Home আঞ্চলিক ঘুমন্ত অবস্থায় ব্যবসায়ীকে কুপিয়ে খুন, ২ জনের পা বিচ্ছিন্ন

ঘুমন্ত অবস্থায় ব্যবসায়ীকে কুপিয়ে খুন, ২ জনের পা বিচ্ছিন্ন

15

নড়াইল প্রতিনিধি ।।

নড়াইলের কালিয়ায় কামরুল শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার পুরুলিয়া গ্রামে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত কামরুল শেখ উপজেলার পুরুলিয়া গ্রামের মৃত. রশিদ শেখের ছেলে। তিনি চাঁচুড়ী বাজারের একজন জুতার ব্যবসায়ী ছিলেন। পুলিশ এ ঘটনায় সঙ্গে জড়িত থাকায় জামাল হোসেন নামে একজনকে আটক করেছে।

একই ঘটনায় জাকির শেখ (৫৫) ও মানছুর শেখকে (৩৮) কুপিয়ে পা বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া সবুর শেখ (৬০), মঞ্জুর শেখ (৪২) ও ইমরুল শেখের (৩৫) অবস্থাও গুরুতর। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীরা একটি গরুকেও কুপিয়ে মারাত্মভাবে আহত করেছে।

নিহতের চাচাতো ভাই মারুফ শেখ জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিকট শব্দে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। এ সময় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হালিম গাজী, আলিম গাজী, আজাদ গাজী, সেলিম শিকদার, মিশান শিকদারসহ একদল দুর্বৃত্ত কামরুল শেখের বাড়িতে হামলা করে। এ সময় হামলাকারীরা কামরুল শেখের শোবার ঘরের দরজা ভেঙে ঢুকে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক আহত করে। তখন বাড়ির এবং আশপাশের লোকজন ছুটে আসলে তাদেরও কুপিয়ে রক্তাক্ত জখম করে হামলাকারীরা। আহতদের দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালের নিয়ে যাওয়ার পথেই কামরুল শেখের মৃত্যু হয়।

আহত অন্যদের প্রথমে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত কামরুলের বোন মাছুরা বেগম বলেন, আমার ভাই ঘুমিয়ে ছিল। ওরা ঘরের মধ্যে এসে কুপিয়ে আমার ভাইকে মেরে ফেলল। সে বিদেশে যাবে বলে পাসপোর্ট-ভিসা প্রস্তুত করেছিল। কিন্তু তার আর বিদেশ যাওয়া হলো না। তার ছোট দুইটা ছেলে-মেয়ে রয়েছে। এখন তাদের দেখবে কে?

এ বিষয়ে কালিয়া থানার ওসি তাসমীম আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের আটকে অভিযান চালানো হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় জামাল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।