Home আঞ্চলিক অধ্যক্ষ হেনস্তায় শিক্ষার্থী গ্রেপ্তার, শনিবার খুলছে কলেজ

অধ্যক্ষ হেনস্তায় শিক্ষার্থী গ্রেপ্তার, শনিবার খুলছে কলেজ

14

 

নড়াইল প্রতিনিধি।।

 

নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেনস্তার ঘটনায় এবার প্রতিষ্ঠানটির এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন এ ঘটনায় দায়ের মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান।

এর আগে শনিবার গ্রেপ্তার করা হয় জহিরুল কাজী নামে ওই ছাত্রকে। তিনি সদরের চুনখোলা গ্রামের আফসারুল কাজীর ছেলে ও কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দীর্ঘ ১ মাস পর আগামী শনিবার প্রতিষ্ঠানটিতে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন প্রধান অফিস সহকারী পাইলট খান।

ওসি মাহমুদুর রহমান বলেন, জহিরুল অধ্যক্ষের বিরুদ্ধে আয়োজিত মিছিলের নেতৃত্বে ছিলেন। তবে বয়স কম হওয়ায় তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়নি।

এদিকে ঘটনার দিন নেতিবাচক ভূমিকা রাখায় গত ৬ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২২৯তম সিন্ডিকেট সভায় মির্জাপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক আক্তার হোসেন কিংক এবং নির্লিপ্ততার জন্য কলেজ পরিচালনা পরিষদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গত ১৮ জুন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ছাত্র রাহুল দেব রায় ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়।

এরপর থেকে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী রাহুল ছাড়াও অধ্যক্ষ হেনস্থস্তায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় শাওন, মনিরুল, রিমন, রনি, নূর নবী ও জহিরুলকে কারাগারে পাঠানো হয়েছে।