Home আঞ্চলিক খুলনা নগরীর পুকুর ঘাট থেকে কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার

খুলনা নগরীর পুকুর ঘাট থেকে কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার

60

স্টাফ রিপোর্টার ।।

নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার আন্দির পুকুর ঘাট থেকে সৈকত (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৯ জুন রাত দেড়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত. কিশোর ওই এলাকার বকুল বাগান গলি এলাকার নুর ইসলামের ছেলে।

সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, বুধবার বিকেল ৪টার দিকে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সৈকত। বিকেল পার হয়ে সন্ধ্যা পার হলেও সে বাসায় না ফেরার কারণে বিভিন্ন স্থানে খোঁজ নেয়ার পর এলাকায় মাইকিং করা হয়। পরে কিশোরের মা বাবা সোনাডাঙ্গা থানাকে বিষয়টি অবগত করে। সৈকতের পরিবারের সাথে সোনাডাঙ্গা থানা পুলিশ তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকে। পরে আন্দির পুকুরঘাট এলাকায় কিশোরের লাশ পাওয়া গেছে বলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ রাত দেড়টার দিকে আন্দির পুকুর ঘাট থেকে তার লাশ উদ্ধার করে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. নাহিদ মৃধা সৈকতের বাবার বরাত দিয়ে জানান, ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল। মাঝেমধ্যে শরীরের কাপুনি দেখা দিত। বর্তমানে মৃতদেহটি খুমেক হাসপাতালের লাশঘরে আছে। প্রয়োজনীয় আইন প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২৯৭ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর চিত্রালী সুপার মার্কেট এলাকার কাজী জিন্নাত আলীর ছেলে মো. জুবায়ের কাজী (২০) ও মো. শাহ আলম এর ছেলে মো. হাসিবুর রহমান নাদিম (২০) এবং রূপসা থানার বাগমারা গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. মনিরুজ্জামান মনির ওরফে টিটু (৩৯)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ২৯৭ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।