুন বাজার লঞ্চঘাট থেকে আনুষ্ঠানিকভাবে ট্রলারযোগে বিভিন্নস্থানে পাঠানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, প্রেসকাবের সহসভাপতি গনেশ পাল, অর্থ ও দপ্তর সম্পাদক এম.পলাশ শরীফ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিপংকর সমদ্দার, ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন, আব্দুল জলিল খান, মিল্টন শেখ মিলু, যুবলীগ নেতা বদিউজ্জামান মজুমদা ও রাজ্জাক খলিফা। 

 এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাম মজুমদার জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় হাওর, বিল এলাকায় ফসল কর্তনে শ্রমিক সংকট নিরাশনের জন্য এ ইউনিয়ন থেকে প্রথম পর্যায়ে ২ শতাধিক শ্রমিক পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে আরো ৭শ’ শ্রমিক পাঠানো হবে।

এ সর্ম্পকে থানা অফিসার ইন-চার্জ কেএম আজিজুল ইসলাম বলেন, বাগেরহাটে এখনো করেনা মুক্ত। তারপরও এসব কৃষি শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। এরা আবার ফিরে আসলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা পুলিশ সুপারের উদ্যোগে এ উপজেলা থেকে গত তিন দিনে ৪শ’ শ্রমিককে পাঠানো হয়েছে। এ উপজেলা থেকে ২ হাজার শ্রমিক পাঠানো হবে।

পাইকগাছায় সোলাদানা ইউপিতে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় পবিত্র রমজান উপলক্ষে সোলাদানা ইউনিয়নে ঘরবন্ধি কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছে। রোববার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বর ও ভিলেজ পাইকগাছায় চেয়ারম্যান এস,এম, এনামুল হক ব্যক্তিগত উদ্যোগে ১৫শ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, খেঁজুর, ছোলা ও মুড়ি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব শেখ মিরাজুল ইসলাম, ইউপি সদস্য ঠাকুরদাস সরদার, আবু সাঈদ মোল্লা, কল্যাণী মন্ডল, জেসমিন আক্তার, সিদ্দিক শিকারী, আবুল কাশেম, আব্দুস সবুর, আনিছুর রহমান, উদ্যোক্তা রাজু আহম্মেদ, মোস্তাক আহম্মেদ, আবুল কালাম, আনারুল ইসলাম, হিরামন, হরিদাস শীল প্রমুখ।

সাতক্ষীরায় করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরায় করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রুগীর সন্ধান পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তির নাম মাহমুদুর রহমান সুমন (৩২) । তিনি পেশায় একজন মেডিকেল টেকনোশিয়ান। আক্রান্ত মাহমুদুর রহমান সুমন শহরের উত্তর কাটিয়া এলাকার আমিনুর রহমানের ছেলে ও যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোশিয়ান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িসহ তার আশেপাশের কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে এবং টানানো হয়েছে লাল পতাকা । তিনি আরো জানান, একই বাড়িতে বসবাসকারী তার বাবা, মা, স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করা হয়েছে। যা পিসিআর ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি প্রতিদিন সাতক্ষীরা থেকে শার্শায় গিয়ে অফিস করতেন। সেখানে তিনি করোনার উপসর্গ নিয়ে যশোর পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করান। আজ সকালে তার মেডিকেল রিপোর্ট পজেটিভ আসে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

স্বামীর পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় কয়রায় স্ত্রীকে হত্যা করেছে স্বামী শরিফুল

