Home জাতীয় ৯৬ ঘণ্টায় সড়কে ঝরল ৩৯ প্রাণ

৯৬ ঘণ্টায় সড়কে ঝরল ৩৯ প্রাণ

17

খুলনাঞ্চল রিপোর্ট।।

কোথাও ১৮ ফুট, আবার কোথাও ৩৪ ফুট প্রশস্ততার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়ক হিসেবে চিহ্নিত হলেও সিএনজি অটোরিকশা থেকে টমটমের মতো গাড়িগুলো চলছে অবাধে। সোমবার রাতে সেই মহাসড়কের চন্দনাইশ উপজেলার কমল মুন্সির হাট জলুয়ার দীঘিরপাড় এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি বাস। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ছয়জনই মারা যান। আর গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বাসটি উল্টে পাশের খাদে পড়ে আরও অন্তত ১২ জন আহত হন। ঘটনার পরপরই সরেজমিন দেখা যায়, নিহতদের রক্ত ছোপ ছোপ হয়ে আছে সড়কে। মগজ বেরিয়ে পড়ে আছে। মর্মান্তিক এ দুর্ঘটনার পর কোরবানির ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরাদের বহনকারী পরিবহনের ভিড় ছিল সড়কের উভয়দিকে।

এ ছয়জনসহ গত ৯৬ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন জেলায় সড়কে ঝরেছে সেনাসদস্য ও আওয়ামী লীগ নেতাসহ ৩৯জনের প্রাণ। এর মধ্যে টাঙ্গাইলে ৬ জন, গাজীপুরের কাপাসিয়ায় ৩, নোয়াখালীর বেগমগঞ্জে ৩, মুন্সীগঞ্জে ৩, মানিকগঞ্জে ৩, ঢাকার কেরানীগঞ্জে ২, নওগাঁয় ২, রাজবাড়ীতে ২, খুলনায় ১,পটুয়াখালীর বাউফলে ১, রাজশাহীর দুর্গাপুরে ১, বগুড়ার সোনাতলায় ১, মাদারীপুরের কালকিনিতে ১, ময়মনসিংহের গফরগাঁওয়ে ১, যশোরের চৌগাছায় ১, নাটোরের সিংড়ায় ১ ও বরিশালের গৌরনদীতে ১ জন নিহত হয়েছেন।

খুলনা : সোমবার বিকাল ৬টার দিকে নগরীর আরাফাত নগরের ময়ূর ব্রিজের মাঝামাঝি স্থানে বাসের ধাক্কায় আরাফাত হাওলাদার (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহত যুবক নগরীর ৫ নম্বর মাছ ঘাট এলাকার নূরুল হক হাওলাদারের ছেলে। এর আগে রবিবার রাতে নগরীর খানজাহান আলী থানার ডাক্তারবাড়ী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় খাদিজা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়। নিহত খাদিজা বেগম খানজাহান আলী থানার গিলাতলা ২ নম্বর বিহারি কলোনির মো. জামিল আহমেদের স্ত্রী। এছাড়া শনিবার সন্ধ্যায় নগরীর হরিণটানা থানার হোগলাডাঙ্গা মেইন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে মোহাম্মদ রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত রাজু রূপসা উপজেলার আলিমপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

চট্টগ্রাম : পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম জানান, আকিজ সিরিজের একটি বাস কিছুটা মন্থর গতিতে চলা সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পিষে ফেলে। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অপরজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- চন্দনাইশের জোয়ারা এলাকার বিশ্বজিত সেন (৪৫) ও তার স্ত্রী রূপনা সেন (৩৯), রশিদাবাদ এলাকার মো. সাব্বির (১৮), পটিয়ার উত্তর খরনার রেজাউল করিম (৪৫), সিএনজি অটোরিকশা চালক মো. ইসমাইল (৫০) ও চন্দনাইশ গাছবাড়িয়ার শুভ ধর (২৭)।

