স্টাফ রিপোর্টার।।
খানজাহান আলী থানার মাত্তমডাঙ্গা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনজীর আহমেদ ওরফে মুনজীর হত্যা মামলার দু’আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম করাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেছেন। এ ছাড়া বিস্ফোরক মামলায় ওই দুই আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ মামলার অপর ৬ আসামিকে দোষ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দু’আসামি হলেন খানজাহান আলী থানার গিলাতলা ১ নম্বর কলোনির আনোয়ার হোসেন ও একই এলাকার মো. আশ্রাফ আলী। খালাস প্রাপ্তরা হলেন বাদশা শেখ, মো. সোহেল, মো. রুবেল, মেজবাহ উদ্দিন মুকুল, মো. আহাদ ও একেন্দার ওরফে এসকেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এ ছাড়া চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে মো. দাউদ, মো. মঈন ও নেয়ামুল ইসলাম কুটি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ মামলার অপর আসামি আরিফুর রহমানকে রাজনৈতিক বিবেচনায় ৪৯৪ ধারায় আগেই মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।
আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ নথীর বরাত দিয়ে জানান, ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মুনজির মাস্টার মাত্তমডাঙ্গা যুব সংঘের ভেতরে গিয়ে অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলতে থাকেন। রাত সোয়া ৯টার দিকে প্রধান ফটক দিয়ে কয়েকজন সন্ত্রাসী যুব সংঘের ভেতরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে একের পর এক বোমা নিক্ষেপ করতে থাকে। এর মধ্যে দুটি বোমা মুনজির মাস্টারের হাতে-পিঠে লাগে। মারাত্মক জখম অবস্থায় যুব সংঘের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত ১টার দিকে তিনি মারা যান। তবে মারা যাওয়ার আগে তিনি ভাই বেনজীর আহমেদের কাছে ঘটনার বিবরণ দিয়ে যান। জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে নিহতের ভাই বেনজীর আহমেদ অজ্ঞাত পরিচয় আসামিদের নাম উল্লেখ করে হত্যা ও বোমা বিস্ফোরণের ঘটনায় থানায় দুটি মামলা করেন। হত্যা ও বিস্ফোরক মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন খানজাহান আলী থানার এসআই ফারুকুল ইসলাম। তিনি একই বছরের ১২ ডিসেম্বর বোমা ও ২০০৬ সালের ৩০ জুন হত্যার ঘটনায় মোট ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, নিষিদ্ধ সংগঠনের আসামিরা হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব কাজের বিরোধিতা করায় মুনজির মাস্টারকে হত্যা করা হয়, যা কয়েকজন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি কে এম ইকবাল হোসেন ও এপিপি কামরুল ইসলাম জোয়ার্দার।











































