স্পোর্টস ডেস্ক।।
২০১৯ সালের পর প্রথমবার উইম্বলডন খেলতে নেমে জয় পেলেন রাফায়েল নাদাল। প্রথম রাউন্ডে আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্দলোকে ৬-৪, ৬-৩, ৩-৬, ৬-৪ গেমে হারান এই স্প্যানিশ কিংবদন্তি।
এবছর তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে ৩৬ বছর বয়সী নাদাল প্রথম দুই সেট জয়ের পর তৃতীয় সেট হেরে যান। তবে চতুর্থ সেট জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন।
ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যামের আশা থাকা নাদাল এই বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জিতেছেন। বর্তমানে রেকর্ড ২২টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই তারকা ট্রফি আরও বাড়ানোর দিকে ছুটছেন।
এদিকে নারী এককে প্রথম রাউন্ডে অঘটনের শিকার হয়েছেন সেরেনা উইলিয়ামস। ফ্রান্সের হারমনি ট্যানের বিপক্ষে ৭-৫, ১-৬, ৭-৬ (১০-৭) হেরে বিদায় নেন যুক্তরাষ্ট্রের তারকা।
আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার ইয়ানা ফেটকে ৬-০, ৬-৩ গেমে হারান এক নম্বর খেলোয়াড় শিয়াওতেক। পোলিশ তারকার এটি টানা ৩৬তম জয়। তিনি ছাড়িয়ে গেলেন ভেনাস উইলিয়ামসের সবচেয়ে বেশি টানা ৩৫ জয়ের রেকর্ড।











