কয়রা প্রতিনিধি

কয়রার পল্লীতে স্বামীর পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় স্ত্রী রহিমা কে গলা টিপে হত্যা করেছে শরিফুল। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের আসামী শরিফুল (২৫) পুলিশ রিমান্ডে স্ত্রী রহিমা (২০) কে নিজ হাতে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছে এমন খবর জানার পর এলাকায় নিন্দার ঝড় উঠেছে। ঘটনাটি উপজেলার পূর্ব দেয়াড়া গ্রামে আঃ সাত্তার সানার বাড়ীতে। জানা গেছে ২০ এপ্রিল রাত অনুঃ সাড়ে ১০ টায় শরিফুল বাড়ী ফিরলে স্ত্রী রহিমা স্বামীর পরকীয়ার কথা জানায়। এসময় শরিফুল স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায় রহিমার গলা টিপে ধরে এবং পাশের ঘর থেকে শরিফুলের মা রহিমা বেগম ছুটে এসে ছেলেকে উস্কানী দিয়ে বউ কে মারতে হুকুম দেয়। সূত্র জানায় ঘটনার পর পরই স্ত্রী রহিমা ঘরের মধ্যে শ্বাস কষ্ট শুরু হলে শরিফুল ও তার আত্মীয়রা জায়গীরমহল হাসপাতালে নিয়ে যায়। এ মহুর্তে কর্তব্যরত ডাক্তার রহিমাকে মৃত্যু বলে ঘোষণা করে বলেন, লাশের গলায় চিহ্ন প্রমাণ করে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অতপর শরিফুল পালিয়ে নদী পার হয়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খ্যালি গ্রামে এলাকাবাসীর হাতে ধরা পড়ে এবং কযরা থানা পুলিশ তাকে উদ্দার করে আদালতে ৩ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে পুলিশ হেফাজতে তার স্ত্রী রহিমাকে গলা টিপে হত্যার কথা স্বীকার করে পুলিশ কে জানান, তার সাথে অন্য এক নারীর অবৈধ সম্পার্কের কথা স্ত্রী জানতে পারায় তাকে হত্রা করেছি। এদিকে রহিমার ২০ মাস বয়সের তামিম নামে একটি পুত্র সন্তান আছে। এ ঘটনায় রহিমার পিতা শরিফুল ও তার মা রহিমা বেগম কে আসামী করে কযরা থানায় একটি হত্যা মামলা করেছে যার নং ১০/৭৪ তারিখ ২০/০৪/২০২০ ইং। ঘটনা সম্পার্কে এলাকাবাসী জানায় ঘটনার রাতে অনেক আগে থেকে শরিফুলের পিতা ইট ভাটার শ্রমিক হিসেবে অন্য এলাকায় কাজ করে এবং শরিফুল একজন বকাটে ছেলে। এ ছাড়া সে অন্য নারীর প্রতি আসক্ত থাকার কারনে এমন জঘন্য কাজ করেছে।

সিপিবি ও গণসংগঠনসমূহের প্রতিকী মানববন্ধনে বক্তারা: মানুষকে ক্ষুধার্ত রেখে লকডাউন-কোয়ারেন্টাইন সার্থক তরা সম্ভব নয়

খবর বিজ্ঞপ্তি

শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ, কর্মহীনদের খাদ্য সহায়তা প্রদান, কৃষকদের ধান কাটায় সহায়তা, ত্রাণচোর দের দৃষ্টান্তমূলক শাস্তিসহ বিভিন্ন দাবীতে বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতির উদ্যোগে রবিবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে শারীরিক দূরত্ব বজায় রেখে প্রতিকী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের অংশগ্রহণ করেনÑকমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশীদ, টিইউসি’র জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, ছাত্র ইউনিয়ন বিএল কলেজ শাখার সাধারণ সম্পাদক সোমনাথ দে, মহানগর সংসদের তথ্য-যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক অর্চি দেবনাথ, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (১২১২) দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল, ক্ষেতমজুর সমিতির নেতা নিতাই পাল, টিইউসি নেতা এস এম চন্দন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, হকার্স ইউনিয়নের উপদেষ্টা মিজানুর রহমান বাবু, যুব ইউনিয়ন নেতা অবনী বিশ্বাস, ইনসাব নেতা সোহেল রানা প্রমুখ। বক্তাগণ বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় সর্বদলীয় জাতীয় কমিটি গঠনের জন্য সরকারের প্রতি দাবী জানান। তাঁরা অভিযোগ করে বলেন, এত বড় বিপর্যয়ের সময় সরকারের উচিত ছিলো দলীয় বিভেদ ভুলে মানুষ বাঁচাতে সকল দলের সমন্বিত উদ্যোগ নেয়া। আজ দেশে চলছে ত্রাণ সামগ্রী লুটপাটের নোংরা উৎসব। প্রতি জেলায় সচিব নিয়োগ তারই প্রচ্ছন্ন স্বীকার। এমন সংকটের কালে রাষ্ট্রয়ত্ব পাটকলের ১৪ সপ্তহের মজুরী বকেয়া। দেশের অনেক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাদেরও বেতন বাকী রাখা হয়েছে। নেতৃবৃন্দ চলমান বোরো মৌসুমে ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান কেনার ব্যবস্থা গ্রহণের দাবী জানান। বক্তারা চাল, আলু, ডাল, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ এবং বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবী জানান।   

