সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আমির হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
শুক্রবার রাত ৮ দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমির টেংরাখালী গ্রামের আবুল সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার সময় কথা কাটাকাটির জের বর্তমান ইউপি সদস্য লালটু ও সাবেক ইউপি সদস্য আব্দুল বারির লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষ চলাকালে আমির হোসেনসহ কমপক্ষে ২৫ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিরকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শীদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।









































