ঢাকা অফিস।।
জাতীয় প্রেসক্লাবের সামনে নিজ শরীরে আগুন দেওয়া কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী আনিসুর রহমানের মৃত্যুর পর গা ঢাকা দিয়েছেন হেনোলাক্সের এমডি নূরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিন।
নিহত গাজী আনিসুরের বড় ভাই গাজী নজরুল ইসলাম জানিয়েছেন, হেনোলাক্সে ঋণ করে ১ কোটি ২৬ লাখ বিনিয়োগ করে তার ভাই। সেই টাকা উদ্ধার করতে না পেরে হতাশাগ্রস্থ হয়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছে।
বিকেলে রাজধানীর পল্টনে হেনোলাক্সের অফিসে গিয়ে দেখা যায় তালা ঝুলছে। পাশে থাকা ট্রাভেলস অফিসে জিজ্ঞেস করলে তারা জানান, মঙ্গলবার সকাল থেকেই অফিস বন্ধ। তারা কোথায় গেছেন জানেন না।
১০ তলা বিল্ডিংয়ের এই জমির মালিক নূরুল আমিন। দুই তলায় একটি ফ্লাটে হেনোলাক্সের অফিস। এই অফিসেই বসেন নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিন। তাঁদের বিষয়ে জানতে বিল্ডিংয়ের অফিস এবং গেটের দারোয়ানদের কাউকে পাওয়া যায়নি। একজন ক্লিনার জানান, দুই দিন ধরে আমিন তাঁর অফিস খোলেন না। সকাল থেকে অনেকেই তাঁকে খুঁজতে এসেছেন। কেন খুঁজতে এসেছেন তা জানেন না ওই পরিচ্ছন্নতাকর্মী।











