করোনাভাইরাস মোকাবেলায় নগরবাসীকে আরো সতর্ক থাকার আহবান জানান সিটি মেয়র

তথ্য বিবরণী

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় রবিবার সকালে খুলনার বয়রা শ্রম অধিদপ্তর চত্বরে কর্মহীন প্রায় তিন হাজার ট্রাকশ্রমিকের মাঝে সাত কেজি করে চাল বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে করোনাভাইরাস মোকাবেলায় নগরবাসীকে আরো সতর্ক থাকার আহবান জানান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, একটু ভুলের জন্য আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সরকারের খাদ্যবান্ধব কর্মসুচিতে অনিয়ম হলে তা সহ্য করা হবে না। দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী মজুদ রয়েছে, কোন সংকট হবে না। করোনাভাইরাস প্রতিরোধে সরকার অসহায়, দরিদ্র, দিনমজুর, কর্মহীনসহ সকল পর্যায়ের মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছে। চাল বিতরণকালে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, ট্রাকশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদুসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। পরে খুলনা সিটি মেয়র আলিম জুট মিলসের এক হাজার পাঁচশত ১০ কর্মহীন পাটকল শ্রমিকের মাঝে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান ও সবজিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

যশোরে দুই চিকিৎসক ও ১০ স্বাস্থ্যকর্মীর করোনা

যশোর প্রতিনিধি

যশোর জেলায় নতুন করে ১৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এরমধ্যে দুই চিকিৎসক এবং ১০ স্বাস্থ্যকর্মী রয়েছেন। দুই চিকিৎসকের মধ্যে একজন যশোর জেনারেল হাসাপাতালের এবং অপরজন চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। সব মিলিয়ে বর্তমানে যশোরে করোনা পজিটিভের সংখ্যা ৩০ জন। রবিবার (২৬ এপ্রিল) যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ জানান, হাসপাতালের যে চিকিৎসক করোনা পজিটিভ হয়েছেন তিনি আগে থেকেই কোয়ারেন্টিনে ছিলেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার জানান, চৌগাছা থেকে গতকাল ১৭ জনের নমুনা পাঠানো হয়। এরমধ্যে ১৪টি নমুনা পরীক্ষা করে দুই জন পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে একজন ডাক্তার। তিনি যশোরে তার নিজ বাড়িতে রয়েছেন। এদিকে রবিবার সকাল পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে প্রাপ্ত ফলাফলে যশোরে ৪২টি নমুনা পরীক্ষা করে ১৫টি পজিটিভ পাওয়া যায়।

নড়াইলে দাঁতের টেকনিশিয়ানসহ করোনায় আক্রান্ত ৭

নড়াইল প্রতিনিধি

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাঁতের টেকনিশিয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) ওই টেকনিশিয়ানের শরীরে করোনা সংক্রমণের পজিটিভ রেজাল্ট আসে। এ নিয়ে নড়াইলে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সাত জনে। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসক, দন্ত বিভাগের একজন টেকনিশিয়ান ও হাসপাতালের একজন স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন। এছাড়া লোহাগড়া পৌর এলাকার পারছাতড়া গ্রামে এক যুবক করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস। জানা যায়, করোনা উপসর্গ দেখা দিলে দাঁতের টেকনিশিয়ানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। পরীক্ষা শেষে শনিবার তার শরীরে করোনা সংক্রমণের পজিটিভ রেজাল্ট আসে। এর আগে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসকসহ একজন স্টাফের করোনা উপসর্গ দেখা দিলে, মঙ্গলবার (২১ এপ্রিল) তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। পরীক্ষা শেষে বুধবার (২২ এপ্রিল) তাদের পাঁচ জনের শরীরে করোনা সংক্রমণের পজিটিভ রেজাল্ট আসে।

