পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুর শহরের পিটিআই মোড়ে বেপরোয়া গতির একটি প্রাইভেটকার ধাক্কা দেয় জেলা পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবালকে। আসিফ মোটরসাইকেল চালিয়ে কিছুদূর গিয়ে প্রাইভেটকারটির গতিরোধ করে।
এরপর চালককে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে চালক প্রাইভেটকারের পেছন থেকে একটি শটগান বের করে ফিল্মি স্টাইলে লোড করে আসিফের বুকে ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়। পুরো ঘটনার ভিডিওটি পাশের একটি দোকানের সিসি ক্যামেরায় রেকর্ড হয়।
ঘটনাটি ঘটেছে সোমবার (১১ জুলাই) বিকেলে পিরোজপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায়। এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজসহ লিখিত অভিযোগ সদর থানায় দিয়েছেন ভুক্তভোগী আসিফ ইকবাল।
আফিস ইকবাল পিরোজপুর পৌর ছাত্রলীগের সভাপতি। তবে হুমকি দেয়া ব্যক্তির পরিচয় জানা যায়নি।
আফিস ইকবাল জানান, বিকেলে পিটিআই সড়কের পাশে তিনিসহ কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। এ সময় সাদা রঙের নম্বরবিহীন একটি প্রাইভেটকার হুলারহাট থেকে সিও অফিসের দিকে বেপরোয়া গতিতে আসছিল। গাড়িটি পাশ দিয়ে যাওয়ার সময় তার হাতে ধাক্কা লাগে। পরে তিনি মোটরসাইকেল চালিয়ে কিছুদূর গিয়ে গাড়িটির গতিরোধ করেন।
তিনি জানান, এ সময় প্রাইভেটকার চালক নেমে গাড়ির পেছন থেকে একটি শটগান হাতে নিয়ে তার দিকে তেড়ে আসে। কাছে এসেই কোনো কথা বলার আগেই শটগান লোড করে তার বুকে ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। পরে পথচারীরা এগিয়ে এলে শটগানধারী ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত খুলনার দিকে চলে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান জানান, আফিস ইকবাল থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।











































