Home আঞ্চলিক পর্যটকদের বরণ করতে প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটা

পর্যটকদের বরণ করতে প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটা

9

খুলনাঞ্চল রিপোর্ট।।
ঈদের ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত কুয়াকাটা। পদ্মা সেতু দিয়ে এ বছর সরাসরি অল্প সময়ে পর্যটকরা সৈকতে আসতে পারবেন। তাই কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীদের আশা এবার একটু বেশি। এরই মধ্যে অধিকাংশ হোটেল মোটেলের অগ্রিম বুকিং শেষ।
সাগর কন্যার মায়াবী রূপ দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক কুয়াকাটায় আসেন। এ বছর পর্যটকদের যাতায়াতে নতুন সুবিধা যোগ করেছে পদ্মা সেতু।

কদিন পরই কোরবানির ঈদ। এই ছুটিতে হাজার হাজার পর্যটক ভিড় করবেন এই সৈকতে। তাই, সব ধরনের আয়োজন এরই মধ্যে শেষ করেছেন পর্যটন ব্যবসায়ীরা। অধিকাংশ হোটেল মোটেলের অগ্রিম বুকিংও শেষ। আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে রেস্তোরাঁগুলো।

পদ্মা সেতু দিয়ে রাজধানী থেকে ভোরে যাত্রা করে দুপুরের আগেই কুয়াকাটা পৌঁছানো যাবে। এরপর দিনভর আনন্দ উল্লাস করে শেষ বিকেলে সূর্যাস্ত দেখে রাতেই আবার ঢাকায় ফিরতে পারবেন পর্যটকরা। পর্যটকদের সব সুবিধা দিতে প্রস্তুতি নিয়ে নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, পর্যটকদের সেবা দেওয়া জন্য পর্যটন মন্ত্রণালয়, ট্যুরিজম বোর্ড যেরকম আমাদের উদ্বুদ্ধ করেছে আমরাও সেই পর্যটকদের সেবা দেওয়ার জন্য সেভাবে প্রস্তুতি নিয়েছি।

সৈকত পরিচ্ছন্নতায় নানা উদ্যোগের কথা জানান পৌর মেয়র। আর ঈদের ছুটিতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার কথা জানায় ট্যুরিস্ট পুলিশ।

কুয়াকাটা পৌরসভা মেয়র আনোয়ার হাওলাদার বলেন, কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের মান উন্নয়নের জন্য হোটেলের থাকার মানোন্নয়নের জন্য, সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সর্বোচ্চ কাজ চালিয়ে যাচ্ছি
পটুয়াখালী সহকারী পুলিশ সুপার ( ট্যুরিস্ট) মোহাম্মদ খালেক বলেন, আমরা সার্বক্ষণিক সকল পর্যটন স্পটে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি এবং পর্যটকদের যেকোনো সমস্যা নিরসনে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে।

পর্যটকদের আবাসনের জন্য কুয়াকাটায় দুই শতাধিক ছোট বড় হোটেল-মোটেল রয়েছে।