মহাসড়কে তিন চাকার গাড়িসহ স্বল্পগতির গাড়ি চলাচলে এত কড়াকড়ির পরও তা কেন চট্টগ্রাম-কক্সবাজার মহাড়সকে বাস্তবায়ন করা যাচ্ছে না তা নিয়ে অভিযোগের শেষ নেই যাত্রীদের। ব্যাপক বাঁকবিশিষ্ট অতিসরু এ সড়কটিতে এসব গাড়ি চলাচলের ফলে দূরপাল্লার গাড়ির গতি কমে যায়। ফলে ১৫৬ কিলোমিটারের সড়কটি অতিক্রম করতে গড়ে সাড়ে ৫ ঘণ্টা থেকে ৬ ঘণ্টা সময় লেগে যায়। বেশিরভাগ সিএনজি অটোরিকশার নিবন্ধন নেই। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, টোকেনের মাধ্যমে মাসির চাঁদার ভিত্তিতে তৃতীয় কর্ণফুলী সেতুর দক্ষিণ পাশের মইজ্যার টেক থেকে যাত্রী নিয়ে এগুলো পুরো সড়কেই চলাচল করে।

অভিযোগ প্রসঙ্গে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সম্ভবত এ মহাসড়ক থেকে সিএনজি অটোরিকশা উঠানো যাবে না। এসব গাড়ি চলাচলের পেছনে রাজনৈতিক নেতা থেকে পুলিশ সাংবাদিক প্রভাবশালী মহলের সবাই আছেন। কোনো কোনো সাংবাদিকের নামে ১৫ থেকে ২০টা গাড়ি আছে। পেছনে নাম ও মোবাইল নম্বর দেওয়া আছে। আটক করলে অনেকে থানায় এসে বলে আমার আত্মীয়। এবারের মতো ছেড়ে দেন। এসবের বিনিময়ে ওই সিএনজির মালিক থেকে তারা মাসিক হারে মাসোহারা নেন। অনেক পুলিশও আছে এ কাজে। গাড়ি ধরলে বলেন, আমার এক আত্মীয় ওই জায়গায় থাকে। এটা তার গাড়ি, ছেড়ে দেন।

ওসি মোজাফফর বলেন, বাংলাদেশ নয় সম্ভবত পৃথিবীর সবচেয়ে সরু ও ঝুঁকিপূর্ণ মহাসড়ক হলো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সাপের মতো এত বাঁকা সড়ক পাহাড়েও নেই।

চট্টগ্রাম-কক্সবাজারের সরু মহাসড়কটিতে নিয়মিতই এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটে চলেছে। গত ২১ মার্চ ভোর রাতে লোহাগাড়ার আধুনগরে একটি কাভার্ড ভ্যান একটি কারকে চাপা দিলে কারের চার বন্ধুই ঘটনাস্থলে নিহত হন। এর আগে গত ৮ ফেব্রুয়ারি চকরিয়ার মালুমঘাট ডুলাহাজারা এলাকায় ট্রাকচাপায় একই পরিবারের ৬ ভাই নিহত হন। সরু মহাসড়কটিতে এভাবে নিয়মিতই মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে।

পটুয়াখালী : বাউফল উপজেলায় বাড়ির সামনে হাঁটার সময় মোটরসাইকেলের ধাক্কায় আমির হোসেন বেপারি (৭২) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়। সোমবার বিকাল ৫টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন বেপারি নিজ বাড়ির সামনের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে আসা ভাড়ায়চালিত স্থানীয় মোটরসাইকেল চালক পারভেজ হোসেনের গাড়িতে ধাক্কা খেয়ে তিনি সড়কের পাশে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত ১১টার দিকে বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। আমির হোসেন বেপারি উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

টাঙ্গাইল : টাঙ্গাইলে রাবনা বাইপাস বিক্রমহাটি এলাকায় এসআই পরিবহনের বাস ও সিএনজির সংঘর্ষে খালা-ভাগ্নির মৃত্যু হয়। গতকাল দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এএসআই মো. নবীন হোসেন। নিহতরা হলেন- নাটরের নলডাঙ্গা থানার কাঠুয়াজারি গ্রামের কুদ্দুসের মেয়ে মৌসুমি (৩৫) ও তার ভাগ্নি জামালপুর জেলার চেংকিমারি গ্রামের রেজাউলের মেয়ে রিয়া মনি (৫)।

এর আগে গত শুক্রবার রাতে ধনবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ চারজন নিহত হন। রাত পৌনে ১২টার দিকে জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বানিয়াজান বাসস্ট্যান্ডের সামনের এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামলপুর সদরের তুলসীপুর গ্রামের প্রাণকৃষ্ণ কর্মকারের ছেলে অটোরিকশাচালক বাবুল কর্মকার, রামনগর গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম, তার ছোট ভাই মৃদুল হাসান (১৫) ও একই গ্রামের বজলুল মিয়ার ছেলে হাসান মিয়া (১৯)।

