Home জাতীয় সংসদে এমপি’র ঘুষিতে হাসপাতালে উপজেলা চেয়ারম্যান

সংসদে এমপি’র ঘুষিতে হাসপাতালে উপজেলা চেয়ারম্যান

50

খুলনাঞ্চল রিপোর্ট।।

জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় এক ইউনিয়ন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় এমপি’র ঘুষিতে উপজেলা চেয়ারম্যান আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৬ জুলাই) বিকালে ওই সভা চলাকালে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, ২৬ বছর পর আগামী ২১ জুলাই দেবিদ্বার উপজেলা সম্মেলন হবার কথা। ওই সম্মেলনকে কেন্দ্র করে একটি বৈঠক শনিবার জাতীয় সংসদ ভবনের দ্বিতীয় তলায় পার্লাম্যান্ট মেম্বারস ক্লাবে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কুমিল্লা উত্তর জেলার সভাপতি ম. রুহুল আমিনসহ জেলা এবং উপজেলার প্রায় ২৬ নেতা উপস্থিত ছিলেন। সভার এক পর্যায়ে উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার এলাহাবাদ ইউনিয়ন কমিটি ঘোষণা দেয়ার দাবী তুলেন। এসময় সকল সদস্য এক বাক্যে তা সমর্থন করলে কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রোশন আলী মাষ্টার সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম সরকারকে সভাপতি হিসাবে এবং সাধারন সম্পাদক হিসেবে আক্তারুজ্জামান স্বপনের নাম ঘোষণা করেন। ওই সময় কুমিল্লা-৪ (দেবীদ্বার) এমপি রাজী মোহাম্মদ ফখরুল কমিটি মানি না বলে ঘোষণা দেয়। পাশে বসা দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ কমিটি সুন্দর হয়েছে বলার সাথে সাথেই এমপি উপজেলা পরিষদ চেয়ারম্যানের উপর হামলা করেন। এসময় এমপি ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় আহত চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম সফিকুল আলম কামাল বলেন, একজন সংসদ সদস্যের কাছ থেকে এমন ন্যাক্কারজনক আচরণ আশা করি নাই।

কুমিল্লা কুমিল্লা (উঃ) জেলা সহ-সভাপতি হাজী আব্দুল মতিন মূন্সী বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কার জনক।

কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রোশন আলী মাষ্টার সর্বসম্মতি ক্রমে বলেন, কমিটির কাউন্সিলরদের মতের ভিত্তিতে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা হবে, তবে সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে দেই। এসময় সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম সরকারকে সভাপতি হিসাবে ঘোষণা দেয়ার পর সাধারণ সম্পাদক হিসেবে আক্তারুজ্জামান স্বপনের নাম ঘোষণা শেষ না করতেই এমপি রাজী মোহাম্মদ ফখরুল সাহেব বসা থেকে লাফ দিয়ে উঠে বলেন, আমি এ কমিটি মানি না। এসময় পাশে বসা দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ বলেন বলেন কমিটি সুন্দর হয়েছে। এমনি এমপি সাহেব উপজেলা চেয়ারম্যাকে ঘুষি-কিল মারতে মারতে মেঝেতে ফেলে দেয়। চেয়ারম্যান সাহেব উঠে এমপি সাহেবের উপর চড়াউ হন।

কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাজী আবুল কাসেম সওদাগর বলেন, জাতীয় সংসদে বসে সংসদ সদস্যরা মানুষের জন্য আইন প্রণয়ন করেন আর আমাদের সংসদ সদস্য জাতীয় সংসদে মারামারি করেন।

আর এক উপদেষ্টা এটিএম মেহেদী হাসান জানান, মিটিং এর একেবারে শেষ পর্যায়ে একটি ইউনিয়ন কমিটি ঘোষণা দেয়ার প্রস্তাব করেন উপজেলা আ’লীগ সভাপতি, সবার সম্মতিতে কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করার সাথে সাথে এমপি সাহেব এ অপ্রিতিকর ঘটনা ঘটান।

এব্যাপারে দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করেও কথা বলা যায়নি তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার মুখে আঘাতপ্রাপ্ত হয়ে কথা বলতে পারছেন না।

এ ব্যাপারে কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর সাথে কথা বলার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেনি।

এ ব্যাপারে কুমিল্লা (উঃ) জেলা সাধারণ সম্পাদক হাজী রোশন আলী মাষ্টার আরও বলেন, আমরা বিগত বিএনপি-জামাত জোট সরকারের হাতে ২০০৪ সাল থেকে মার খেয়ে আসছি, এখনো মার খাচ্ছি। এমপি সাহেবের এ জঘন্য আচরনের বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। একজন জাতীয় সংসদ সদস্য একজন উপজেলা চেয়ারম্যানকে এভাবে লাঞ্ছিত করবেন এটা কেউ প্রত্যাশা করেননি।

আগামী ২১ জুলাই উপজেরা সম্মেলন সম্পন্ন করায় কতটুকু আশাবাদী জানতে চাইলে তিনি জানান, সম্মেলনকে বানচাল করতেই আজকের এ ঘটনার জন্ম দেওয়া হয়েছে। যা বিগত ২৬ বছরের পথ অনুসরণীয়।