সিভিল সার্জন জানান, জেলার এ পর্যন্ত মোট ১৬২ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য যশোর পাঠানো হয়েছে। শনিবার সকাল পর্যন্ত মোট ৫২টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার জন চিকিৎসকসহ ছয় জনের করোনাভাইরাসের নমুনা পজেটিভ এসেছে। সর্বপ্রথম গত ১৩ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে জেলার লোহাগড়া উপজেলার পার ছাতড়া গ্রামের ২৫ বছরের এক যুবকের শরীরে করোনাভাইরাস পরীক্ষার ফলাফলে পজিটিভ রেজাল্ট আসে। এ নিয়ে লোহাগড়া উপজেলায় মোট সাত জনের করোনা ভাইরাস শনাক্ত হলো।

মায়ের পর ছেলেও করোনায় আক্রান্ত

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্তের পর তার ছেলেসহ আরও চার জন আক্রান্ত হয়েছেন। বাকি তিন জন হলেন, ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট, ভারত ফেরত এক যাত্রী ও শার্শার দক্ষিণ সীমান্তবর্তী রুদ্রপুর গ্রামের এক বাসিন্দা। রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় এই চার জনের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে তিন জনকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আর একজনকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে ২২ এপ্রিল ওই নারী চিকিৎসকের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত শার্শায় মোট পাঁচ জন করোনায় আক্রান্ত হলেন।

যশোর জেলা লকডাউন ঘোষণা

যশোর অফিস

সোমবার ভোর ৬টা থেকে যশোর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। রবিবার বিকেলে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এই লকডাউন ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।

তবে লকডাউনের মধ্যে জরুরি সেবা কার্যক্রম অব্যাত থাকবে বলে তিনি জানান। বর্তমানেও তা বলবৎ আছে, তবে লকডানে নতুন কী বৈশিষ্ট্য জানতে চাইলে ডিসি বলেন, ‘এটা আসলে একটা ‘পপুলার ডিমান্ড’। এর মধ্য দিয়ে মানুষের চলাচল কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যাবে। যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, রবিবার পর্যন্ত যশোর জেলায় ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে দুজন চিকিৎসক, ৮ জন স্বাস্থ্যকর্মী রয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে ৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের বাড়িতে রেখেই চলছে চিকিৎসা।

সূত্র জানায়, জেলা করোনা ভাইরাস প্রতিরোধ সমন্বয় কমিটির সভা রবিবার যশোর সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার আশরাফ উদ্দিন, করোনা সংক্রান্ত সেনা তৎপরতায় যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল নিয়ামুল হক, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীলিপ কুমার রায়সহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সভা থেকে জেলাকে লকডাউন ঘোষণার পক্ষে মত দেয়া হয়।

বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, যশোরকে লকডাউনের সিদ্ধান্ত হয়েছে; যা সোমবার ভোর ছয়টা থেকে কার্যকর হবে। লকডাউনের আওতায় থাকবে গোটা যশোর জেলা। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দিন দিন বাড়ছে। অথচ কোনোভাবেই মানুষকে সরকারি নির্দেশনা অনুযায়ী শৃঙ্খলার মধ্যে আনা যাচ্ছে না। সেই কারণে আরো কঠোর পদক্ষেপ হিসেবে জেলা লকডাউন করা হচ্ছে। এর আগে যশোরের চৌগাছা শহরকে প্রথম লকডাউন করা হয়। পরে গোটা উপজেলাকে লকডাউনের আওতায় আনা হয়। উল্লেখ্য, এর আগে রবিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনা ভাইরাস পরীক্ষায় যশোর জেলায় আরও ১৪ করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে এই জেলায় রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯-এ।