গাজীপুর : কাপাসিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা ও মেয়েসহ তিনজন নিহত এবং দুজন আহত হন। ঈদের আগের দিন শনিবার সকাল ৮টার দিকে কাপাসিয়া উপজেলার রাজেন্দ্রপুর-টোক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মতি মিয়ার ছেলে সেলিম মিয়া, তার ৮ বছর বয়সী মেয়ে সাদিয়া ও একই জেলার কটিয়াদি উপজেলার ভাট্টা গ্রামের রুবেলের স্ত্রী পোশাকশ্রমিক নুরজাহান।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় আলমগীর আলম (৩৮) নামে এক বাইসাইকেল আরোহী মারা যান। তিনি পাটাভোগ ইউনিয়নের মাশুরগাঁও গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র। আলমগীর আলম দুই সন্তানের জনক। একইদিন দুপুর ১টার দিকে মহাসড়কের বেজগাঁও যাত্রীছাউনির সামনে মাওয়াগামী গাংচিল পরিবহনের বাসের পেছনে স্বাধীন এক্সপ্রেসের বাসের ধাক্কায় সুমন (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমন ঢাকার আমিনবাজার এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিনের পুত্র।

গজারিয়া (মুন্সীগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঈদের আগের দিন শনিবার বেলা ১১টার দিকে একটি হায়েস মাইক্রোবাস ইউটার্ন করার সময় দ্রুতগতির কুমিল্লামুখী মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী বাইক থেকে ছিটকে সড়কে পড়েন। তাদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের একজন কুমিল্লা দাউদকান্দি উপজেলার আলমাস আলীর ছেলে রিয়াজ (২২)। অন্যজনের পরিচয় জানা যায়নি। একইদিন দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা এলাকায় ঢাকামুখী সড়কে এলপিজ গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে চালক ও হেলপার অক্ষত থাকেন। একইদিন রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান বাউশিয়া এলাকায় বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় ওমর ফারুক (৬১) নামে এক পথচারী নিহত হন। তিনি কুমিল্লার বুড়িচং থানা এলাকার বাসিন্দা। বাউশিয়া জেএমআই এলপিজি গ্যাস কোম্পানির নিরাপত্তা সেকশনে দায়িত্বে ছিলেন তিনি।

এর আগে ৮ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় কুমিল্লামুখী সড়কে দ্রুতগতির লাল সবুজ নামে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে রিনা (২২) নামে এক নারীসহ ৫ জন আহত হন। রিনা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহী : দুর্গাপুরে ইট বহনকারী ট্রলিকে ওভার ট্রেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ট্রলির নিচে পড়ে এক সেনাসদস্য নিহত হন। শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার ঝালুকা ইউনিয়নের আমগাছি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মেহেদী হাসান (২৪)। তিনি ঝালুকা গ্রামের এনামুল হকের পুত্র।

সোনাতলা (বগুড়া) : সোনাতলা উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে সিনিয়র সাংবাদিক কাজী হাবিবুর রহমান হাবিব নিহত হন। ঈদের আগের দিন শনিবার বিকাল ৫টায় তিন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন শেষে একটি মোটরসাইকেলযোগে সোনাতলা উপজেলা সদরের দিকে আসছিলেন। পথে রানীরপাড়া গ্রামের কেল্লাগাড়ী নামক স্থানে একটি অটোভ্যানের সংঘর্ষে তাদের বহনকারী মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। আহতদের সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। তিনি সোনাতলা সদর ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত ওসমান গণীর ছেলে এবং বগুড়ার দৈনিক মুক্তবার্তা পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি ছিলেন।

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর ফ্লাইওভারে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে গরুবাহী পিকআপ উল্টে তিনজন নিহত এবং গরুর গাড়িতে থাকা অপর দুজন আহত হন। হতাহতরা শরীয়তপুরের বাসিন্দা। শনিবার রাত সাড়ে দশটায় গরুবাহী পিকআপটি পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা যাচ্ছিল।

নিহতরা হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার বোয়ালিয়া গ্রামের ধলু ফকিরের ছেলে লিটন (৩৮) ও ইস্কান্দার ফকিরের ছেলে মনসুর ফকির এবং গাড়ির হেলপার পালং থানার মাদবরকান্দি গ্রামের ইউসুফ ফকিরের ছেলে হাফিজুল (১৯)। দুর্ঘটনায় আহত হওয়ার পরদিন ১০ জুলাই ভোর চারটায় সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে মনসুর ফকিরের মৃত্যু হয়।

