কুষ্টিয়া প্রতিনিধি ।।
কুষ্টিয়ার স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কুষ্টিয়া। খুনিদের গ্রেফতারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল শেষে শহরের মজমপুর বাসস্ট্যান্ডে রাস্তা অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে গাড়ি চলাচল বন্ধ করে অবস্থান নেন সাংবাদিকরা।
এছাড়া জেলার সব উপজেলায় মানববন্ধর ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। এদিকে সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে ৭ দিনের কঠোর কর্মসূচি ঘোষণা করেছে কুষ্টিয়া প্রেস ক্লাব। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মসূচির মধ্য রয়েছে- রুবেল হত্যায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার না হওয়া পর্যন্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা প্রকাশ হবে না। শুক্রবার সাংবাদিক রুবেলের লাশ দাফন শেষে শহরে বিক্ষোভ মিছিল, শনিবার কুষ্টিয়া মডেল থানার সামনে জেলার সর্বস্তরের সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি পালন, মঙ্গলবার কুষ্টিয়া মডেল থানার সামনে জেলার সর্বস্তরের সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ, বুধবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান এবং বৃহস্পতিবার পুলিশ সুপারে কার্যালয় ঘেরাও করবে জেলার সর্বস্তরের সাংবাদিকরা। এসব কর্মসূচিতে জেলা ও উপজেলার সকল পর্যায়ের সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য কুষ্টিয়া প্রেস ক্লাব নেতাদের অনুরোধ জানান।
কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুর ১২টায় সাংবাদিক রুবেলের দাফন শেষে জেলার সর্বস্তরের সাংবাদিকরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর গোরস্থান থেকে হাসপাতাল মোড় ও র্যাব ক্যাম্প হয়ে মজমপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে সেখানে রাস্তা বন্ধ করে অবস্থান নেন শতাধিক সাংবাদিক।
এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তায় অবস্থান নেওয়ায় কুষ্টিয়া খুলনা ও কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থান করে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা। সমাবেশ থেকে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমকে প্রত্যাহার ও হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- কুষ্টিয়া এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক মজিবুল শেখ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী বাবু, গোলাম মওলা, কুষ্টিয়া প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এ এম জুবায়েদ রিপন, হাসান আলী, জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক বাচ্চু প্রমুখ। সভাটি পরিচালনা করেন কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা।
এর আগে সকালে ময়নাতদন্ত শেষে লাশবাহী গাড়িতে রুবেলের লাশ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বেলা ১১টার দিকে কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে বক্তব্য দেন তার সহকর্মীরা।
বক্তারা বলেন, রুবেলের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। রুবেল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সুনির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে নিহতের পরিবারের অভিযোগ নেই। তাকে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় হবে। আমাদের দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তেবাড়িয়া গ্রামের গোলাম কিবরিয়া ব্রিজের (নির্মাণাধীন) নিচে গড়াই নদী থেকে হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
নিহত রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।











































