স্টাফ রিপোর্টার ।।
নগরীর আড়ংঘাটা থানা এলাকার শালুয়া বাজার মসজিদ এলঅকার ভাড়াবাসায় স্ত্রী রুবী আক্তারকে হত্যার দায়ে স্বামী মাসুদ রানাকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৫ জুলাই) মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেছেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল কালাম আজাদ নথীর বরাত দিয়ে জানান, হত্যাকান্ডের কয়েক মাস আগে মাসুদের সাথে ভিকটিম রুবী আক্তারের বিয়ে হয়। তারা আড়ংঘাটা থানা এলাকার শালুয়া বাজার মসজিদ পাড়া সংলগ্ন জনৈক খুকু মনির বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবার শুরু করে। মাসুদ ভ্যানে করে লেবুর শরবত বিক্রি করতেন। নিহত রুবী আক্তার বাড়িতে দার্জির কাজ করতেন। হত্যাকান্ডের কয়েকদিন আগে রুবী আক্তার জানতে পারেন তার স্বামী অন্যত্র বিয়ে করেছেন। মাসুদ আয় যা করত তার সঠিক হিসেব দিতে পরত না। প্রায়ই এ বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে তুমুল বাকবিতান্ড বাধতে থাকে।
২০১৬ সালের ৩০ মে রাতে এ বিষয়টি নিয়ে তাদের মধ্যে আবারও বিরোধ দেখা দেয়। রাতে তাদের ঝগড়া মিটে যায়। রাতের খাবার খেয়ে উভয়ে ঘুমিয়ে পড়ে। পরেরদিন সকালে রুবি আক্তারের খোঁজ না পেয়ে প্রতিবেশীরা ঘরে খোঁজ নিতে গিয়ে দেখেন তিনি ঘুমিয়ে আছেন। সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। কিন্তু ঘরের একপাশের বেড়া কাটা ছিল। ঘটনার তদন্তে মাঠে নামে পুলিশ । ওই বাড়ির সকলকে জিজ্ঞাসা করে। পরে জানতে পারে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। আর এটাকে কেন্দ্র করে মাসুদ তার স্ত্রী রুবী আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় আড়ংঘাটা থানায় নিহত রুবীর পিতা জবেদ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন যার নং-৪৭। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার।











