নোয়াখালী : ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙা এলাকায় যাত্রীবাহী সিএনজি ও মালবাহী পিকআপভানের সংঘর্ষে সিএনজি চালকসহ ৩ জন নিহত ও একজন আহত হন। ঈদের দির রবিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আদর্শগ্রামের কামালউদ্দিনের ছেলে মো. সোহেল, একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন এবং সিএনজিচালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের লেদু মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন হৃদয়। আহত ফোরকান উদ্দিন বেগমগঞ্জের বাসিন্দা।

নওগাঁ : নওগাঁয় বিআরটিসি বাসচাপায় কছিম উদ্দিন (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হন। গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বরিহার বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কছিম উদ্দিন নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের গাজিপুর গ্রামের কুদরত উল্লাহের ছেলে। এদিকে রাণীনগরে দুই মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাহিন আলম (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হন। ঈদের দিন বিকাল ৬টার দিকে উপজেলার কুজাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হন মোটরসাইকেলে থাকা তার স্ত্রী শিপন বেগম। নিহত শাহিন আলম রাণীনগর উপজেলার সদরের উত্তর রাজাপুর গ্রামের ওসমান মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসাবে রাজশাহী গোদাগাড়ী থানায় কর্মরত ছিলেন।

মাদারীপুর : কালকিনি উপজেলার সমিতিরহাট গাপতলা ব্রিজ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রিফাত বেপারি নামে এক যুবক নিহত ও শাহীন নামে এক কিশোর আহত হয়। ঈদের পরদিন সকাল ১০টার দিকে সমিতির হাট ও চৌরাস্তার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁওয়ে লরি ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপরজন গুরুতর আহত হয়। গতকাল সকালে গফরগাঁও-ভালুকা সড়কে শিবগঞ্জ বাজার এলাকার টাওয়ারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রিফাত। তিনি উপজেলার শিলাসী গ্রামের রইছ উদ্দিনের ছেলে।

চৌগাছা (যশোর) : চৌগাছায় মোটরসাইকেল ও মাইক্রোর সংঘর্ষে মো. স্বাধীন (১৭) নামে এক কিশোর নিহত হয়। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন যশোর শহরের কাঁঠালতলা এলাকার জাহিদুল ইসলামের ছেলে। একই ঘটনায় মো. হাসান (১৬) এবং ইমন (১৭) নামে নিহতের দুই বন্ধু আহত হয়।

রাজবাড়ী : রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় গত সোমবার বাসচাপায় কাজী মুর্তজা আজম জিলানী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এর আগে রবিবার বিকালে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাংশা কৃষি ফার্মের মধ্যে আবু মুসা (২২) নামে এক কলেজছাত্র মারা যান। তিনি পাংশা পৌরসভার আবদুল আজিজের ছেলে ও পাংশা সরকারি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র।

সিংড়া (নাটোর) : সিংড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে হাবিবুর রহমান (৪০) নামের এক মিষ্টি ব্যবসায়ী নিহত এবং সিএনজিচালক গুরুতর আহত হন। সোমবার সকাল ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বাসুয়া জোড়াব্রজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাবিবুর রহমান উপজেলার ইটালী ইউনিয়নের কুমগ্রামের হুসেন আলীর ছেলে।

মানিকগঞ্জ : ঢাকা-পাটুরিয়া মহাসড়কের শিবালয় উপজেলার আড়পাড়া এলাকায় সোমবার বেলা ১১টার দিকে ট্টাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালক আবদুল্লাহ আল আমিন নিহত হন। একই মহাসড়কে ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন জুবায়ের নামে এক কিশোর। এ ছাড়া ঈদের দিন রাতে সিংগাইর-হেমায়েতপুর সড়কের চর নয়াডিঙ্গী এলাকায় গাড়ির চাপায় নিহত হয়েছেন হাজি মিয়া নামে এক যুবক।

বরিশাল : গৌরনদীতে যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির সংঘর্ষে লরির চালক মোক্তার হোসেন ঘটনাস্থলেই নিহত ও গুরুতর আহত হন বাসের ৬ যাত্রী। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর টরকী বাসস্ট্যান্ডে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোক্তার হোসেনের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। দুর্ঘটনার ফলে মহাসড়কে এক ঘণ্টার অধিক সময় যানবাহন চলাচল বন্ধ থাকে।